সিডনি, ৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিনটা বন্ডি বিচে ভলিবল খেলেই কাটিয়েছেন। এবার ক্রিকেট বলে ফিরেছে ভারতীয় দল। আইসিসির দ্রুত হস্তক্ষেপে সফর নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ায় বুধবার ক্যানবেরায় পৌঁছেছে তারা। বৃহস্পতিবার থেকে এসিটি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অনিল কুম্বলের দল।
বর্ণবাদী মন্তব্যের অভিযোগে হরভজন সিংয়ের ওপর তিন টেস্টের নিষেধাজ্ঞার শাস্তি বাতিলের আশঙ্কায় ফেলেছিল সফরকে। এই রায়ের পর সিডনির হোটেল ছাড়েনি ভারত তাদের ক্রিকেট বোর্ডের নির্দেশে। পাশাপাশি সিডনি টেস্টে বাজে আম্পায়ারিং করায় স্টিভ বাকনরের প্রত্যাহারও দাবি করেছিল বিসিসিআই। আইসিসি সে দাবি মেনে নেওয়ায় দলকে ক্যানবেরা যাওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। নির্ধারিত সময়ের দুদিন পর সেখানে পৌঁছে টিম ম্যানেজার চেতন চৌহান বলেছেন, "আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আমরা ক্রিকেটই খেলব।"
এদিকে হরভজন সিংয়ের আপিল শুনানীর জন্য নিউজিল্যান্ড হাইকোর্টের বিচারপতি জন হ্যানসেনকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি। বুধবার এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই নিয়োগের খবর জানালেও শুনানীর তারিখ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেনি। বিবৃতিতে বলা হয়েছে, "আপিল শুনানীর সময়, তারিখ কিংবা জায়গা এখনও ঠিক করা হয়নি। তবে প্রক্রিয়ায় বলা হয়েছে কমিশনার নিয়োগ দেওয়ার সাতদিনের মধ্যে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এবার পরিস্থিতির উপর নির্ভর করছে আপিলের দিনক্ষণ।"
মঙ্গলবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী সভায় অস্ট্রেলিয়া সফর চালিয়ে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হলেও হরভজনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ অব্যহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে পুরোটাই নির্ভর করছে হ্যানসেনের ওপর। আপিল কমিশনার হিসেবে তার ক্ষমতার পরিধি জানিয়ে দিয়েছে আইসিসি সেই বিবৃতিতে, "আইসিসির আচরণবিধির ধারা অনুযায়ী আগের শুনানীর সিদ্ধান্ত পরিবর্তন, পরিবর্ধন, শাস্তি কমানো কিংবা মাফ করার ক্ষমতা রয়েছে বিচারপতি হ্যানসেনের। আর তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত যা সবাইকে মানতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০০ঘ.
bdnews24