২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০তম টেস্টকে তাহলে স্মরণীয় করেই রাখা যাচ্ছে!

টেস্টেও বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ক্রিকেটপ্রেমীদের উৎকন্ঠায় রাখতে অভ্যস্ত! বিশেষ করে মধ্যাহ্ন বা চা বিরতির আগে-পরে কিংবা দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে। ওই সময়টায় উইকেট হারানোর নিয়মের চর্চাই তো হয়ে আসছে গত সাত বছর ধরে! সেই ধারায় পুরো ব্যতিক্রমই দেখা গেল শনিবার ডানেডিন টেস্টের দ্বিতীয় দিনে। লিখেছেন মাসুদ পারভেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টেস্টেও বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ক্রিকেটপ্রেমীদের উৎকন্ঠায় রাখতে অভ্যস্ত! বিশেষ করে মধ্যাহ্ন বা চা বিরতির আগে-পরে কিংবা দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে। ওই সময়টায় উইকেট হারানোর নিয়মের চর্চাই তো হয়ে আসছে গত সাত বছর ধরে! সেই ধারায় পুরো ব্যতিক্রমই দেখা গেল শনিবার ডানেডিন টেস্টের দ্বিতীয় দিনে। চা বিরতির আগে দ্বিতীয় ইনিংস শুরু করা টাইগাররা দিনটা পার করে দিল বিনা উইকেটে ১৪৮ রান তুলে। এর আগের ৪৯ টেস্টের স্কোরকার্ড ঘেঁটে দেখা যাচ্ছে, ইনিংস শুরুর পর কোনো উইকেট না হারিয়ে একশো পার করে দিন শেষ করার এটাই একমাত্র ঘটনা বাংলাদেশের। প্রথম ইনিংসে ১৩৭ রানে অলআউট হওয়ার লজ্জার পর ৫০তম টেস্টের উপলক্ষটাকে স্মরণীয় করে রাখার রসদও তাই পাওয়া হয়ে গেল মোহাম্মদ আশরাফুলের দলের। ডানেডিন টেস্টের দ্বিতীয় দিনটাতে এরকম আরো অনেক কিছুই মিলেছে। লিখেছেন মাসুদ পারভেজ এর আগে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করার সেরা ঘটনা ঘটেছিল ২০০৫ সালের জানুয়ারিতে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ পরের টেস্টে নেমেছিল সিরিজ জেতার জন্য। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেই টেস্টে হারের শঙ্কাই বরং উঁকি দিচ্ছিল বাংলাদেশ শিবিরে। ৩৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ চতুর্থ দিন শেষ করেছিল বিনা উইকেটে ৯৮ রান তুলে। পরের দিন দলকে ১৩৩ রান পর্যন্ত টেনে নিয়ে জাভেদ ওমর ও নাফিস ইকবাল গড়েছিলেন টেস্টে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটির রেকর্ড। দু'ক্ষেত্রেই বড় ভাই নাফিস ইকবালকে টপকে গেলেন তামিম ইকবাল, তার সঙ্গে রইলেন জুনায়েদ ইমরোজ সিদ্দিকী। তামিম-জুনায়েদের অবিচ্ছিন্ন ১৪৮ রান যে কোনো উইকেটে বাংলাদেশের তৃতীয় সেরা জুটি। গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমকে (৮০) নিয়ে মোহাম্মদ আশরাফুলের (১২৯*) ষষ্ঠ উইকেটে ১৯১ রানই সেরা জুটির মর্যাদা নিয়ে আছে। ৫ উইকেটে ৭৮ থেকে তারা দলকে নিয়ে গিয়েছিলেন ২৬৯-এ। কিন্তু তৃতীয় দিন ৫ উইকেটে ২৬১ রান নিয়ে চা বিরতি থেকে ফেরার পর পরই নেমেছিল ধস। ২০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানে শেষ হওয়া বাংলাদেশ টেস্টটা হেরেছিল ইনিংসের ব্যবধানেই। এমনকি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা দিনটিতেও আছে বিরতি এবং দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে উইকেট হারানোর দুঃখজনক ঘটনা। ২০০৬ এর এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টের প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছিল ৫ উইকেটে ৩৫৫ রান তুলে। কিন্তু সেটি হতে পারতো ৪ উইকেটেও, যদি দিনের খেলা শেষ হওয়ার ১৬ বল বাকি থাকতে আফতাব আহমেদ আউট না হতেন। সেদিনই ১ উইকেটে ২৩৮ রান নিয়ে যখন চা বিরতিতে যাওয়ার কথা বাংলাদেশের, তখনই আছে আরেকটা ছন্দপতন। দ্বিতীয় উইকেটে শাহরিয়ার নাফীসের (১৩৮) সঙ্গে ১৮৭ রান যোগ করে হাবিবুল বাশার (৭৬) আউট হওয়ার সঙ্গে সঙ্গেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। যেটি আবার যে কোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি হয়ে আছে। সেরা দুটো জুটি ছাড়িয়ে যাওয়ার হাতছানিও আছে তামিম-জুনায়েদের সামনে। দু'জনেই তাদের টেস্ট অভিষেককে স্মরণীয় করে রাখলেন। ২০০৪ সালের অক্টোবরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহাম্মদ আশরাফুলের করা ৬৭ রানই এতো দিন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস হয়ে ছিল। শনিবার নতুন দুই ওপেনারই টপকে গেলেন বাংলাদেশ অধিনায়ককে। প্রথম ইনিংসে মাত্র ১ রান করে আউট হওয়া জুনায়েদের প্রথম টেস্ট ফিফটিটি রোববার শুরু হবে ৬৯ থেকে। আর তামিম শুরু করবেন ৭২ থেকে। দু'জনের চোখেই থাকবে আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ আশরাফুলের মতো টেস্ট অভিষেকেই সেঞ্চুরির স্বপ্ন। তবে তামিমের মতো আর কোনো বাংলাদেশীর নেই টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ফিফটি করার কৃতিত্ব। অবশ্য এর আগে দুই ইনিংসেই ফিফটি করার ঘটনা আছে ছয়টি। যার চারটিই করেছেন হাবিবুল বাশার। অন্য দুটো জাভেদ ওমর এবং হান্নান সরকারের। আর একই টেস্টে ফিফটি এবং সেঞ্চুরির বিরল ঘটনা দুবার ঘটেছে যে বাংলাদেশীর ব্যাটে, সেই হাবিবুলের সঙ্গী হওয়ারও হাতছানি আছে তামিমের সামনে! আবার তৃতীয় দিন শুরুর সময় শঙ্কাও থাকছে। কারণ দিনের শুরুতেও হুড়মুড়িয়ে উইকেট হারানোর বদভ্যাসও যে আছে বাংলাদেশ দলের! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৫৮ঘ.