২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার রেকর্ডে আবার বাগড়া দিল ভারত

স্টিভ ওয়াহর সঙ্গে এক কাতারেই রইলেন রিকি পন্টিং। রেকর্ডেও, দুঃখবোধেও। প্রতিপক্ষ যথারীতি ভারত। ২০০১ সালে মুম্বাইয়ে ইনিংস ব্যবধানে জিতে আসার পর কলকাতা টেস্টে থামতে হয়েছিল টানা ১৬ টেস্ট জেতার অবিস্মরণীয় রেকর্ডগড়া অস্ট্রেলিয়াকে। স্টিভ ওয়াহর সেই অর্জন পন্টিং ছুঁয়েছেন সিডনিতে। পার্থে থামতে হলো তাকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

পার্থ, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্টিভ ওয়াহর সঙ্গে এক কাতারেই রইলেন রিকি পন্টিং। রেকর্ডেও, দুঃখবোধেও। প্রতিপক্ষ যথারীতি ভারত। ২০০১ সালে মুম্বাইয়ে ইনিংস ব্যবধানে জিতে আসার পর কলকাতা টেস্টে থামতে হয়েছিল টানা ১৬ টেস্ট জেতার অবিস্মরণীয় রেকর্ডগড়া অস্ট্রেলিয়াকে। স্টিভ ওয়াহর সেই অর্জন পন্টিং ছুঁয়েছেন সিডনিতে। পার্থে থামতে হলো তাকেও। শনিবার পার্থ টেস্টের চতুর্থ দিনে ৭২ রানের অবিস্মরণীয় এক জয় পেয়েছে ভারত। ৪১৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৩৪০ রানে। হারের ব্যবধান মাত্র ৭২ রান। এ জন্য মাইকেল ক্লার্ক, মিশেল জনসন এবং স্টুয়ার্ট ক্লার্কের ওপর যতটা ক্ষুব্ধ অনিল কুম্বলে, ততটাই কৃতজ্ঞ পন্টিং। সিডনিতে বল হাতে অলৌকিক এক স্পেলে ড্র হতে বসা ম্যাচ জিতিয়েছিলেন মাইকেল ক্লার্ক। পার্থে তার ব্যাটিংয়ের দিকে কাতর নয়নে চেয়েছিল গোটা অস্ট্রেলিয়া। ২২৯ রানে সপ্তম উইকেট হারানোর পর স্বাগতিকদের শেষ ভরসা হয়ে ছিলেন তিনি। ৮১ রান করার পর কুম্বলেকে ডাউন দ্য উইকেটে হাঁকাতে গিয়ে স্টাম্পড হয়েছেন। কিন্তু সেখানেই তরী ডুবতে দেননি জনসন ও স্টুয়ার্ট ক্লার্ক। নবম উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দেরি করিয়ে দিয়েছেন ভারতের জয়োৎসব। নতুন বল হাতে পেয়েই জুটিটা ভেঙ্গেছেন ম্যান অব দ্য ম্যাচ ইরফান পাঠান। ৩২ রান করে ক্লার্ক ক্যাচ দিয়েছেন ধোনিকে। আর প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া আরপি সিং শন টেইটকে (৪) বোল্ড করে পার্থকে ছোটখাটো ভারত বানিয়ে দিয়েছেন উদযাপনের আনন্দে। অন্যপ্রান্তে তখন ক্যারিয়ারের প্রথম ফিফটি করে অপরাজিত জনসন। ২০০৫ সালের আগস্টে ট্রেন্টব্রিজে অ্যাশেজের চতুর্থ টেস্ট ছিল পন্টিংয়ের দলের সর্বশেষ হার। দেশের মাটিতে সর্বশেষ অস্ট্রেলিয়া হেরেছে ভারতের কাছেই। ২০০৩ সালের ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টে। আর পার্থে তারা হেরেছে প্রায় দু'যুগ হতে চললো। কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ ও ইয়ান বিশপের ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল তাদের ১৯৮৫-'৮৬ মৌসুমে। দিনের প্রথম ভাগে লড়াইটা হয়েছে শুধু দুজনের মধ্যে। ইশান্ত শর্মা ও রিকি পন্টিং। ম্যাচের তৃতীয় দিন শেষে ভারতীয় শিবিরে শঙ্কা জাগিয়েছিলেন ১৯ বছর বয়সী ইশান্ত নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়ে। চতুর্থ দিন সকালে দীর্ঘদেহী এই ফাস্ট বোলারকে দেখা গেলো ভিন্ন চেহারায়। অস্ট্রেলিয়ান অধিনায়ক শরীরে কতবার তার সিম বোলিংয়ের ছোঁবল খেয়েছেন তা গুনতির বাইরে। লাইনে গিয়েও পরাস্ত হয়েছেন অসংখ্যবার। মাইক হাসির সঙ্গে তার ৫২ রানের তৃতীয় উইকেট জুটি অবশেষে ভেঙ্গেছেন ইশান্ত দারুণ এক লেট সুইংয়ে। খেলতে বাধ্য পন্টিং (৪৫) প্রথম স্লিপে ক্যাচ দিয়েছেন রাহুল দ্রাবিড়কে। অস্ট্রেলিয়ার সর্বনাশটা হয়েছে মধ্যাহ্ন বিরতির পর। মাইক হাসিকে (৪৬) এলবিডব্লু করে শুরুটা করেছেন আরপি সিং। তিন ওভার পর একইভাবে আউট অ্যান্ড্রু সাইমন্ডস (১২)। আউট করে কুম্বলে এমনভাবে উদযাপন করলেন যেন বিশাল কাণ্ড ঘটিয়েছেন। আসল কথা হলা, দ্বিতীয় ইনিংসে কুম্বলেকে শূন্য রানে ফেরানোর পর এমন লাফ-ঝাঁপ দিয়েছিলেন সাইমন্ডসও! ভারত অধিনায়ক সেটাই ফিরিয়ে দিয়েছেন। তবে ম্যাচটা আসলে ঘুরিয়ে দিয়েছেন অকেশনাল অফ স্পিনার বীরেন্দর শেবাগ। এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে ব্যাট হাতে আহামরি কিছু করে দেখাতে পারেননি এই ওপেনার, কিন্তু দেখিয়েছেন বল হাতে। তার পরপর দু ওভারে আউট বিপজ্জনক অ্যাডাম গিলক্রিস্ট (১৫) ও ব্রেট লি (০)। দারুণ এক ডেলিভারিতে গিলক্রিস্টকে বোল্ড করেছেন শেবাগ। লি সিলি মিডঅফে ক্যাচ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণকে। সেখান থেকেই ত্রাতা হতে পারতেন মাইকেল ক্লার্ক। কিন্তু সিডনির মতো পার্থে অপার্থিব কিছু ভর করেনি তার ওপর। বরং যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে ভারত। ম্যাচ শেষে হতাশাক্রান্ত পন্টিং হৃদয় থেকেই এ ম্যাচকে স্বীকৃতি দিয়েছেন 'অসাধারণ' বলে। উইকেটের আচরণে বেশ অবাকই হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, তবে ব্যাটসম্যানরা ঠিকমতো রুখে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন বলে অভিমত তার। শন টেইট দারুণভাবে ব্যর্থ হওয়ার পরও চার পেসার খেলানোর সিদ্ধান্তে ভুল হয়নি বলেই জানিয়েছেন। তবে এক টেস্ট খেলেই সম্ভবত কপাল পুড়েছে এ ম্যাচে অভিষেক হওয়া ক্রিস রজার্সের। অ্যাডিলেডে ম্যাথু হেইডেনের ফিরে আসার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রেখেছেন পন্টিং। বিজয়ী অধিনায়ক কুম্বলে সব কৃতিত্ব দিয়েছেন সহ-খেলোয়াড়দের। তার মতে, "কেউ যখন আমাদের কোনো আশা দেখেনি তখন তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভুল ভাঙ্গিয়েছে সবার।" ব্যাটসম্যানদের পাশাপাশি দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসাও করেছেন তিনি। এই দলগত সাফল্য নিয়েই অ্যাডিলেডে এ সাফল্য ধরে রাখার আত্মবিশ্বাস শুনিয়েছেন কুম্বলে। প্রায় এক বছর বসে থাকার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরেই ব্যাঙ্গালোর টেস্টে সেঞ্চুরি করেছিলেন ইরফান পাঠান। ফেরার পর দ্বিতীয় ম্যাচ খেললেন এ সিরিজের তৃতীয় টেস্টে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৪৬ ও বল হাতে ৫৪ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ তিনি। পুরস্কারের মঞ্চে বিনয়ের সঙ্গেই বলেছেন ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই বেশি স্বচ্ছন্দ তিনি। ব্যাটে-বলে দলের কাজে লাগাটাই বড় প্রাপ্তি বলে মানছেন এই বাঁহাতি অলরাউন্ডার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭৫৫ঘ.