ঢাকা, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে বড় টার্গেটই দিয়েছে ভারত। প্রিটোরিয়ার সিনোভিচ পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতীয় যুব দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৬০ রান।
সোহরাওয়ার্দী শুভ'র দলের বোলাররা অবশ্য দারুণ সূচনাই এনে দিয়েছিলেন। ভারতের প্রথম দিককার ব্যাটসম্যানদের দ্রুতই ফেরানো গেছে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন মাহমুদুল হাসান লিমন। এক পর্যায়ে ৪ রানে ৩ উইকেট নিয়ে ফেলেন তিনি। শেষপর্যন্ত অবশ্য ২৯ রান খরচ হয়েছে তার। এছাড়া শুভাশিষ রায় ৫৫ রানে নিয়েছেন দুই উইকেট।
ভারতের দুই ওপেনার মুকুন্দ (২০) ও গোস্বামী (১৮) ফিরে যান দ্রুতই। এরপর শ্রীবাস্তব (৩) ও কোহলিও (১) টেকেননি বেশিক্ষণ। এরপরই তিওয়ারি ও পান্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। এই দুই তরুণের লম্বা পার্টনারশিপে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় দল। তিওয়ারি ৭৪ রান করেন । পান্ডের ব্যাট থেকে এসেছে ৭২ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.
bdnews24