ডারবান, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাপ-চাচারাও জাতীয় দলের হয়ে দাপটে খেলেছেন। দক্ষিণ আফ্রিকান দুই গ্রেট পিটার পোলকের ছেলে ও গ্রায়েম পোলকের ভাতিজা হিসেবে নয়, শন পোলক পরিচিত হয়েছেন তার নিজের নামেই। দীর্ঘ একযুগ ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রাখা এই অলরাউন্ডার অবশেষে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার ডারবান টেস্ট শেষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এটিই হতে যাচ্ছে তার শেষ টেস্ট ম্যাচ। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শেষ করবেন স্বল্পদৈর্ঘ্যরে ক্রিকেট ক্যারিয়ার।
গত বছর জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে সুযোগ পাচ্ছিলেন না পোলক। দীর্ঘ এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টেই পেয়েছেন তা। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে বিধ্বংসী ভূমিকা রাখার পর আবারও প্রমাণ দিয়েছেন তার নির্ভরযোগ্যতার। সংবাদ সম্মেলনে বলেছেন, "গত ১২ বছর ধরে দেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য আমি ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে কৃতজ্ঞ। প্রোটিয়া ব্যাজ পড়ে খেলার এই সম্মাণ পুরোটা সময় ধরেই উপভোগ করেছি আমি, পাশাপাশি অসাধারণ কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলার স্মৃতিধন্য হয়েছি।"
১০৮টি টেস্ট খেলে ৪২০টি টেস্ট উইকেট পেয়েছেন পোলক। দক্ষিণ আফ্রিকার পক্ষে এটাই কোনো বোলারের সর্বোচ্চ। দুটো সেঞ্চুরিসহ করেছেন ৩ হাজার ৭৮১ রান। দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক ২৯৮টি ওয়ানডেতে একটি সেঞ্চুরিসহ করেছেন ৩ হাজার ৪৭৬ রান। উইকেট পেয়েছেন ৩৮৭টি। ওয়ানডেতেও চারশ উইকেটের ক্লাবে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি তার বিদায়ী সিরিজে।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২২৪৫ঘ.
bdnews24