২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের লিড ৪১৭ রানের!

২৪ ঘণ্টার তফাতেই কিংসমিডের উইকেটের দুপিঠ দেখে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন যে পিচে রানের জন্য সংগ্রাম করে ১৩৯ রানে থেমেছে তারা, সেখানেই রানের ফুলঝুড়ি ছুটিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক গ্রায়েম স্মিথের পর সেঞ্চুরিয়ানদের খাতায় নাম লিখিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স এবং অ্যাবি ডি ভিলিয়ার্স। আর সব মিলিয়ে ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের নিরঙ্কুশ প্রাধান্য। ৪ উইকেটে ৫৫৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ৪১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন গঙ্গা ৬ এবং ব্রেন্টন পার্চম্যান্ট ১৭ রান নিয়ে ব্যাট করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ডারবান, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৪ ঘণ্টার তফাতেই কিংসমিডের উইকেটের দুপিঠ দেখে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন যে পিচে রানের জন্য সংগ্রাম করে ১৩৯ রানে থেমেছে তারা, সেখানেই রানের ফুলঝুড়ি ছুটিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক গ্রায়েম স্মিথের পর সেঞ্চুরিয়ানদের খাতায় নাম লিখিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স এবং অ্যাবি ডি ভিলিয়ার্স। আর সব মিলিয়ে ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের নিরঙ্কুশ প্রাধান্য। ৪ উইকেটে ৫৫৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ৪১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন গঙ্গা ৬ এবং ব্রেন্টন পার্চম্যান্ট ১৭ রান নিয়ে ব্যাট করছেন। ১ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা তাদের দ্বিতীয় উইকেট জুটি নিয়ে গেছেন ১৯৯ রানে। সেখানেই তাদের থামিয়েছেন ড্যারেন সামি। দিনের নবম ওভারেই আমলাকে (৬৯) আউট করে ব্রেক থ্রু দিয়েছেন এই মিডিয়াম পেসার। সিলি মিডঅফে ক্যাচ ধরেছেন অধিনায়ক ডুয়াইন ব্রাভো। ছয় বল পরে আমলাকে অনুসরণ করেছেন স্মিথও। জেরোমি টেলরের বলে বাঁদিকে ঝাপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন দিনেশ রামাদিন। আউট হওয়ার আগে ১৬৫ বলে ১৪৭ রান করেছেন স্মিথ, বাউন্ডারি মেরেছেন ২৭টি। দ্রুত দুটো উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকার রানের গতিতে রাশ টানতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। জ্যাক ক্যালিস ও প্রিন্স তাদের তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছেন আরো ১২২ রান। ৬৩ বলে তার ৪৭তম টেস্ট ফিফটিটি পুরো করেছেন ক্যালিস। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০০ রানও। ৭৪ রান করে মারলন স্যামুয়েলসের বলে আউট হয়েছেন ক্যালিস। ক্যারিবিয়ানদের সাফল্যের শেষ ওখানেই। এরপর অসহায়ভাবে অপেক্ষায় থেকেছে তারা স্মিথের ইনিংস ঘোষণার। মাত্র ৩৮.২ ওভারে ১৮২ রান যোগ করেছেন প্রিন্স ও ডি ভিলিয়ার্স তাদের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে। সাবধানী প্রিন্স তার ৭ম সেঞ্চুরি পুরো করেছেন ১৭০ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ১২৩ রানে। তুলনায় মারমুখী ডি ভিলিয়ার্স তার চতুর্থ সেঞ্চুরি করতে খেলেছেন ১০৮ বল। ১৫টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন একটি ছক্কাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২১৫০ঘ.