২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিভেজা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন ডুমিনি

টানা বৃষ্টির পর মাঠ শুকোতেই অনেকক্ষণ। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে তাই ৩৬ ওভারের ম্যাচ খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ১৭৫ রানে। জবাবে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এ জেতায় ভূমিকা রেখেছেন জাঁ-পল ডুমিনি অপরাজিত ৭৯ রানের দুর্দান্ত ইনিংসটি দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

সেঞ্চুরিয়ন, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা বৃষ্টির পর মাঠ শুকোতেই অনেকক্ষণ। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে তাই ৩৬ ওভারের ম্যাচ খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ১৭৫ রানে। জবাবে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এ জেতায় ভূমিকা রেখেছেন জাঁ-পল ডুমিনি অপরাজিত ৭৯ রানের দুর্দান্ত ইনিংসটি দিয়ে। বিদায়ী সিরিজে যথারীতি সামনে থেকেই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন শন পোলক। ৭ ওভার বল করে ১৯ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন ড্যারেন সামি, ৪১ রান করেছেন রুনাকো মর্টন। সপ্তম উইকেটে ৬৯ রানের জুটি গড়েছেন দুজন। এর আগে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিলো ক্যারিবিয়ানরা। মর্টনকে রান আউট করে এই জুটি ভেঙ্গেছেন পোলক। শেষ ওভারে এসে রান আউট হয়েছেন রবি রামপাল (২) ও সামি। এরপর ড্যারেন পাওয়েলকে (০) বোল্ড করে ইনিংসের যতি টেনেছেন ডেল স্টেইন। জবাবটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও। ৪ রানেই দুই ওপেনার গ্রায়েম স্মিথ (১) ও অ্যাবি ডি ভিলিয়ার্সকে (২) হারিয়েছে তারা। ৫৯ রানের মাথায় আউট হয়েছেন জ্যাক ক্যালিস (২৪)। সেখান থেকে জাস্টিন ওনটঙ্গকে (২৩) নিয়ে চতুর্থ উইকেটে আরো ৫৯ রান যোগ করেছেন ডুমিনি। এরপর মার্ক বাউচার যোগ দিয়েছেন তার সঙ্গে। সেখান থেকেই নিরবিচ্ছিন্ন রানের ৫৮ জুটি গড়ে দলকে জয়ের কিনারায় পৌঁছে দিয়েছেন দুজন। বাউচার অপরাজিত ছিলেন ২৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১১১০ঘ.