ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পেপসি মিডিয়া কাপের উদ্বোধনী দিনে আটটি দল জয় পেয়েছে। তার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দুর্দান্ত সূচনা করেছে ৪৬ রানে বৈশাখী টিভিকে হারিয়ে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন (বি এস জে এ) এর ব্যাবস্থাপনায় এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে মাওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।
দিনের শেষেরদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্যাটে-বলে দারুন পারফর্ম করে বৈশাখীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে। তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে মাত্র ১ উইকেটে করেছে ৯৭ রান। তাতে বড় অবদান ফিরোজ আহমেদ (৩৩) ও রাকিবুল হাসানের (৩২)। জবাবে মাত্র ৫১ রানেই গুটিয়ে যায় বৈশাখী টিভির ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন রাকিবুল হাসান।
দিনের অন্য খেলাগুলোতে বাংলাভিশন (১০৩/১) ৬৬ রানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) (৩৭/৫) কে, দৈনিক যুগান্তর (৫৭/৪) ৮ রানে বিটিভি (৪৯/৫) কে, চ্যানেল ওয়ান (৭৫/১) ৪ উইকেটে দৈনিক করতোয়ার (৭৪/৪) কে, আরটিভি (৬৭/২) ৩ উইকেটে নিউ এইজ (৬৪/২) কে, দৈনিক ইনকিলাব (৮৫/১) ৩০ রানে ডেইলি স্টার ( ৫৫/৩) কে, ইন্ডিপেনডেন্ট (৭০/৪) ২৩ রানে দৈনিক খবর পত্রকে (৪৭/৪) হারিয়েছে।
সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আকবর হোসেইন, ট্রান্সকম বেভারেজেস লিঃ এর মার্কেটিং ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ হোসেন, বিএসজেএ'র সভাপতি মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ মামুন ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামালুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০০ঘ.
bdnews24