২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুম্বলের অনুরোধে সাড়া দেননি পন্টিং

চেষ্টার কোনো কার্পণ্য করেননি অনিল কুম্বলে। হরভজন সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না আনার অনেক অনুরোধ তিনি করেছিলেন রিকি পন্টিংকে। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক ভারত অধিনায়কের অনুরোধে কর্ণপাত করেননি। আম্পায়ারের কাছে অ্যান্ড্রু সাইমন্ডসকে লক্ষ্য করে বর্ণবাদমূলক মন্তব্য করার অভিযোগ করেছেন হরভজনের বিরুদ্ধে। বুধবার তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ক্যানবেরায় পৌঁছে সে কথাই ক্ষোভের সুরে জানালেন কুম্বলে। এদিকে সিডনি টেস্টে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য নিন্দিত হওয়া অস্ট্রেলীয় দল দেশের ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন পন্টিংয়ের দলের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

সিডনি, ৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চেষ্টার কোনো কার্পণ্য করেননি অনিল কুম্বলে। হরভজন সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না আনার অনেক অনুরোধ তিনি করেছিলেন রিকি পন্টিংকে। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক ভারত অধিনায়কের অনুরোধে কর্ণপাত করেননি। আম্পায়ারের কাছে অ্যান্ড্রু সাইমন্ডসকে লক্ষ্য করে বর্ণবাদমূলক মন্তব্য করার অভিযোগ করেছেন হরভজনের বিরুদ্ধে। বুধবার তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ক্যানবেরায় পৌঁছে সে কথাই ক্ষোভের সুরে জানালেন কুম্বলে। এদিকে সিডনি টেস্টে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য নিন্দিত হওয়া অস্ট্রেলীয় দল দেশের ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন পন্টিংয়ের দলের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা। অস্ট্রেলীয়দের অভিযোগ, সিডনি টেস্ট চলার সময় হরভজন নাকি 'বাঁদর' বলেছিলেন সাইমন্ডসকে। মাঠের মধ্যে এ নিয়ে গোলমালের সূত্রপাত হলে তা থামানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন কুম্বলে, "যখন ব্যাপারটা ঘটলো, আমি রিকি পন্টিংকে অনুরোধ করে বলেছিলাম যে সেটা তখনই মিটিয়ে ফেলা উচিৎ। অবশ্য যদি তা সম্ভব হয়। সে আমাকে বললো যে সে ইতিমধ্যেই অভিযোগ জানিয়ে ফেলেছে। বহু দিন ধরে ক্রিকেট খেলার কারণে আমি জানি যে এ ধরণের অভিযোগ উঠলে পরিস্থিতি অবশ্যই জটিল আকার ধারণ করে। আর এখন তা-ই হয়েছে। আমার মনে হচ্ছে এটা আরো বেশি জটিল আকার ধারণ করবে।" পন্টিং অবশ্য জানিয়েছেন কোনো ধরণের বর্ণবাদমূলক মন্তব্যের ইঙ্গিত পাওয়া গেলে তাদেরকে অভিযোগ করার নির্দেশ দিয়েছে আইসিসি। এই অভিযোগই এক সময় বাতিল হওয়ার আশঙ্কার সামনে দাঁড় করিয়েছিল সিরিজটাকে। ম্যাচ রেফারি মাইক প্রক্টর দোষী সাব্যস্ত করে তিন ম্যাচের সাসপেনশন দিয়েছিলেন হরভজনকে। ভারতীয় দল এই শাস্তির বিরুদ্ধে আপিল করার পাশাপাশি সফর বাতিলের হুমকিও দিয়েছে সঙ্গে সঙ্গেই। সেই সঙ্গে বিতর্কিত আম্পায়ার স্টিভ বাকনরকে পার্থ টেস্টে দায়িত্ব না দেয়ার দাবী তো ছিলই। সেই দাবী মেনে নেয়ার পাশাপাশি আইসিসি জানিয়েছে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত খেলতে কোনো বাধা নেই হরভজনের। তবে আপিলের রায় যা-ই হোক না কেন, প্রিয় সতীর্থ 'ভাজ্জি'র পাশে এখন পুরো 'টিম ইন্ডিয়া' একাট্টা। অধিনায়ক কুম্বলে সে কথাই জানালেন দৃঢ়তার সঙ্গে, "ইতিমধ্যেই আপিল করা হয়েছে। তাই ন্যায়বিচার পাওয়ার আশা করছি আমরা। মাঠে থাকা ভারতীয় দলের দু জন সতীর্থর কাছ থেকে আমি জানতে পেরেছি যে এ ধরণের কোনো মন্তব্যই করা হয়নি। লোকে হয়তো মনে করছে যে মন্তব্য করা হয়েছে। আসলে তা হয়নি। এ ব্যাপারে পুরো দলই এখন একতাবদ্ধ। আর আমরা সবাই তাকে (হরভজনকে) সমর্থন জানাচ্ছি। এ ঘটনায় আমি সত্যিই খুব গর্ববোধ করছি। আমাদের পূর্ণ সমর্থন দেয়ার জন্য বিসিসিআইকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি।" এ ঘটনায় ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া অস্ট্রেলিয়া দল এখন সমালোচকদের তোপের মুখে। ঘরে-বাইরে প্রায় প্রত্যেকেই বিশ্বসেরা দলটির অখেলোয়াড়োচিত আচরণের সমালোচনায় মুখর। বিখ্যাত ক্রিকেট লেখক পিটার রোবাক তো পন্টিংকে যত তাড়াতাড়ি সম্ভব অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার পক্ষপাতী! কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রশাসকরা পন্টিংয়ের দলকে পূর্ণ সমর্থনই দিচ্ছেন। সাদারল্যান্ড তো প্রশংসাই করছেন দলকে, "অস্ট্রেলীয় দল কঠিন ও আপোসহীন মনোভাব নিয়েই খেলেছে। টেস্ট ক্রিকেট এভাবেই খেলা উচিৎ। এটা কোনো ছেলেখেলা নয়। রিকি পন্টিংয়ের সঙ্গে দেখা করে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে আমি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে (তাদের বিরুদ্ধে হওয়া) কোনো ধরণের সমালোচনাকেই আমরা সমর্থন জানাচ্ছি না। বরং অধিনায়ক হিসাবে তার (পন্টিংয়ের) প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫৬ঘ.