অ্যাডিলেড, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্থ-বিজয়ের আনন্দ ম্লান হতে না হতেই বিতর্কের আবর্তনে ভারতীয় ক্রিকেট! এবং সেটা যথারীতি দল নির্বাচন নিয়ে। আগামী ৩ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক বা সিবি সিরিজের জন্য ঘোষিত দল নিয়ে ভারতের মিডিয়া এখন বেশ উত্তপ্ত। বিশেষ করে সৌরভ গাঙ্গুলীর বাদ পড়া মেনে নিতে পারছে না তার শহর কলকাতার সাংবাদিকসহ বহু মানুষই। কোনো কোনো পত্রিকার ধারণা দল নিয়ে বিতর্কের জের ধরে 'টিম ইন্ডিয়া'র ঐক্যে ফাটল ধরতে চলেছে। তবে এই ধারণা একেবারে উড়িয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের ওয়ানডে অধিনায়কের দাবী সিবি সিরিজের দল নিয়ে তাদের নিজেদের মধ্যে কোনো ক্ষোভ বা হতাশা নেই। দলের ঐক্য নিয়েও তার মনে কোনো সংশয় নেই।
সৌরভের বাদ পড়া অবশ্য বিতর্কের জন্ম দিতে বাধ্য। ২০০৭ পঞ্জিকাবর্ষে ৩২টি ওয়ানডে খেলে ৪৪ দশমিক ২৮ গড়ে ১২৪০ রান করেছিলেন 'প্রিন্স অফ কলকাতা'। এমন পারফরম্যান্সের পর তার দলে না থাকায় ভারতের বিশেষ করে কলকাতার মিডিয়ার ক্ষুব্ধ হওয়ারই কথা। তা তারা হচ্ছেও। তবে একই সঙ্গে দলের মধ্যে ফাটল ধরা নিয়ে যে গুজব রটেছে সে সম্পর্কে ধোনি ভীষণ বিরক্ত, "আমার মনে হয় আমাদের চেয়ে সাংবাদিকদের ওপরেই এটা বেশি প্রভাব ফেলেছে।" তার পর জানিয়েছেন পার্থের সুখস্মৃতি নিয়ে দলের প্র্যাকটিস শুরু করার খবর, "আমরা প্র্যাকটিসে ফিরেছি, আজ (মঙ্গলবার) সকালেও প্র্যাকটিস করেছি। এটা (সিবি সিরিজের দল) আমাদের ওপরে কোনো প্রভাবই ফেলেনি। এই মুহূর্তে আমাদের দলটা খুবই সুখী।" এই সুখী দলটার এখন একটাই লক্ষ্য, অ্যাডিলেডে জিতে সিরিজটা ড্র করা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথা পরোক্ষে জানাতেও ভুললেন না ধোনি, "(এই সিরিজে) আমরা ভালো খেলেছি। অস্ট্রেলিয়ায় এসে তাদেরকে সহজে জিততে না দেয়াটা আমাদের জন্য একটা নৈতিক বিজয়ই হবে।"
তবে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দিতে রাজি নন ভারতের ওয়ানডে অধিনায়ক। এই ম্যাচে ভারতের পাঁচ জন স্পেশালিস্ট বোলার খেলানোর গুঞ্জন সম্পর্কেও সরাসরি কিছু বলেননি তিনি, "পাঁচ জন বোলার নিয়ে খেলার অর্থ হলো এক জন ব্যাটসম্যানকে বিসর্জন দেয়া। টেস্ট দলে বেশি বোলার থাকা সব সময়ই খুব আনন্দদায়ক। কারণ আপনারা জানেন প্রত্যেক বোলারেরই উইকেট নেয়ার ক্ষমতা আছে। পাঁচ জন বোলার থাকা সত্যিই খুব সাহায্য করবে আমাদের। কিন্তু তার জন্য অন্য অনেক ব্যাপারেও আপোস করতে হবে। আমরা এখনো (অ্যাডিলেডের) উইকেট দেখিনি। দলের থিঙ্ক-ট্যাঙ্ক ও ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে এ সম্পর্কে।"
অ্যাডিলেড ওভালের ফ্ল্যাট উইকেটে স্পিনাররা সাধারণত টার্ন পায় বলেই হরভজন সিংয়ের ভারতের প্রথম একাদশে থাকার আভাস পাওয়া যাচ্ছে। তবে সেটা যে এখনো নিশ্চিত নয় তা তো ধোনির কথাতেই পরিষ্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/ওআরপি/১৬৫০ঘ.
bdnews24