অ্যাডিলেড, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার আধিপত্য কি শেষ হওয়ার পথে? প্রায় এক দশক ধরে নিজেদের 'অপরাজেয়' হিসাবে প্রতিষ্ঠিত করা দলটি কি এখন বিপর্যয়ের সম্মুখীন? পার্থ টেস্টে ভারতের কাছে ৭২ রানে পরাজয়ের পর খোদ অস্ট্রেলিয়াতেই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে! যদিও এসব শঙ্কা বা গুঞ্জন কোনোটাই মেনে নিতে রাজি নন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ম্যাথু হেইডেন থেকে শুরু করে মাইক হাসি পর্যন্ত প্রত্যেকের বিশ্বাস পার্থের পরাজয় শুধুই একটা দুর্ঘটনা। এবং সেই দুর্ঘটনার আবরণে মোড়া দুঃস্মৃতিকে পেছনে ফেলে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টে তারা ঘুরে দাঁড়াতে উন্মুখ।
হ্যামস্ট্রিং ইনজুরির জন্য পার্থে খেলতে পারেননি হেইডেন। অস্ট্রেলিয়ার বহু জয়ের নায়কের যন্ত্রণা তাই সহজেই অনুমেয়। সোমবার অ্যাডিলেডে পৌঁছানোর পর শ্রেষ্ঠত্ব হাতছাড়া হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে হেইডেনের দৃঢ়তায় ভরা মন্তব্য, "আমরা যখন সেরা খেলাটা খেলি তখন বিশ্বের অন্য কোনো দল আমাদের ধারে-কাছেও আসতে পারে না। এই সপ্তাহে আমাদের রাডারে কিছুটা সমস্যা হয়েছে ঠিকই কিন্তু তাই বলে এক মিনিটের জন্যও সন্দেহটা আমার মনে উদয় হয়নি। আগামী টেস্ট ম্যাচের প্রস্তুতিতেও পরাজয়টা আমাদের মনে কোনো বিরূপ প্রভাব ফেলেনি।" অন্যদিকে পার্থের হোঁচটকে নিছক দুর্ঘটনা হিসাবে দেখতেই হেইডেন আগ্রহী, "সত্যিই এটা অবিশ্বাস্য। কারণ সপ্তাহ দেড়েক আগেও অস্ট্রেলিয়ার প্রাধান্যর জন্য ক্রিকেটকে একঘেয়ে বলে মনে হচ্ছিল অনেকের কাছে। কিন্তু আমার মতে এটাই হলো খেলাধূলার অতিনাটকীয় প্রকৃতি।"
অ্যাডিলেড টেস্টের জন্য নিজেকে ফিট ঘোষণা করা হেইডেনের কথায় স্পষ্টই দার্শনিকতার প্রতিচ্ছবি। মাইক হাসিও এখন দুঃখ ভোলার আশ্রয় খুঁজতে দার্শনিকতার দিকে ঝুঁকতে চাইছেন,"এটাই ক্রিকেট। এখানে প্রত্যেক ম্যাচে আপনি জিততে পারবেন না।"
২১ টেস্টের ক্যারিয়ারে ঈর্ষণীয় ৮০ দশমিক ২২ গড়ের মালিক হাসিকে পার্থেই প্রথমবারের মতো শূন্য রানে আউট হওয়ার লজ্জা পেতে হয়েছে। তবে পরাজয় এবং টেস্টে প্রথম 'ডাক'এর দুঃখ ভুলতে মরিয়া এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ভুল থেকে শিক্ষা নিয়ে অ্যাডিলেডে ভালো করার ব্যাপারে প্রত্যয়ী, "হেরে যাওয়া খুবই হতাশাজনক। তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের দলের সবচেয়ে ভালো ব্যাপার হলো আমরা সবাই খুবই ইতিবাচক মনোভাবাপন্ন। হয়তো আমাদের আরেকটু কঠিন পরিশ্রম করতে হবে, আরো ভালো প্রস্তুতি নিতে হবে। আরো বেশি দৃঢ়সংকল্পও থাকতে হবে এই টেস্টের জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩৫ঘ.
bdnews24