ডানেডিন, ৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২৮-১১-৫৮-৫! না, কোনো বোলারের বোলিং ফিগার এটা নয়। এটা আসলে ডানেডিন টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ডের সাফল্য এবং বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার খতিয়ান। ওই হিসাব থেকে নিশ্চয়ই আঁচ করা যাচ্ছে, বিনা উইকেটে ১৪৮ রান তুলে স্বপ্নের মতো দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ শিবিরে পরদিন সকালেই হানা দিয়েছে দুঃস্বপ্ন। মধ্যাহ্ন বিরতির পর অর্ধসমাপ্ত কাজটা নিজের ঘূর্ণিজাদুতে সেরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি। ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ করে দেন ২৫৪ রানে।
৩৫ রানের টার্গেট পাওয়া কিউইরা চা বিরতির আগেই ক্রেইগ কামিংয়ের উইকেটটি হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। টেস্ট জগতে পা রাখার পর থেকে বাংলাদেশের বেশিরভাগ টেস্টই হয়ে থেকেছে আড়াই-তিনদিনের মামলা! ডানেডিনে আড়াই দিনে হারলেও ৯ উইকেটের হারটাই বোধহয় বাংলাদেশের স্বান্তনা হয়ে থাকছে। কিউইদের বিপক্ষে এর আগে খেলা চারটি টেস্টেই তো ইনিংসের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
অথচ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ শিবিরে বড় কিছুর স্বপ্নই আঁকিবুঁকি খেলছিল। সেই স্বপ্নটা প্রথম হোঁচট খায় ওপেনিং জুটি দলকে ১৬১ রানে পৌছে দেওয়ার পর। ১১ বলের মধ্যেই ফিরে যান দুই ইনিংসেই ফিফটি দিয়ে অভিষেক উদযাপন করা তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। কাইল মিলস বোল্ড করেন তামিমকে (৮৪)। পরের ওভারেই ক্রিস মার্টিন স্লিপে স্টিফেন ফ্লেমিংয়ের ক্যাচ বানান জুনায়েদকে (৭৪)।
প্রথম ইনিংসে ২৩ রানে ৩ উইকেটের পর ১১৭ রান, দুর্দান্ত এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পাওয়া জ্যাকব ওরাম এরপর থিতু হতে দেননি হাবিবুল বাশারকেও (১১)। গালিতে ম্যাথু সিনক্লেয়ারকে ক্যাচ দিয়ে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক ছোঁয়ার বিষয়টিকে আরো বিলম্বিত করে যান।
অবশ্য টিভি রিপ্লে দেখে হাবিবুলকে দুর্ভাগাই মনে হয়েছে। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার পর বল সিনক্লেয়ারের মুঠো গলে বেরোয়নি ঠিকই। কিন্তু মুঠোয় ধরে রাখা বল মাটিতে লেগেছে। ধারাভাষ্যকার আতহার আলী খান এটিকে তাই 'নটআউট' বলেই রায় দিয়ে ফেলেন। যদিও ততোক্ষণে আম্পায়ারের সিদ্ধান্তে সাজঘরে ফিরে যেতে হয়েছে তিন হাজার রান থেকে মাত্র ১৩ রানের দূরত্বে দাঁড়ানো এই সাবেক অধিনায়ককে।
শুরু থেকেই নড়বড়ে মনে হওয়া বর্তমান অধিনায়ক আশরাফুল (২৩) ও আফতাব আহমেদকে মধ্যাহ্ন বিরতির আগে পরপর দুই ওভারে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের আশার সলতেটা নিভিয়েই দেন আরেক পেসার ইয়ান ও'ব্রায়েন। ব্যাকওয়ার্ড পয়েন্টে আশরাফুলের ক্যাচ নেন কামিং। আর ২০ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরাটা একদমই ভূলে যেতে চাইবেন আফতাব। শর্ট কাভারে ম্যাথু বেলকে ক্যাচ দিয়ে তিনি যে 'পেয়ার' (দুই ইনিংসেই শুন্য রানে আউট) পূর্ণ করেছেন!
৪৫ রানে ৫ উইকেট নেই। ৫ উইকেটে ২০৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময়ই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ কিউইদের আরেকবার ব্যাট করতে নামালেও সেটা হবে স্রেফ আনুষ্ঠানিকতা সারার ব্যাপার। মধ্যাহ্ন বিরতির পর টাইগারদের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে মাত্র ১৬.১ ওভার লেগেছে কিউইদের। এরপর ৩৫ রানের টার্গেটে পৌছাতে তাদের লেগেছে ৮.১ ওভার। নিউজিল্যান্ড জয় পেলেও ইনিংসের ব্যবধানে না হারাকেই ধরতে হচ্ছে ৫০-তম টেস্টে বাংলাদেশের প্রাপ্তি!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/১০২৫ঘ.
bdnews24