ঢাকা, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একাডেমী কিংবা অনুর্ধ্ব-১৯ দল নিয়ে ব্যাপক কার্যক্রম আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আর জাতীয় দল নিয়ে তো আছেই। কিন্তু এর মাঝে আর কিছু নেই। যেখানে অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রত্যেকেরই আছে শক্তিশালী 'এ' দল। এখানে সেটা না থাকায় ক্লাস টুয়ের পাঠশেষে দুই ক্লাস টপকে ফাইভে ভর্তি হয়ে খাবি খাওয়া ছাত্রদের মতো অবস্থাই হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে টাইগাররা বিধ্বস্ত হওয়ার পরই এটা নজরে এসেছে দেশের ক্রিকেট প্রশাসনের। অনেকটা ধাক্কা খেয়ে শেখার মতো আর কী! বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর কথা তেমনই বোঝাচ্ছে, "আরো আগেই 'এ' দলের ব্যাপারে মনোযোগী হওয়া উচিত ছিল আমাদের।"
এই অমনোযোগীতাকেই টেস্ট ক্রিকেটের কঠিন জগতে বাংলাদেশের ক্রিকেটারদের হাবুডুবু খাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন ওয়াহিদুল গণি। জাতীয় দলের সাবেক এই লেগস্পিনার বলছেন, "অন্যান্য দেশের দিকে তাকান। তাদের প্রায় প্রত্যেকের শক্তিশালী 'এ' দল আছে। জাতীয় দলের কেউ খারাপ করতে থাকলে তার শুন্যস্থান ভরানো হয় 'এ' দল থেকে খেলোয়াড় এনেই। অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সরাসরি জাতীয় দলে নিয়ে আসা হয় না। তারা এটাকে শেখার পর্যায় বলেই মনে করেন। আর আমাদের এখানে পুরো অন্যরকম।" আসলেই তাই। গত বছর ফেব্্রুয়ারি-মার্চে দেশের মাটিতে শেষবারের মতো খেলেছে বাংলাদেশ 'এ' নামের কোনো দল। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আর এপ্রিল-মে'তে শ্রীলঙ্কা সফর করে আসার পর 'এ' দল নিয়ে আর কোনো কার্যক্রমই নেই বিসিবির।
অথচ যুব বিশ্বকাপকে সামনে রেখে অনুর্ধ্ব-১৯ দলের একের পর এক সিরিজ চলছেই। পাকিস্তান থেকে সিরিজ জিতে ফেরার পরপরই তারা দেশের মাটিতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। এরপরই আবার উড়াল দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে ফিরে এখন আবার তারা প্রস্তুতি নিচ্ছে নেপাল এবং ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে খেলার। একাডেমী দলও কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফর করে এসেছে। ভাববেন না, এসবে কারো আপত্তি আছে। 'আশরাফুলের গুরু' হিসেবে বাংলাদেশের ক্রিকেট সমাজে পরিচিত ওয়াহিদুল গণিরও নেই। তিনি বরং যুব দল ও একাডেমী দলের মতো করেই 'এ' দলকেও এভাবেই একের পর এক খেলায় ব্যস্ত রাখার পক্ষে। তাহলে অন্তত জাতীয় দলের 'ব্যাকআপ ফোর্স' তৈরি রাখা যায়, "নিয়মটা এমন হওয়া উচিত যে অনুর্ধ্ব-১৯ দলের কেউ ভালো করে ফেললে তার প্রমোশন হবে 'এ' দলে। সেখানে সামর্থ্যরে পরীক্ষায় উতরাতে পারলেই জাতীয় দল। এভাবে ক্রিকেটারদের তুলে আনলে দেখবেন টেস্ট ক্রিকেটের ব্যর্থতা কমে আসছে। কারণ আপনি তখন দাবি করতে পারবেন যে ক্রিকেটাররা তৈরি হয়েই আসছে।"
এভাবে ধাপে ধাপে ক্রিকেটার তৈরি করে আনার বিষয়ে বিসিবির ঔদাসীন্য ধরা পড়ে ভবিষ্যত সফরসূচীতে চোখ রাখলে। বাংলাদেশ 'এ' নামের কোনো দলের পরবর্তী সিরিজ আগামী জুনের শেষদিকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে। তার মানে গত মে'তে শ্রীলঙ্কা সফর করে আসার পর এক বছরেরও বেশি বিরতি। আর চাইলেই এধরনের সিরিজ আয়োজন করে ফেলা যায় না। দীর্ঘদিনের যোগাযোগের ফসল এসব দ্বিপক্ষীয় সিরিজ। এর আগে 'এ' দলের ব্যাপারে বিসিবির তেমন কোনো উদ্যোগ না থাকার খবর এখানে তাই প্রকাশিতই হয়ে যাচ্ছে। লিপু অবশ্য জানাচ্ছেন, "আমরা চেষ্টা করছি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের আগে-পরে যেন 'এ' দলের জন্য আরো কিছু খেলার বন্দোবস্ত করা যায়।"
এই চেষ্টা কিসের ফসল জানেন? নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার ফসল। নিজেদের সেই বোধোদয়ের কথাই এভাবে প্রকাশ করেছেন লিপু, "নিউজিল্যান্ডে জাতীয় দলের যা পারফরম্যান্স, তাতে আমাদের শক্তিশালী একটা 'এ' দল থাকা দরকার বলে মনে করছি। সময় এসেছে ক্রিকেটারদের পর্যায়ক্রমে বিভিন্ন দলে খেলিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করার। শুধুমাত্র একাডেমী কিংবা অনুর্ধ্ব-১৯ দলের হয়ে কিংবা কেবল জাতীয় লিগে ভালো খেলেই মূল দলে ঢুকে যাওয়ার রেওয়াজটা এবার বন্ধ হওয়া দরকার। আরো আগেই এদিকটায় নজর দেওয়া উচিত ছিল আমাদের।"
উচিত মনে করছেন আরো একটা কারণেও, "তাহলে জাতীয় দলের ক্রিকেটারদের এমন একটা বার্তাও দেওয়া হয় যে তারা খারাপ করলেই 'এ' দল থেকে এসে কেউ ঢুকে যাবে। এখন সেই চাপটা কেউ অনুভব করে বলে মনে হয় না।"
যতো দ্রুত সম্ভব এমন চাপে ফেলা গেলেও মন্দের ভালো একটা কিছু হয়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24