সিডনি, ৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মেলবোর্নে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই দুশোর ঘর পার হতে না পারা ভারত শুক্রবার সিডনিতে সাজিয়ে বসেছিল দুর্দান্ত ব্যাটিংয়ের পসরা। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তারা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস (৪৬৩) লিড নিয়েছে ৬৯ রানের। আগেরদিন ভিভিএস লক্ষণের সেঞ্চুরিতে লড়াইয়ের রসদ পাওয়া ভারতকে শুক্রবার পাঁচশো রানের চূড়ায় নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার। লক্ষণের মতো তিনিও এসসিজিতে (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) পেয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকের ৩৮-তম টেস্ট সেঞ্চুরিতে তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংস ৫৩২ রানে শেষ হলেও হয়নি শচীনের ইনিংসটি। খেলেছেন ১৫৪ রানের হার না মানা ইনিংস। সুবাদে ৬৯ রানের লিড ভারতের। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৩ রান তুলে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া এখনো ৫৬ রানে পিছিয়ে।
এসসিজি অবশ্য শচীন টেন্ডুলকারের জন্য পয়া মাঠ হিসেবেই পরিচিত। সেই ১৯৯২ সালে তার ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়া সফরে তিনি এখানে অপরাজিত ১৪৮ রানের একটা অসাধারণ ইনিংস। চার বছর আগের অস্ট্রেলিয়া সফরে এই মাঠেই অপরাজিত ডাবল সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। এবার সেখানে প্রায় সাত ঘন্টায় অস্ট্রেলিয়ান বোলারদের ঠেঙ্গিয়ে ২৪৩ বলে করলেন ১৫৪ রান। যে ইনিংসটা ১৪ বাউন্ডারি ও একটি ছক্কা দিয়ে সাজানো। ইনিংসটা খেলে সাজঘরে ফেরার সময় শচীনকে দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন সিডনির দর্শকরা। কারণ এটিকেই ধরে নেওয়া হচ্ছে সিডনিতে তার শেষ টেস্ট। ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা শচীনের ওই ইনিংসে এখন রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার জয়রথ থামার হুমকি। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড ছোঁয়ার লক্ষ্য নিয়েই এই টেস্ট খেলতে নেমেছে তারা। কিন্তু তৃতীয় দিনের শেষে শচীনের ব্যাটে বরং ভারতই চোখ রাঙ্গাতে পারছে।
৩ উইকেটে ২১৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ভারত। সকাল থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের হতাশা উপহার দিয়ে যাচ্ছিল শচীন ও সৌরভ গাঙ্গুলীর জুটি। ১০৮ রানের পার্টনারশিপ গড়ে বিচ্ছিন্ন হন তারা। সৌরভকে (৬৭) মাইক হাসির ক্যাচ বানিয়ে ব্র্যাড হগ থামালেও থামেনি ভারতের রানের চাকা। ব্রেট লি দ্রুতই যুবরাজ সিং (১২), মহেন্দ্র ধোনী (২) ও অনিল কুম্বলেকে (২) তুলে নিলেও হরভজন সিংকে সঙ্গে নিয়ে এই ধ্বস সামাল দিয়ে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন শচীনই। অষ্টম উইকেটে হরভজনকে নিয়ে তিনি যোগ করেছেন ১২৪ রান। শচীনকে দারুণ সঙ্গ দেওয়া হরভজন আউট হয়েছেন ৬৩ রান করে। শেষ ব্যাটসম্যান ইশান্ত শর্মাও পাঁচ বাউন্ডারিতে ২৩ রান করে ভারতকে সুবিধাজনক অবস্থানে পৌছে দিতে রেখেছেন ভূমিকা।
তার ইনিংসটির এমনই মহিমা যে তৃতীয় দিনের শেষে ব্রেট লি'র পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্বও আলোচনায় আসছে না। ১১৯ রানে ৫ উইকেট, টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো ইনিংসে এমন সাফল্য পেলেন লি। কিন্তু প্রতিপক্ষ ৫৩২ রান করে ফেলার পর এর মাহাত্ম্য কমে যায় অনেকখানিই। এদিন তিনটি ক্যাচ নিয়ে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন অ্যাডাম গিলক্রিস্টও। দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের পর তিনিই এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার যার শিকারে আছে চারশোর বেশি ডিসমিসাল। কিন্তু শচীনের ব্যাটের আলোয় এদিন এসবই পড়ে গেছে আড়ালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪২ঘ.
bdnews24