২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পথ ধরে আইসিসির সঙ্গে লড়াইয়ে পাকিস্তানও

ক্রিকেট ইতিহাসে প্রথম 'ফোরফিটেড টেস্ট' এটি। এবং এখন পর্যন্ত একমাত্র। ২০০৬ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে খেলতে অস্বীকার করায় জরিমানা হিসেবে পরাজিত হতে হয়েছিল পাকিস্তানকে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে তারা। ওভাল টেস্টকে ড্র কিংবা পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানানো হয়েছে আপিলে। আইসিসির নির্বাহী সভায় আলোচনার পর সিদ্ধান্তটি বিবেচনার জন্য এখন ক্রিকেট কমিটিতে পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

করাচি, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিকেট ইতিহাসে প্রথম 'ফোরফিটেড টেস্ট' এটি। এবং এখন পর্যন্ত একমাত্র। ২০০৬ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে খেলতে অস্বীকার করায় জরিমানা হিসেবে পরাজিত হতে হয়েছিল পাকিস্তানকে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে তারা। ওভাল টেস্টকে ড্র কিংবা পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানানো হয়েছে আপিলে। আইসিসির নির্বাহী সভায় আলোচনার পর সিদ্ধান্তটি বিবেচনার জন্য এখন ক্রিকেট কমিটিতে পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ওভালের সে ম্যাচে চতুর্থদিনের চা বিরতির পর খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার পাকিস্তানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন এবং জরিমানা হিসেবে ইংল্যান্ডকে ৫ রান দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে আর মাঠেই নামেনি পাকিস্তান। পরে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘটনাটা বিশাল ব্যাপ্তি পেয়েছে তারপর। আইসিসি পাকিস্তান দলকে বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে রেহাই দিলেও ইনজামামকে আচরণবিধি ভাঙ্গার দায়ে চার ম্যাচে নিষিদ্ধ করে। হেয়ার আম্পায়ারিংয়ের দায়িত্ব পাননি আর কোনো আন্তর্জাতিক ম্যাচে। বল টেম্পারিংয়ের অভিযোগ থেকেই সমস্যা শুরু। আর পাকিস্তান সে দায় থেকে মুক্তি পেয়েছে বলেই ফলাফল বদলানোর আবেদন জানিয়েছে তারা। পিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আইসিসির নির্বাহী কমিটির সভায় প্রতিপক্ষ ইংল্যান্ডও সমর্থন দিয়েছে পাকিস্তানের। কর্মকর্তাটি বলেছেন, "আমরা আইসিসির কাছে আবেদন করেছি। ক্রিকেট কমিটির পরবর্তী সভায় বিষয়টি তোলা হবে বলে জানানো হয়েছে আমাদের। আইসিসি পাকিস্তান দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলে নেওয়ায় আমরা এই আবেদন জানানোর ভিত্তি পেয়েছি।" পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও একই দাবি জানিয়েছেন। উর্দু দৈনিক 'জং'য়ে দেওয়া এক সাক্ষাতকারে তিনি ভারতের কাছ থেকে শিখতে বলেছেন পিসিবিকে। সিডনি টেস্টে বিতর্কিত আম্পায়ারিংয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবির কাছে নতি স্বীকার করে স্টিভ বাকনরকে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় আইসিসি। ইনজামাম বলেছেন পিসিবিরও উচিত আইসিসির উপর ওভাল টেস্টের ফল পরিবর্তনের জন্য জোরালো চাপ সৃষ্টি করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২০১০ঘ.