২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সৌজন্য সভা' থেকেই সমাধান আশা করছেন ক্রিকেটাররা

এবার প্রিমিয়ার ক্রিকেট লিগ না হলে কী করবেন? এ প্রশ্নে তার বিকল্প এক ভাবনার কথাই জানিয়ে রাখলেন মোহাম্মদ রফিক, "যদি না-ই হয়, তাহলে কলকাতা ক্রিকেট লিগে খেলতে যাব।" সেই সুযোগটা আছে হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুলেরও। সোমবার তাদেরকে সেখানকার লিগে খেলার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফ্যাক্স পাঠিয়েছে কলকাতা মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, ৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এবার প্রিমিয়ার ক্রিকেট লিগ না হলে কী করবেন? এ প্রশ্নে তার বিকল্প এক ভাবনার কথাই জানিয়ে রাখলেন মোহাম্মদ রফিক, "যদি না-ই হয়, তাহলে কলকাতা ক্রিকেট লিগে খেলতে যাব।" সেই সুযোগটা আছে হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুলেরও। সোমবার তাদেরকে সেখানকার লিগে খেলার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফ্যাক্স পাঠিয়েছে কলকাতা মোহামেডান। কিন্তু ঢাকার লিগ খেলে জীবিকা নির্বাহ করা শত শত ক্রিকেটারের এই খবরে কিছু এসে যাচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞায় প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগের মতো ঝূলে আছে তাদের নিকট ভবিষ্যতও। দুঃশ্চিন্তাগ্রস্ত ক্রিকেটাররা অবশ্য বৃহস্পতিবার একটা সমাধানসূত্র বেরিয়ে আসবে বলে আশা করছেন। এদিনই বিকাল সাড়ে চারটায় হোটেল শেরাটনে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী। বিসিবির তরফ থেকে যদিও এটাকে 'সৌজন্য সভা'ই বলা হচ্ছে। কিন্তু চলমান পরিস্থিতিতে অচলাবস্থা নিরসনই যে এই সভার মূল আলোচ্য হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিসিবি সভাপতির সঙ্গে ঢাকার প্রিমিয়ার ও প্রথম বিভাগের সব ক্লাব কর্মকর্তারা বসবেন ঠিকই। তবে এই মিটিংয়ে ব্রাদার্স ক্লাব কর্মকর্তাদের সঙ্গেই মূল আলোচনা হওয়ার কথা। তাদের রিটের প্রেক্ষিতেই আদালতের নিষেধাজ্ঞায় চলতি মৌসুমের ঢাকা লিগ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রসঙ্গত গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগ অসমাপ্ত রেখে গিয়েছিল বিসিবির আগের কার্যনির্বাহী কমিটি। বর্তমান অ্যাডহক কার্যনির্বাহী কমিটি এসে তা শেষ করার উদ্যোগ নেয়। কিন্তু ফিক্সচার অনুযায়ী মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রেলিগেশন লিগের ম্যাচ খেলতে না যাওয়ায় ব্রাদার্স ও ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে নিয়মানুযায়ী প্রথম বিভাগে নামিয়ে দেয় ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় ব্রাদার্স। বিসিবিও আইনগতভাবেই এটার মোকাবিলা করতে চাইছে। অবশ্য বৃহস্পতিবারের সভা থেকে সমাধান বেরিয়ে আসলে ভিন্ন কথা। এই সভা থেকে তা আসার সম্ভাবনা কতোটা? এ প্রশ্নে একই সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স ও সিসিডিএমের চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিক ভাষ্যটা এরকম, "দেখা যাক না কী হয়। আসলে এটা তো সৌজন্য সভা। বোর্ড সভাপতি এই প্রথমবারের মতো ক্লাবগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন।" ক্লাবগুলোর সঙ্গে বোর্ড সভাপতির প্রথম সাক্ষাতেই নিজেদের অনিশ্চয়তার অবসান ঘটবে বলে আশায় আছেন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (কোয়াব) আহবায়ক দেবব্রত পাল জানাচ্ছেন সেকথাই, "আমরা চাই, এই সভা থেকেই একটা সমাধান আসুক। ক্লাবগুলোর সঙ্গে যখন মিলিত হচ্ছেন বোর্ড সভাপতি, তখন এমন আশা আমরা করতেই পারি।" ক্রিকেটারদের সংগঠনটি এর আগে বিসিবি কর্মকর্তাদের সঙ্গেও বসেছিল। সেখান থেকে একাধিক প্রতিশ্র"তি পেলেও ব্রাদার্স ক্লাবের সঙ্গে বৈঠকে আশার আলো পাওয়া যায়নি। এবার বোর্ড সভাপতি যদি গোঁ ধরে থাকা ব্রাদার্সকে নমনীয় করতে পারেন! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০১৩ঘ.