জোহানেসবার্গ, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে এক উইকেট। তার পর ৩৬ রানে অপরাজিত থেকে হারের আশঙ্কায় পড়ে যাওয়া দলকে দারুণ এক জয় এনে দেয়া। নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুক্রবারের রাতটা ছিল শুধুই শন পোলকের। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে তার অলরাউন্ড পারফরম্যান্সই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটের জয় এনে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয় দিয়ে দুই ম্যাচের সিরিজটা ১-১এ অমীমাংসিত রাখলো স্বাগতিকরা। গত ১৬ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত প্রথম টোয়েন্টি টোয়েন্টি ৫ উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা।
আগেই ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজশেষেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। পোলকের জন্য তাই প্রত্যেকটা ম্যাচই এখন আবেগের, বিশেষ এক অনুভূতির। গ্রায়েম স্মিথ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সবার আগে বল তুলে দিয়েছেন তার হাতেই। পোলক ও নতুন বলে তার দীর্ঘ দিনের সঙ্গী মাখায়া এনটিনির আঁটোসাটো বোলিংয়ের সামনে শুরু থেকেই অস্বস্তিতে ছিল সফরকারীরা। অধিনায়ক ডোয়াইন ব্রাভো (১৭ বলে দুই ছক্কায় ২৪) ও ওপেনার হিসাবে নামা উইকেট কিপার দীনেশ রামদিন (২৬ বলে ১৯) ছাড়া অন্য কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান সুবিধা করে উঠতে পারেনি। শেষ দিনে পেসার ড্যারেন সামির (১৬ বলে ১৪) জন্য ৭ উইকেটে ১৩১ রানের মোটামুটি সম্মানজনক সংগ্রহ গড়তে পেরেছে ক্যারিবীয়রা। ২২ রানের বিনিময়ে এনটিনির শিকার দুই উইকেট। পোলক ছাড়া মরনে মরকেল, জোহান বোথা ও জাস্টিন ওনটং একটি করে উইকেট নিয়েছেন।
টোয়েন্টি টোয়েন্টিতে ১৩২ রান তেমন কোনো কঠিন লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। স্যামি (৩/২১) ও জেরম টেলরের (২/২৯) তোপে এক সময় তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৭৭। জয়ের জন্য তখন ৩৭ বলে ৫৫ রান প্রয়োজন স্বাগতিকদের। কিন্তু পোলকের সঙ্গে অ্যালবি মরকেলের ৩৩ বলে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি ৪ বল আগেই জয় এনে দিয়েছে স্মিথের দলকে। পোলকের ২৫ বলের ইনিংসটা সাজানো দুটি করে বাউন্ডারি ও ছক্কায়। ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকা অ্যালবির ব্যাট থেকেও এসেছে সমান চার-ছক্কা। বলাই বাহুল্য, অলরাউন্ড নৈপুণ্যের জন্য পোলকই ম্যাচের সেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/ওআরপি/১৭৫০ঘ.
bdnews24