নয়াদিল্লী, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কী হবে সিরিজের ভবিষ্যত? ভারত কি সিরিজের মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসবে? গত দু দিন ধরে ক্রিকেট দুনিয়ায় ভেসে বেড়ানো প্রশ্নগুলোর জবাব মিললো মঙ্গলবার রাতে। নয়াদিল্লীতে এক জরুরী মিটিংশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিল সফরটা মাঝপথে থামিয়ে দেয়ার কোনো ইচ্ছা তাদের নেই। যার অর্থ বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দেয়া সিরিজটা চলবে।
অবশ্য ভারত যে সিরিজ বাতিলের পথ থেকে সরে আসবে তার আভাস পাওয়া যাচ্ছিল আগেই। আইসিসির বিতর্কিত আম্পায়ার স্টিভ বাকনরকে সরিয়ে পার্থ টেস্টে বিলি বাউডেনকে দায়িত্ব দেয়া এবং শাস্তির আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হরভজন সিংকে খেলার অনুমতি দেয়ার মাধ্যমে ভারতের দুটো দাবীই মিটিয়ে পূরণ করা হয়েছিল এক অর্থে। দু দলের বিশেষ করে দুই অধিনায়ক অনিল কুম্বলে ও রিকি পন্টিংয়ের সম্পর্কোন্নয়নের জন্য জরুরী ভিত্তিতে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেকে ডেকে পাঠিয়েও ভারতের ক্ষোভ আইসিসি অনেকখানি প্রশমিত করতে পেরেছে। সেই সঙ্গে কুম্বলে ও মহেন্দ্র ধোনিকে গালি দেয়া ব্র্যাড হগকে শুনানির জন্য ম্যাচ রেফারি মাইক প্রক্টরের ডেকে পাঠানোও ভারতীয় ক্রিকেটাঙ্গনের এক বড় বিজয় বলে মনে করা হচ্ছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের একাধিক দাবী মেনে নেয়ায় বিসিসিআই কর্মকর্তারা এখন বেশ শান্ত। মঙ্গলবার মিটিংশেষে তারা সফর চালিয়ে যাওয়ারই অঙ্গীকার করেছেন অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের (সিএ) কাছে। দাবী মেনে না নেয়া পর্যন্ত সিডনিতে থাকার প্রতিজ্ঞা করা ভারতীয় দল বুধবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পৌঁছাবে। সেখানে বৃহস্পতিবার থেকে এসিটি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তার পর রওনা হবে পার্থের উদ্দেশে। ১৬ জানুয়ারি থেকে যেখানে আরম্ভ হবে চার টেস্ট সিরিজের তৃতীয়টি।
পিটিআই-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৫০ঘ.
bdnews24