ওয়েলিংটন, ১২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যা করার বলে-কয়েই করেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে বাংলাদেশকে শুইয়ে দেবে বলে ম্যাচের আগেই শাসিয়েছিল স্বাগতিকরা। সেই হুঙ্কারে নত হওয়ার সম্মতি ছিল কিনা জানা যায়নি। তবে ম্যাচে দেখা গেছে এক অসহায় আত্মসমর্পনের ছবি। শনিবার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ৪৬.১ ওভারের মধ্যে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। রান উঠেছে ১৪৩। আর এই সর্বনাশটা করেছেন ক্রিস মার্টিন। সুইং বোলিংয়ের অনুপম প্রদর্শনীতে বাংলাদেশ ব্যাটিং লাইন-আপ বলতে গেলে একাই বিধ্বস্ত করে দিয়েছেন এই ফাস্ট বোলার। জবাবে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৩৪ রান। স্টিভেন ফ্লেমিং ৩৯ এবং ম্যাথু সিনক্লেয়ার ৯ রান নিয়ে ব্যাট করছেন।
টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল টসের আগে জানিয়েছেন উইকেট বোলিং সহায়ক। সেটা যে বিভীষিকা হয়ে দেখা দেবে তখনও হয়তো জানতেন না তিনি। ডানেডিনে দ্বিতীয় ইনিংসে রেকর্ড গড়া ওপেনিং জুটি দিয়েছে মাত্র ১৭ রান। দিনের অষ্টম ওভারেই শুরু তামিম ইকবালকে দিয়ে। কাইলি মিলসকে এক ওভারে দুবার বাউন্ডারি মেরে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন অভিষেকে দু ম্যাচে ফিফটি করা এই ওপেনার। স্টাম্পের অনেক বাইরে থাকা বলে ব্যাট চালিয়ে পয়েন্টে ম্যাথু সিনক্লেয়ারকে ক্যাচ দিয়েছেন তামিম (১৫)। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান হাবিবুল বাশার (১) পরের ওভারেই ফেরত গেছেন ব্র্যান্ডন ম্যাককুলামের গ্লাভসবন্দী হয়ে। মার্টিনের ধ্বংসযজ্ঞের সেই শুরু। দ্বিতীয় উইকেট নিলেন সতর্ক শুরু করা আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকীর (১৩)। ক্যাচ নিয়েছে ম্যাথু বেল। ১৯ রান পর গেলেন শাহরিয়ার নাফিস (৬)। ইয়ান ও' ব্রাইনের বলে অহেতুক খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি পিটার ফুলটনকে। লাঞ্চের আগে গেছে বাংলাদেশের পঞ্চম উইকেট। তবে দূর্ভাগ্যকেই দুষতে পারেন আশরাফুল। ও' ব্রাইনের বলটি তার প্যাড ঘেষে গিয়েছে ম্যাককুলামের কাছে। আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন বোলারের আপিলে। তার আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন আশরাফুল। ৫১ বলে খেলা এই ইনিংসে ৬টি বাউন্ডারি মেরেছেন বাংলাদেশ অধিনায়ক।
বিরতির পর আবারও সেই পুরানো দৃশ্য। ডানেডিনের (১৩৭) চেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কাটা বাংলাদেশ শিবিরে ফের জাগিয়ে তুলেছিলেন মার্টিন মুশফিকুর রহিম (৮) ও সাকিব আল হাসানকে (৫) ফিরিয়ে দিয়ে। সাজিদুল ইসলামকে (৬) আউট করে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নিয়েছেন মার্টিন। এবার ৬৫ রান খরচ হয়েছে তার। দুটো ছক্কায় ১৪ বলে ১৫ বলের ঝড় তুলে ডানেডিনের লজ্জা থেকে দলকে বাঁচিয়েছেন মাশরাফি মুর্তজা। তাকে থামিয়েছেন ড্যানিয়েল ভেট্টরি। অন্যপ্রান্তে আফতাব আহমেদ অপরাজিত থেকে গেছেন ২৫ রানে।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ম্যাথু বেলকে (১) হারিয়েছে নিউজিল্যান্ড। ডানেডিনের সেঞ্চুরিয়ান এই ওপেনার সাজিদুলের বলে কটবিহাইন্ড হয়েছেন দলের ২ রানে। পিটার ফুলটনকে (২২) এলবিডব্লু করে মাশরাফি একটু আশা জাগিয়েছিলেন। কিন্তু সেই আশায় জল ঢেলেছেন স্টিভেন ফ্লেমিং ও ক্রেইগ কামিং জুটি। তৃতীয় উইকেটে তারা যোগ করেছেন ৮৩ রান। ৪২ রান করে সাকিবের বলে এলবিডব্লু হয়েছেন কামিন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১১৪৫ঘ.
bdnews24