ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যর্থতার টেস্ট সিরিজ। কিন্তু সেখানেও ব্যক্তিগত প্রাপ্তির খোঁজ চলে প্রতিনিয়ত। আর সেগুলোই হয়ে ওঠে 'পজিটিভস'। টেস্ট ক্রিকেটের বাংলাদেশ বেশিরভাগ সময়ই এমন ছিল। এবং এখনো আছে। শুক্রবার দুপুরে যেমন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর মোহাম্মদ আশরাফুলও দলীয় ব্যর্থতায় ব্যক্তিগত প্রাপ্তির মোড়ক পরাতে চাইলেন। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশ অধিনায়কের কাছে পাল্টা প্রশ্ন ছুটে গেল, "টেস্ট স্ট্যাটাস পাওয়ার সাত বছর পরও শুনতে হচ্ছে এসব। এভাবে আর কতোদিন?'' আশরাফুলের জবাবে মনে হতে পারে দলীয় সাফল্যের জয়গান শোনার সময় খুব কাছেই, ''দেখবেন এমন কথা আর বেশিদিন বলতে হবে না।''
কোচ জেমি সিডন্স তার সহকারী শন উইলিয়ামসকে নিয়ে ছুটি কাটাতে গেছেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। ফিজিও ড্যারেন লিফসনও ছুটিতে আছেন তার দেশ দক্ষিণ আফ্রিকায়। হেড কোচের অনুপস্থিতিতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশ্নের ঝাপটা একাই সামলাতে হয়েছে আশরাফুলকে। ভাঙ্গা রেকর্ড আর বেশিদিন বাজাতে হবে না বলে তার যে আশাবাদ, সেটার ভিত্তি কী? এ প্রশ্নেরও উত্তর মিলেছে টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কাছ থেকে, "সবারই আশা থাকে ভালো কিছু করার। আমরা এখন পর্যন্ত সেটা পারছি না ঠিকই। কিন্তু গত বছর শ্র্রীলঙ্কা সফরের আগে থেকে নতুন ধরনের যে ট্রেনিং আমরা করছি তার ফল পাচ্ছি। ভালো করতে আর বেশিদিন লাগবে না আমাদের।"
নতুন ধরনের ট্রেনিং মানে ব্যাটসম্যানরা নেটে ব্যাটিংয়ের জন্য অনেক সময় বরাদ্দ পাচ্ছেন। আগে যেটা বড়জোর ২০/৩০ মিনিট ছিল এখন সেটা নিদেনপক্ষে ঘন্টাখানেক। সেটার ফল তাহলে ডানেডিনে ১৩৭ ও ২৫৪ রানের পর ওয়েলিংটনে ১৪৩ এবং ১১৩ রানে অলআউট হওয়া! আরো বেশি বিস্মিত হওয়ার মতো অবস্থা যখন আশরাফুল দাবি করলেন নতুন ধরনের ট্রেনিংয়ের সুফল এই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও নাকি তিনি দেখতে পেয়েছেন। তার মুখ থেকেই শুনে নেওয়া যাক সেসবের ফিরিস্তি, "বিশেষ করে আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানরা কখনো এমনও মনে করিয়েছে যে তারা আউটই হবে না। নামার পর তারা প্রথম ১৫-২০ টা বল খুব ভালো সারভাইভ করেছে। কোচও বলেছেন টেস্ট ক্রিকেটে বল ছাড়তে হবে। এই ছাড়ার বিষয়টা ব্যাটসম্যানরা যে রপ্ত করছে তা বোঝা গেছে এবার।"
এর ওপর ভিত্তি করেই আশরাফুল তাকাতে পারছেন ফেব্র"য়ারিতে দেশের মাটিতে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে, "আমাদের উন্নতিটা সামনের মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজেই দেখা যাবে বলে আশা করছি।" তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজারও নাকি তাই বিশ্বাস। বিশ্বাসের উৎসও নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ! অবাক হতে হলে মাশরাফির কথা শোনার পরে হওয়াই ভালো, "বল ছাড়ার বিষয়টা আশরাফুলও বলে গেছে। আমিও বলবো, ব্যাটসম্যানরা এখন আগের চেয়ে অনেক ভালো বল ছাড়তে পারছে।"
তবে ব্যাটিংয়ে দলীয় সাফল্যের কথা উল্লেখ করতে না পারলেও বোলিংয়ের ক্ষেত্রে সেটা পারছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, "দুটো টেস্টেই নিউজিল্যান্ডকে অলআউট করতে পেরেছি আমরা।" আগের ছয় টেস্টে প্রতিপক্ষকে অলআউট করতে না পারা বাংলাদেশের বোলারদের সাফল্য অবশ্য ম্লান হয়ে গেছে ব্যাটিং ব্যর্থতায়। এখানে ব্যতিক্রম দুই ওপেনার তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। তামিম টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ফিফটি করেছেন ডানেডিনে। একই সঙ্গে অভিষিক্ত জুনায়েদ ফিফটি করেছেন দ্বিতীয় ইনিংসে। বাংলাদেশের নতুন এই ওপেনিং জুটি দেশের রেকর্ড ওপেনিং পার্টনারশিপও (১৬১ রান) গড়েছে। তাদের ব্যাটিংয়ে বিনা উইকেটে ১৪৮ রান নিয়ে ডানেডিন টেস্টের দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। সেদিন রাতে দুজনেই নাকি পরদিন সেঞ্চুরি করার সংকল্প করেছি
bdnews24