ডারবান, ১০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মৌসুমে এটাই তার প্রথম টেস্ট। আর ২০০৭-০৮ মৌসুমে প্রথম টেস্ট খেলতে নেমেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন শন পোলক। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টে এই অভিজ্ঞ অলরাউন্ডারের তোপে মাত্র ১৩৯ রানেই শেষ হয়ে গেছে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। ৩৫ রানের বিনিময়ে পোলকের শিকার ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন আন্দ্রে নেল। প্রথম দিন চা-বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৬৭ রান।
টস হেরে ব্যাট করতে নামা সফরকারীদের উইকেট কিপার দীনেশ রামদিন (৩০) ছাড়া আর দু জন ব্যাটসম্যানই কিছুটা লড়াই করতে পেরেছেন। ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর ড্যারেন স্যামি (২৮) ও জেরম টেলর (২৫) দলকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। কিন্তু ৪২ রানের জুটি গড়লেও দলকে নির্ভর করার মতো জায়গায় তারা পৌঁছে দিতে পারেননি।
পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে উজ্জীবিত গ্রায়েম স্মিথ শুরু থেকেই ব্যাট হাতে চড়াও হয়েছেন প্রতিপক্ষের ওপরে। প্রোটিয়া অধিনায়কের অপরাজিত ৩২ রানে তাই বাউন্ডারি ৬টি। তবে প্রথম টেস্টে 'পেয়ার' পেয়ে (দুই ইনিংসেই শূন্য) পরের টেস্টে বাদ পড়া হার্শেল গিবসের প্রত্যাবর্তন তেমন ভালো হয়নি। মাত্র ২২ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ২৭ রান করা গিবসকে বোল্ড করে ক্যারিবীয়দের ব্রেক থ্রু এনে দিয়েছেন ড্যারেন পাওয়েল।
দ্বিতীয় টেস্টে বাঁ হাতের বুড়ো আঙ্গুল ভেঙ্গে ফেলায় সিরিজ নির্ধারণী এই টেস্টে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। তার অনুপস্থিতির কারণে টেস্ট অভিষেক হয়েছে ওপেনার ব্রেন্টন পার্চমেন্টের। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগের দিন পর্যন্ত শঙ্কা থাকলেও খেলছেন ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডস। গেইল ছাড়া আরেকটি পরিবর্তন আছে ওয়েস্ট ইন্ডিজ দলে। ডারবানের পেস সহায়ক উইকেটের জন্য স্পিনার রাউল লুইসের বদলে পেসার ড্যারেন স্যামিকে ফিরিয়ে এনেছে তারা। দক্ষিণ আফ্রিকা দলেও দুটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার পল হ্যারিসের জায়গায় পোলক এবং দ্বিতীয় টেস্টে খেলা নিল ম্যাকেঞ্জির বদলে গিবসকে একাদশে রেখেছে প্রোটিয়ারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৭ঘ.
bdnews24