সিডনি, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু স্টিভ বাকনর নন, মাইক প্রক্টরের ওপরেও ভীষণ ক্ষুব্ধ ভারতের ক্রিকেটাররা। বিশেষ করে সিনিয়ররা। অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবাদী গালি দেয়ার জন্য হরভজন সিংয়ের তিন ম্যাচের সাসপেনশন তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের দৃঢ় বিশ্বাস সিডনি টেস্ট শেষ হওয়ার দিন অর্থাৎ গত রোববার প্রায় চার ঘন্টার শুনানির পর দেয়া ম্যাচ রেফারি প্রক্টরের রায়ে হরভজন ন্যায়বিচার পাননি। শুনানিতে ব্যবহৃত তথ্যপ্রমাণকেও ঠুনকো হিসাবে মনে হয়েছে তাদের।
'টিম ইন্ডিয়া'র সিনিয়র সদস্যদের সবচেয়ে বেশি আহত করেছে প্রক্টরের বলা "আমি বিশ্বাস করি একটি দল সত্যি কথাই বলছে" মন্তব্যটা। ভারতের ক্রিকেটারদের মনে হয়েছে কথাটা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা বলারই অভিযোগ এনেছেন প্রক্টর। আর তাই রায়ে পক্ষপাতিত্বের গন্ধও খুঁজে পাচ্ছেন তারা। তাদের ধারণা দীর্ঘ দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যটা বিভ্রান্তিকর এবং যথেষ্ট প্রশ্নসাপেক্ষ।
শুনানির সময় তাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে সেটাও ভীষণ দুঃখ দিয়েছে ভারতের ক্রিকেটারদের। শুনানিতে প্রক্টরকে সাহায্য করছিলেন ইংরেজ আইনজীবি নাইজেল পিটার্স। সে সময় ভারতের ক্রিকেটারদের সঙ্গে তাদের ব্যবহার নাকি তেমন ভদ্রজনোচিত ছিল না! সিডনি টেস্টে ব্যাট করার সময় হরভজন সাইমন্ডসকে সত্যিই 'বাঁদর' বলেছিলেন কি না তা নিয়ে আলোচনা হয় শুনানিতে। সেখানে হাজির থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ও সহ-অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট অবশ্য জানিয়েছেন তারা এ ধরণের কোনো কথা শুনতে পাননি।
হরভজন শুরু থেকে নিজেকে নির্দোষ দাবী করে এলেও প্রক্টরের দৃঢ় বিশ্বাস তিনি ন্যায়বিচারই করেছেন। তবে বিচারটা ন্যায় হোক কিংবা অন্যায়, একটা ব্যাপারে কিন্তু হরভজন এবং তার প্রিয় সতীর্থরাই বিজয়ী। শাস্তির বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাঠে নামতে কোনো বাধা নেই 'ভাজ্জি'র। ১৬ জানুয়ারির আগে আপিলের রায় না হলে পার্থে অনুষ্ঠেয় তৃতীয় টেস্টেও খেলতে পারবেন তিনি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১০ঘ.
bdnews24