ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হংকং সফরে শুভসূচনা করেছে জিপি-বিসিবি ক্রিকেট একাডেমি। তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ই পেয়েছে তারা। বৃহস্পতিবার হংকং ক্রিকেট ক্লাব মাঠে তারা হংকংয়ের জাতীয় দলকে হারিয়েছে ৭১ রানে।
টস জিতে স্বাগতিকরা একাডেমি দলকে ব্যাটিংয়ে পাঠালে তারা নির্ধারিত ৪৮ ওভারে ৯ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। প্রতিপক্ষের সামনে সম্মানজনক সংগ্রহ গড়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার ইমরুল কায়েস এবং নাঈম ইসলাম। ইমরুল ৮০ রান করে আউট হয়ে গেলেও নাঈম অপরাজিত ছিলেন ৫৯ রানে। এছাড়া নাজিমউদ্দিন ২৮ এবং মোশাররফ হোসেন রুবেল ৩৮ রান করেন।
ব্যাটে-বলে এই ম্যাচটা দারুণই কেটেছে মোশাররফের। কারণ এরপরে হংকংকে ৮ উইকেটে ২০০ রানের বেশি তুলতে না দেওয়ায় তার বাঁ হাতি স্পিনের অবদান অনেক। ৩৬ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ তার অফস্পিনে ৪৮ রানে নিয়েছেন ২ উইকেট। এমনিতেই বড় টার্গেট হংকংয়ের জন্য আরো বড় হয়ে যায় স্লো ওভার রেটের কারণে তাদের ৩ ওভার কেটে নেওয়ায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন মুনির।
সিরিজের পরের দুটো ম্যাচ ২৫ ও ২৬ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২০ঘ.
bdnews24