২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বিকেলের নাটকীয়তায় শিরোপা খুলনার

দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা শেষপর্যন্ত তাদের হারের কারণ হলেও অনন্য 'ডাবল' অর্জনের হাতছানি ঠিকই ছিল রাজশাহীর সামনে। যদি খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ড্র করে ফেলত বরিশাল। তারা ৬ উইকেটে ২১০ রান নিয়ে চা বিরতিতে যাওয়ার পর তেমন সম্ভাবনার ইঙ্গিতও ছিল। কিন্তু শেষ বিকেলের উত্তেজনায় আর চারদিনের ম্যাচের প্রতিযোগীতায় শেষ হাসি হাসা হয়নি এবারের জাতীয় লিগের ওয়ানডের শিরোপাধারী রাজশাহীর। জিততে হলে ম্যাচের শেষ ৫ ওভারে দুই উইকেট দরকার ছিল খুলনার। এবং ৩০২ রানের টার্গেটে নামা বরিশালকে ২৩৮ রানে শেষ করে দিয়ে তারা ৬৩ রানে ম্যাচ জিতে নিশ্চিত করেছে ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচের শিরোপাও। দেশের একমাত্র ফার্স্ট ক্লাস প্রতিযোগীতায় দীর্ঘ পরিসরের ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো তারা। প্রথমবার জিতেছিল চার মৌসুম (২০০২-২০০৩) আগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা শেষপর্যন্ত তাদের হারের কারণ হলেও অনন্য 'ডাবল' অর্জনের হাতছানি ঠিকই ছিল রাজশাহীর সামনে। যদি খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ড্র করে ফেলত বরিশাল। তারা ৬ উইকেটে ২১০ রান নিয়ে চা বিরতিতে যাওয়ার পর তেমন সম্ভাবনার ইঙ্গিতও ছিল। কিন্তু শেষ বিকেলের উত্তেজনায় আর চারদিনের ম্যাচের প্রতিযোগীতায় শেষ হাসি হাসা হয়নি এবারের জাতীয় লিগের ওয়ানডের শিরোপাধারী রাজশাহীর। জিততে হলে ম্যাচের শেষ ৫ ওভারে দুই উইকেট দরকার ছিল খুলনার। এবং ৩০২ রানের টার্গেটে নামা বরিশালকে ২৩৮ রানে শেষ করে দিয়ে তারা ৬৩ রানে ম্যাচ জিতে নিশ্চিত করেছে ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচের শিরোপাও। দেশের একমাত্র ফার্স্ট ক্লাস প্রতিযোগীতায় দীর্ঘ পরিসরের ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো তারা। প্রথমবার জিতেছিল চার মৌসুম (২০০২-২০০৩) আগে। খুলনার (৯৬) চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থেকে লিগের দশম এবং শেষ রাউন্ড শুরু করেছিল রাজশাহী (৯৫)। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৭ উইকেটে ৫৯ রান নিয়ে সোমবার শেষ দিন শুরু করা রাজশাহীর দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৭ রানে। ব্যাটসম্যানদের পাশাপাশি ঢাকার বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলও তাদের বিপর্যয়ের কারণ। মাত্র ১৩ রানে ৬ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচও হয়েছেন তিনি। ৩৮.৪ ওভারেই ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৩০ রানের লক্ষ্যে পৌছে তিন উইকেটের জয় পায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে জাতীয় লিগ শেষ করা ঢাকা। হারলেও প্রথম ইনিংসে ব্যাটিং ও বোলিং থেকে সর্বোচ্চ ৮ বোনাস পয়েন্টই তুলে নিয়েছিল রাজশাহী। যে কারণে খুলনা ড্র করলেই শিরোপা যেত তাদের ঘরে। এর আগের নয় রাউন্ডের প্রতিটাতেই ব্যাটিং বোনাস পয়েন্ট পাওয়া খুলনা এবারই প্রথম কোনো পয়েন্ট পায়নি প্রথম ইনিংসে মাত্র ১৯৩ রানে অলআউট হওয়ায়। বরিশালকে (৩২৫) অলআউট করে সর্বোচ্চ ৪ বোলিং বোনাস পয়েন্ট পেলেও প্রথম ইনিংসে পিছিয়ে থাকায় ড্র করলে আর মাত্র দুই পয়েন্ট যোগ হতো। সেক্ষেত্রে ১০২ পয়েন্ট পাওয়া খুলনাকে (৯৬ ৬) টপকে ১০৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হতো রাজশাহী (৯৫ ৮)। সেই সঙ্গে ২০০৫-২০০৬ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো জাতীয় লিগের চারদিন ও একদিনের ম্যাচের প্রতিযোগীতায় শিরোপার 'ডাবল' হতো তাদের। এবং সেটা হলে সুবিচারই হতো। কারণ খুলনা (তিন জয়) চ্যাম্পিয়ন হলেও সদ্যসমাপ্ত আসরে সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল রানার্স-আপ রাজশাহীই (পাঁচ জয়)। শেষ ম্যাচে জয়ের সুবাদে ১০৮ পয়েন্ট নিয়ে খুলনাই নিজেদের মাঠে বিজয়োৎসব করলো। ৩০২ রানের টার্গেট তাড়া করতে নামা বরিশাল বিনা উইকেটে ২০ রান নিয়ে শেষদিন শুরু করে। কিন্তু নাসিরুদ্দিন ফারুক (৬০) ও রাকিবুল হাসান (৫৩) ছাড়া প্রথম সারির ব্যাটসম্যানরা আর কেউ বলার মতো রান করতে পারেনি। তবে শেষদিকে উইকেটকিপার শাহীন হোসেন (২৯) ও তারিকুল ইসলামের (৩২) ব্যাটে হার এড়ানোর স্বপ্ন দেখছিল বরিশাল। কিন্তু সারাদিন উইকেট না পাওয়া পেসার আসলাম খান শেষ বিকেলে দুটো উইকেট তুলে নিয়ে শিরোপার দোরগোড়ায় নিয়ে যান খুলনাকে। এর আগে বরিশালকে ব্যাকফুটে ঠেলে দেন বাঁ হাতি স্পিনার মুরাদ খান (৩/৫২)। এছাড়া দুটো করে উইকেট নিয়েছেন রবিউল ও অফস্পিনার জামাল বাবু। এর আগে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানো খুলনার ব্যাটিংয়ে ৪৮ রানের অবদান রাখা জামাল বাবুই পেয়েছেন এই ম্যাচ সেরার পুরস্কার। ওদিকে ফতুল্লা স্টেডিয়ামে গুরুত্বহীন ম্যাচে সিলেটকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। ৫০.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ২৩৬ রানের লক্ষ্যে পৌছে যায় তারা গাজী সালাউদ্দিন (৪২), মাসুমউদ্দৌলা (৩২), নাজিমউদ্দিন (৬৫), রেজাউল (৫৪*) এবং অধিনায়ক এহসানুল হকের (৩৪*) ব্যাটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪০ঘ.