পার্থ, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি সভায় দুই অধিনায়কের হাসি দেখে যারা মজেছেন, তারা ভুল করছেন। বুধবার রিকি পন্টিং ও অনিল কুম্বলে টসের আগে যথারীতি হাত মেলাবেন। তারপর ঠিক ভুলে যাবেন সন্ধির কথা। বিশ্বরেকর্ড ১৭টি টেস্ট জেতার লক্ষ্যে মরিয়া হয়ে আছে অস্ট্রেলিয়া। ভারত মরিয়া সিরিজে ফিরতে। পার্থ টেস্ট তাই সিরিজের সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের সব উত্তেজনার মজুত নিয়েই প্রস্তুত।
কাকতালীয় ঠেকতে পারে। সিডনিতে দু'দলের অভিযোগের তালিকায় ছিলেন হরভজন সিং ও ব্র্যাড হগ। পার্থ টেস্টে দলে নেই এদের কেউই। এমন নয় বিতর্কের কেন্দ্রে থাকায় পার্থে তাদের ছাড়া খেলার চুক্তি হয়েছে পন্টিং-কুম্বলের। ওয়াকার গতিময় উইকেটই বাধ্য করেছে যুযুধানদের দল ঢেলে সাজাতে। সে কারণেই ১৬ বছর পর আবার চার ফাস্টবোলার নিয়ে টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। গতিতে ব্রেট লির চেয়েও দ্রুত বলে স্বীকৃত শন টেইট আড়াই বছর পর আবার টেস্ট ক্রিকেটে বল করার সুযোগ পাচ্ছেন। তাকে জায়গা দিতেই সরে দাঁড়াতে হয়েছে হগকে। দলে আরেকটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ম্যাথু হেইডেন ফিটনেস টেস্ট উৎরাতে পারেননি। তাই ঘরের মাঠে অভিষেক হচ্ছে ক্রিস রজার্সের। দীর্ঘ অনেক বছরে এই প্রথম একদম আনকোড়া ওপেনিং জুটি নামাচ্ছে অস্ট্রেলিয়া পার্থে।
ভারতও হরভজনকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে উইকেট বিবেচনায়। ৫৯৯টি টেস্ট উইকেট নিয়ে ছ'শো ক্লাবে ঢোকার অপেক্ষায় থাকা কুম্বলে একাই স্পিন আক্রমণের দায়িত্ব নেবেন। দলে তৃতীয় সিমার হিসেবে সুযোগ পাচ্ছেন ব্যাটিংয়েও সিদ্ধহস্ত ইরফান পাঠান- সর্বশেষ টেস্টেই সেঞ্চুরি করেছেন। তবে সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে ব্যাটিং লাইনে। অনেক অপেক্ষার পর অবশেষে ভাগ্য সদয় হয়েছে বীরেন্দর শেবাগের ওপর। এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন ওপেনিংয়ে ওয়াসিম জাফরের সঙ্গী হতে। রাহুল দ্রাবিড় ফিরে পাচ্ছেন তার প্রিয় তিন নম্বর ব্যাটিং পজিশন। ভিভিএস লক্ষ্মণকে ব্যাট করতে হবে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর পর ছয় নম্বরে। শান্তকুমারন শ্রীশান্তের কথা মাঝে শোনা গেলেও আরপি সিং এবং ইশান্ত শর্মা এবারও থাকবেন ভারতের নতুন বলের দায়িত্বে।
দল গোছানোর পরই সেটা কতখানি পক্ষে গেলো এ নিয়ে দুই অধিনায়কের ব্যাখ্যাও মিলেছে। চার ফাস্ট বোলার খেলছে, উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট ক'হাত পেছনে দাঁড়াবেন তা নিয়ে বিভ্রান্ত। চার স্লিপ ফিল্ডার বাউন্ডারি লাইনের কাছাকাছি যাবে কিনা সেটা নিয়েও চিন্তা। টেইটের গতির চেয়ে বরং পার্থে সফল লি'র ওপর পন্টিংয়ের ভরসা বেশি। ৬ টেস্টে ৩৩ উইকেট নিয়েছেন লি এখানে। দলের সব নির্ভরযোগ্য ব্যাটসম্যানের গড় পঞ্চাশের ওপরে। কুম্বলে অবশ্য এতে বিচলিত হচ্ছেন না। তার মতে, "এসব সামলানোর মতো মান এবং অভিজ্ঞতা আমাদের ব্যাটিং লাইনআপে আছে। কন্ডিশনে অভ্যস্ত হতে একটু সময় লাগে, তবে সেটা যত না মাঠে, তারও বেশি মনে। সেটা হয়ে গেছেই বলে আমরা ভালো করার জন্য প্রস্তুত।" পন্টিংও ঢেলে সাজানো ভারতীয় লাইন-আপ দেখে অস্থির হননি। বিশেষ করে এ ধরণের উইকেটে শেবাগের ফিরে আসায়। কদিন আগেই প্রস্তুতি ম্যাচে ৭৩ বলে সেঞ্চুরি করে তার খানিকটা ঝলক দেখিয়েছেন তিনি। পন্টিং সেটা স্বীকার করেই বলেছেন, "ওরা যাদেরই খেলাক আমরা প্রস্তুত। শেবাগ বিপজ্জনক মানছি, কিন্তু ওকে খেলার অভিজ্ঞতা আমাদের আছে বলেই ওর দুর্বল দিকগুলোও জানি। তাই তাকে বাগে রাখার পরিকল্পনাও আমাদের তৈরি।"
টিকেটের জন্য উপচে পড়া ভিড় এবং দর্শকদের শৃংখলায় রাখতে বাড়তি নিরাপত্তার আয়োজনই বলে দিচ্ছে পার্থকে ঘিরে উন্মাদনা কতখানি। ইতিহাসের সাক্ষী হতে কাড়াকাড়ি পড়েছে, কারণ পাল্লাটা যে অস্ট্রেলিয়ার দিকেই হেলে। পরিসংখ্যান বলছে গত দশ বছরে এখানে কোনো টেস্ট হারেনি তারা। গত দশ টেস্টের মাত্র দুটো ড্র করেছে, জিতেছে বাকিসব। কাগুজে হিসেবটা মাথায় নিয়েই পন্টিং যথেষ্ট আত্মবিশ্বাসী প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে, "অনেকগুলো কারণেই এই টেস্টটা গুরুত্বপূর্ণ। তবে সবার আগে আমরা টেস্টটা জিততে চাই, ভাঙ্গতে চাই বিশ্ব রেকর্ড।" এবং সিডনিতে প্রকট হয়ে ওঠা বিতর্কগুলো এড়ানোর প্রতিশ্র"তিও মিলেছে তার তরফে, "অধিনায়ক হিসেবে এবং দলের দায়িত্ব নিয়ে অনিল কুম্বলের সঙ্গে আমার খোলামেলা ও প্রাণবন্ত আলোচনা হয়েছে। তবে সবচেয়ে খুশী আমরা অতীতের সঙ্গে বিতর্কগুলো পেছনে ফেলে আসতে পেরে।" কুম্বলের মুখেও একই কথা, "আমাদের জন্য এই ম্যাচে ভালো খেলে জেতাটা জরুরি, কারণ আমরা সিরিজটা বাঁচিয়ে রাখতে চাই। আমি নিশ্চিত দুদলই ভালো ক্রিকেট খেলবে এবং নিশ্চিত করবে লোকে খেলাটাকেই মনে রাখবে। দুর্ভাগ্যজনকভাবে সিডনিতে তা হয়নি, কিন্তু সেটা আমরা পেছনে ফেলে এসেছি।"
শান্তিটা স্রেফ মুখেই। আলোচনাটা মাঠ ছেড়ে বাইরে যাওয়ায় তাকে আবার ক্রিকেটে ফেরাতেই। এটুকু বাদ দিলে পার্থে অস্ট্রেলিয়া-ভারত কেউ কাউকেই ছেড়ে কথা কইবে না। কি ব্যাটে, কি বলে। নিশ্চিত থাকুন, শান্তির পায়রা সেখানে উড়বে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৪০ঘ.
bdnews24