ডানেডিন, ৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দলের মামুলি স্কোর। কিন্তু তার মাঝেও কোনো একজনের ব্যক্তিগত ইনিংসটা বলার মতো। ৫০-তম টেস্টেও বাংলাদেশের ব্যাটিংয়ের সেই পুরনো চেহারাটাই দেখা গেল আবার। ডানেডিনে শুক্রবার শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বলার মতো রান এসেছে কেবল তামিম ইকবালের ব্যাট থেকেই। ফিফটি করে এই ওপেনার অভিষেক স্মরণীয় করে রাখলেও দলের ব্যাটিংটা ভুলে যাওয়ার মতোই। ৪৬.১ ওভারে মাত্র ১৩৭ রানেই যে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এমন সংগ্রহের পরও বোলাররা যে হতাশ করেননি, সেটাই হয়ে থাকছে ডানেডিন টেস্টের প্রথম দিনে বাংলাদেশের জন্য একমাত্র ইতিবাচক দিক। ৫৮ রানে ৩ উইকেট খোঁয়ানো নিউজিল্যান্ড অবশ্য বিপর্যয় সামাল দিয়েছে ভালোই। প্রথম দিনের শেষে তাদের রান ৪ উইকেটে ১৫৬। অর্থাৎ ১৯ রানের লিড তাদের।
এই টেস্টে নতুন ওপেনিং জুটি দেখেছে বাংলাদেশ। জাভেদ ওমর-শাহরিয়ার নাফীসের ওপেনিং জুটি ভাঙ্গার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলে বাংলাদেশ শিবির। তবে টস হেরে ব্যাটিংয়ে নামার পর তামিম ইকবাল-জুনায়েদ সিদ্দিকীর নতুন ওপেনিং জুটির স্থায়িত্ব মাত্র ২.২ ওভার এবং ৫ রানের। সফলতম কিউই বোলার ক্রিস মার্টিনের বলে স্লিপে স্টিফেন ফ্লেমিংকে ক্যাচ দিয়ে আসেন জুনায়েদ (১)।
শুরুর এই ধাক্কার পর ভালো কিছুরই ইঙ্গিত ছিল হাবিবুল বাশারের ব্যাটে। প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক এদিনই ছুঁয়ে ফেলবেন বলেও মনে হচ্ছিল। এজন্য প্রয়োজন ছিল ৪৭ রানের। কিন্তু থার্ডম্যান দিয়ে দুটো ছক্কা হাকানো হাবিবুলেরও মতিভ্রম হলো তাড়াতাড়িই। মার্টিনের বল তার হাবিবুলের (২৩) ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককালামের গ্লাভসে।
মার্টিন তার পরের ওভারের প্রথম বলেই মোহাম্মদ আশরাফুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দাঁড়ান হ্যাটট্টিকের সামনে। মুখোমুখি হওয়া প্রথম বলেই শট অফার না করার শাস্তি পান বাংলাদেশ অধিনায়ক। মানে 'গোল্ডেন ডাক'। এতে আশরাফূলের টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শুন্য রানে আউট হওয়ার রেকর্ডটা আরো উন্নত হলো! এই নিয়ে ত্রয়োদশবারের মতো শুন্য রানে আউট হলেন তিনি!
হাবিবুল ও আশরাফুলের পরপর বিদায়ে ছিল আরেকটি ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা। শাহরিয়ার নাফীস এসে মার্টিনের হ্যাটট্টিক ঠেকালেও যে শঙ্কাটা শেষপর্যন্ত সত্যিই হয়েছে। তামিমের সঙ্গে চতুর্থ উইকেটে ৩৫ রানের একটা পার্টনারশিপ গড়া নাফীসের ৫০ বলে ১৬ রানের ধৈর্য্যশীল ইনিংসটাও শেষ হয়েছে উইকেট ছুঁড়ে দিয়ে আসার মাধ্যমে। ডেনিয়েল ভেট্টোরির বলে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। ২৫ বলে কোনো রান না করে জ্যাকব ওরামের বলে বোল্ড হওয়া আফতাব আহমেদও দিয়েছেন নাফীসের মতোই ফলহীন ধৈর্য্যরে পরিচয়!
তবুও তামিম উইকেটে ছিলেন বলে আশা টিকে ছিল। কিন্তু দলকে ১০০ রানে রেখে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই ওপেনার আউট হয়ে যাওয়ার পর সেই আশার সমাধি হতে বেশি সময় লাগেনি। নিজের প্রথম স্পেলেই জুনায়েদ, হাবিবুল ও আশরাফুলকে তুলে নিয়ে প্রতিপক্ষকে সবচেয়ে বড় ধাক্কা দেওয়া ক্রিস মার্টিনের চতুর্থ শিকার হওয়ার আগে তার প্রতি রাখার আস্থার প্রতিদান দিয়ে গেছেন তামিম। প্রস্তুতি ম্যাচে অকল্যান্ড এইসেস এর বিপক্ষে সেঞ্চুরির সৌজন্যে টেস্ট একাদশে জায়গা পেয়ে যাওয়া তামিম ৮৮ বলে ৯ বাউন্ডারিতে করে গেছেন ৫৩ রান। যদিও ৩৭ রানে গালিতে ক্রেইগ কামিং ক্যাচ না ফেললে অভিষেকেই ফিফটি পাওয়া হয় না তার।
শেষদিকে মাশরাফি বিন মর্তুজা পাঁচ বাউন্ডারিতে ২২ রান না দিয়ে গেলে বাংলাদেশেরও ১৩৭ হয় না। ৮ রানে শেষ চারটি উইকেট হারিয়ে চার বিরতির কিছুক্ষণ আগে অলআউট হয়ে যায় টাইগাররা। এতো অল্পতে বাংলাদেশকে শেষ করে দেওয়ায় ৬৪ রানে ৪ উইকেট নেওয়া ক্রিস মার্টিন বোলিংয়ে যোগ্য সঙ্গও পেয়েছেন। তিনি শুরুর ধাক্কাটা দেওয়ার পর অন্য দুই পেসার কাইল মিলস (২/২৯) এবং জ্যাকব ওরামরা (৩/২৩) তা কাজে লাগিয়েছেন।
ব্যাটসম্যানরা পুঁজি যৎসামান্য দিলেও বাংলাদেশের বোলাররা সাধ্যমত লড়ার চেষ্টা করেছেন। এই টেস্টেই অভিষিক্ত বাঁ হাতি পেসার সাজিদুল ইসলাম শুরুতেই কিউই ওপেনার ক্রেইগ কামিংকে (১) লেগ বিফোরের ফাঁদে ফেলেন। কিউইরা ১ উইকেটে ১৭ রান নিয়ে চা বিরতিতে যায়। এরপর শাহাদাত হোসের পিটার ফুলটনকে (১৪) বোল্ড করে ব্যাটিং ব্যর্থতার পর উজ্জ্বল বোলিংয়ের আরেক ঝলক দেখান। ৫৮ রানে সাজিদুল সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকেও (১৪) তুলে নিয়ে তামিমের মতো অভিষেকেই সুবাস ছড়ান।
৫৮-৩ থেকে ওপেনার ম্যাথু বেল-ম্যাথু সিনক্লেয়ারের ৬৩ রানের জুটি বিপর্যয় থেকে পার করে নেয় কিউইদের। এদিন 'ওয়ান চেঞ্জ' বোলারের ভূমিকায় নামা মাশরাফি সিনক্লেয়ারকে (২৯) লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করলেও আউট করা যায়নি বেলকে। ছয় বছর পর তাকে টেস্ট দলে ফিরিয়ে আনার যৌক্তিকতা প্রমাণ করে তিনি অপরাজিত আছেন ৭৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/১৩১৫ঘ.
bdnews24