২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ব্যাটসম্যানদের ব্যর্থতায় শিরোপা ঘুরে যাচ্ছে খুলনার দিকে

প্রবল প্রতাপে খুলনার ম্যাচে ফেরার দিনে রাজশাহী পড়েছে ভীষণ বিপদে। রোববার জাতীয় লিগের তৃতীয় দিনে যখন বরিশালের সামনে ৩০২ রানের কঠিন টার্গেট দাঁড় করিয়েছে খুলনা তখন ঢাকার বোলারদের তোপের মুখে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৫৯ রানেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট। মানে শিরোপার দৌড়ে এখন আবার ফেবারিট খুলনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রবল প্রতাপে খুলনার ম্যাচে ফেরার দিনে রাজশাহী পড়েছে ভীষণ বিপদে। রোববার জাতীয় লিগের তৃতীয় দিনে যখন বরিশালের সামনে ৩০২ রানের কঠিন টার্গেট দাঁড় করিয়েছে খুলনা তখন ঢাকার বোলারদের তোপের মুখে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৫৯ রানেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট। মানে শিরোপার দৌড়ে এখন আবার ফেবারিট খুলনা। ওদিকে চট্টগ্রামের সামনে শেষ রাউন্ড জেতার সুযোগ তৈরি করে দিয়েছে সিলেট। ২০১ রানে সিলেটের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ায় এখন টার্গেট মাত্র ২৩৬ রানের। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ৭৩ রান নিয়ে খেলতে নেমে স্বাগতিকরা ৩২৫ রান তুলেছে দ্বিতীয় ইনিংসে। সকালে মোস্তাফিজুর রহমান (৩৪) ও সাগীর আহমেদ (৮) তাড়াতাড়ি আউট হয়ে গেলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে খুলনার শিরোপা-স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠেছে। মিডল অর্ডারে জামাল বাবু (৪৮), অধিনায়ক নাহিদুল হক (৫২) ও জিয়াউর রহমানের (৩২) দায়িত্বশীলতার সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটসম্যান ফরিদ আহমেদের (৬২) দুর্দান্ত ফিফটি যোগ হয়ে প্রথম ইনিংসের (১৯৩) খামতি পুষিয়ে ম্যাচটাকে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে খুলনা। বরিশালের তালহা জুবায়ের ৭৭ রানে ৩ উইকেট, আবুল বাশার ২৩ রানে ২ উইকেট ও তারিকুল ৬৩ রানে ২ উইকেট নিয়েছেন। ৩০২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে বরিশাল দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। এদিকে ঢাকায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় দিনে স্বাগতিকরা ব্যাটে-বলে দারুণ সফল। আগেরদিন শুরু করা ৪ উইকেটে ১৩২ রানের প্রথম ইনিংসটি ৩১৩ রানে গিয়ে থেমেছে। তাতে বড় অবদান নাজমুল হোসেন মিলনের ৯৩ রানের। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এই অলরাউন্ডার, ৪টি করে চার-ছক্কায় সাজানো ইনিংসটির সামপ্তি ঘটে আলমগীরের বলে বোল্ড হওয়ার মাধ্যমে। তিনি অষ্টম উইকেট জুটিতে ৭৯ রান যোগ করেছেন মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে। এর আগে মেহরাব জুনিয়র (৫১) ও মাহমুদউল্লাহ (৪১) ভাল ভিত্তি গড়ে দিয়ে গেছেন। ঢাকা ৩১৩ রান করার পরও অবশ্য ৫২ রানে এগিয়ে রাজশাহী। কিন্তু সেই ঘাটতিটুকু পুষিয়ে দিয়েছে ঢাকার বোলাররা। যেজন্য দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই বিপদে রাজশাহী এবং ৭ উইকেটে ৫৯ রান তুলে মাত্র ১১১ রানের লিড নিয়ে দিন শেষ করতে পেরেছে। মূলত মোশররফ রুবেল বিধ্বংসী বোলিংয়ের কাছেই আত্মসমর্পন করেছেন রাজশাহীর ব্যাটসম্যানরা। মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে এই অফস্পিনার গুঁড়িয়ে দিয়েছেন রাজশাহীর মিডল অর্ডার। তার আগে টপ অর্ডারে ধাক্কা দিয়েছেন শরীফ (১/১৪), মাহবুবুল (১/২১) ও রফিক (১/৯)। এখন উইকেটে আছেন প্রথম ইনিংসের দুই সফল ব্যাটসম্যান নাঈম (৫*) ও শাহাজাদা (৬*)। নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামের ম্যাচটি দারুন জমে উঠেছে। শেষদিনে ২৩৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামবে চট্টগ্রাম। তৃতীয় দিনে দুই পেসার কামরুল ইসলাম (৪/৩৭) ও তারেক আজিজের (৪/৫৪) তোপের মুখে মাত্র ২০১ রানে শেষ হয়ে গেছে সিলেটের দ্বিতীয় ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেছেন নাবিল সামাদ। এর অগে সকালে আগের দিনের ৭ উইকেটে ২৮৮ রান নিয়ে খেলতে নেমে চট্টগ্রাম প্রথম ইনিংস শেষ করেছে ৩১৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.