ঢাকা, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্রাদার্স মামলা প্রত্যাহার করে নেওয়ায় প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগ শুরুতে কোনো বাঁধা ছিল না। তবুও ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) চাইছিল ক্লাবগুলোর সঙ্গে বসেই দলবদল এবং লিগ শুরুর তারিখ চূড়ান্ত করতে। সোমবার ক্লাবগুলোর সঙ্গে সভায় এর সবকিছুই হয়েছে। ঠিক হয়েছে ৩, ৪ ও ৫ ফেব্র"য়ারি হবে প্রিমিয়ার ও প্রথম বিভাগের ক্রিকেটারদের দলবদল। এরপর ১৩ ফেব্র"য়ারি থেকে প্রিমিয়ারের দলগুলোকে নিয়ে শুরু হওয়ার কথা টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট। সম্ভব হলে এর আগে থেকেই শুরুর ছাড়পত্রও ক্লাবগুলোর কাছ থেকে নিয়ে রেখেছে সিসিডিএম। আর ১ মার্চ কিংবা সম্ভব হলে তার আগে থেকেই মাঠে গড়াবে প্রিমিয়ারের ওয়ানডে প্রতিযোগীতাও। সভাশেষে ঘোষণা করা হয়েছে ২১ জন ক্রিকেটারের পুলও। এখান থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে একেকটি ক্লাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সভায় গৃহীত এসব সিদ্ধান্তের কথা।
পুল থেকে সর্বোচ্চ তিনজনকে দলভুক্ত করার নিয়মটা যেমনি পুরনো তেমনি পুরনো লিগে বিদেশী ক্রিকেটার অন্তর্ভূক্তির বিষয়টাও। আগের মতো তিনজন করে ভিনদেশী ক্রিকেটারকে রেজিষ্ট্রেশন করানো যাবে। কিন্তু খেলতে পারবেন মাত্র একজন। আর প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি টুয়েন্টি লিগে কোনো বিদেশী ক্রিকেটার খেলানো যাবে না। সভায় প্রথম বিভাগ লিগ শুরুর তারিখও ঠিক হয়েছে। সেটি শুরু হবে ১৫ ফেব্র"য়ারি থেকে। প্রিমিয়ার লিগের টুয়েন্টি টুয়েন্টি এবং ওয়ানডে শুরুর তারিখ ঠিক করার সময় মাথায় রাখা হয়েছিল ২৬ ফেব্র"য়ারি শুরু হতে যাওয়া ইন্দো-বাংলা গেমসের কথাও। দুই বাংলার এই গেমসে ক্রিকেটও আছে। সেটার কারণে প্রিমিয়ার লিগ যাতে বাঁধাগ্রস্ত না হয়, সেভাবেই নির্ধারিত হয়েছে তারিখ। টুয়েন্টি-টুয়েন্টি টুর্নামেন্ট ফেব্র"য়ারির শেষ সপ্তাহের আগেই শেষ হয়ে যাওয়ার কথা। আর ওয়ানডে ১ মার্চ থেকে শুরু হলে তার আগেই হয়ে যাবে ইন্দো-বাংলা গেমসের তিনটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ। এখানে পশ্চিম বাংলার দলটির মান দেখেই স্থানীয় দল ঠিক করা হবে বলে জানিয়েছেন একইসঙ্গে সিসিডিএম এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু।
সভায় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েও আলোচনা হয়েছে। ক্লাবগুলো স্বাভাবিকভাবেই যতো বেশি সম্ভব তাদের সার্ভিস পেতে চেয়েছে। সেই ব্যবস্থা করা হয়েছে বলেই জানিয়েছেন লিপু, "২২ মার্চের পর থেকে জাতীয় দলের খেলোয়াড়রা প্রিমিয়ার লিগ খেলতে পারবে। এরপর তো এপ্রিলের পুরোটাই পাবে ওরা। আমার মনে হয় সাত-আটটা ম্যাচ ওরা খেলতে পারবে।" দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলে দেশে ফিরে যাওয়ার দিনই (১৫ মার্চ) আসছে আয়ারল্যান্ড। তাদের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হয়ে যাবে ২২ মার্চের আগে। তারপরও বিসিবি একাদশের সঙ্গে দুটো চারদিনের ম্যাচ খেলার কথা আছে আইরিশ দলটির। ক্লাবগুলোর দাবি ছিল ওই ম্যাচগুলোতে যাতে জাতীয় দলের কোনো ক্রিকেটারকে ডাকা না হয়। সিসিডিএম তা মেনে জানিয়ে দিয়েছে, বিসিবি একাদশ গড়া হবে অনুর্ধ্ব-১৯ ও জিপি-বিসিবি একাডেমী স্কোয়াডের ক্রিকেটারদের সমন্বয়ে।
গত মৌসুমে প্রিমিয়ারের শীর্ষ ছয় দলকে ৫ লাখ এবং পয়েন্ট তালিকার শেষ ছয় দলকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা আগেই জানিয়েছিল সিসিডিএম। এদিনের সভায় তা বাড়িয়ে ১০ ও ৫ লাখ করার অনুরোধ করেছে ক্লাবগুলো। সিসিডিএম তা প্রত্যাখ্যান না করে ক্লাবগুলোর অনুরোধ বিসিবি সভাপতির কাছে পৌছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যারা বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলেছেন, তাদেরকেই পুলভুক্ত করা হয়েছে। তাই বিসিবির চুক্তিভুক্ত ২২ জনের মধ্য থেকে পুলে ঠাঁই হয়নি দু'জনের- নাজমুল হোসেন এবং জুনায়েদ সিদ্দিকী। নাজমুল তার শেষ ওয়ানডেটি খেলেছিলেন ২০০৬ সালের ২২ ফেব্র"য়ারি বগুড়ায়। শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচে জিতেছিল বাংলাদেশ। আর জুনায়েদ এর মধ্যে টুয়েন্টি টুয়েন্টি ইন্টারন্যাশনাল খেললেও ওয়ানডে অভিষেক হয়েছে তার এই তো সেদিন নিউজিল্যান্ডে। গত মে'তে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার সুযোগ পাওয়া মোহাম্মদ শরীফই একমাত্র ক্রিকেটার যিনি বিসিবির চুক্তিতে না থেকেও পুলে আছেন।
পুলভুক্ত ক্রিকেটার যারা : মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, আফতাব আহমেদ, শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, খালেদ মাসুদ, জাভেদ ওমর, মোহাম্মদ রফিক, তুষার ইমরান, ফরহাদ রেজা, এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, রাজিন সালেহ, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ শরীফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.
bdnews24