ব্যাঙ্গালোর, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনেক চেষ্টা করেছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠকর্মীরা। কয়েক দফা বৃষ্টির সঙ্গে লড়াই করে মাঠ অনেকখানি শুকিয়ে এনেছিলেন তারা। কিন্তু স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় (বাংলাদেশ সময় রাত দশটা) দুই আম্পায়ার মাঠ পরিদর্শনের ঠিক আগে আবার নেমেছে বৃষ্টি। খেলা তাই আর শুরু করা সম্ভব হয়নি। ফলে ভারত-অস্ট্রেলিয়া ৭ ম্যাচ ফিউচার কাপের প্রথমটি পরিত্যক্তই ঘোষণা করতে হয়েছে দুই আম্পায়ার সুরেশ শাস্ত্রী ও স্টিভ বাকনরকে। খেলা থেমে যাওয়ার সময় ২ দশমিক ৪ ওভারে শচীন টেন্ডুলকারের উইকেট হারিয়ে ৯ রান করেছিল ভারত। এর আগে মাইকেল ক্লার্কের ১৩০ রানের এক দুর্দান্ত ইনিংসের সুবাদে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩০৭ রান। অস্ট্রেলীয়দের একটা স্বস্তিকর জায়গায় পৌঁছে দিতে ব্র্যাড হ্যাডিনের ৬৯ রানেরও বড় ভূমিকা।
ওয়ানডে অধিনায়ক হিসাবে অভিষেকেই টস হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। অ্যাডাম গিলক্রিস্ট ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুতে অস্ট্রেলিয়াকে বড় এক ধাক্কা দিয়েছেন জহির খান। গিলক্রিস্টের উইকেটটা অবশ্য যুবরাজের দুর্দান্ত ফিল্ডিংয়ের ফসল। ইনিংসের তৃতীয় ও জহিরের করা দ্বিতীয় ওভারের প্রথম বলটি উড়িয়ে মারতে চেয়েছিলেন রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া গিলক্রিস্ট। পয়েন্টের ওপর দিয়ে বল যখন উড়ে যাচ্ছে ঠিক তখনই ডান দিকে ঝাঁপিয়ে দুই হাতে ক্যাচটা ধরে ফেলেন যুবরাজ। অসাধারণ এক ক্যাচে পরিণত হওয়ার আগে গিলক্রিস্টের ব্যাট থেকে এসেছে ১২ রান।
শ্রীশান্তের করা পরের ওভারে ব্র্যাড হজ (০) এলবিডব্লু হয়ে আরো বিপদে ফেলে দিয়েছেন দলকে। ১৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাথু হেইডেনকে নিয়ে ৬০ রানের জুটি গড়েছেন মাইকেল ক্লার্ক। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হেইডেন আস্থার সঙ্গেই খেলছিলেন। ফাইন লেগের ওপর দিয়ে আরপি সিংকে ছক্কাসহ ৫টি বাউন্ডারি মেরে ভারতের সামনে হুমকি হয়েও দাঁড়িয়েছিলেন। তবে ৩৪ বলে ৩৯ রান করা হেইডেনকে বোল্ড করে স্বাগতিকদের উল্লাসে ভাসিয়েছেন শ্রীশান্ত। পরের উইকেটটাও এই পেসারের। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস মাত্র ৭ রান করে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন শ্রীশান্তের বলে।
৯০ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন দারুণ দুশ্চিন্তায়। তবে ক্লার্ক ও হ্যাডিনের দৃঢ়তায় বিপদ কেটে যেতেও সময় লাগেনি। শুরুতে ধীরে-সুস্থে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে দু জনেই হাত খুলে খেলেছেন। পঞ্চম উইকেটে ক্লার্ক-হ্যাডিনের ১৪৪ রানের জুটি তিন শতাধিক রানের ভিত গড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত হ্যাডিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটিটা ভেঙ্গেছেন যুবরাজ। হ্যাডিনের ৮৩ বলে ৬৯ রানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও রমেশ পাওয়ারকে মারা বিশাল এক ছক্কা।
পাওয়ারেরই করা পরের ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছেছেন ক্লার্ক। 'ম্যাজিক ফিগার' স্পর্শ করার পর আরো প্রমত্ত হয়েছে তার ব্যাট। পাওয়ারের ঐ ওভারে আরেকটি ছক্কা মেরেছেন তিনি। ঘটনাবহুল সেই ওভারে পাওয়ারকে রিটার্ন ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া জেমস হোপসও কম যাননি। ক্লার্কের সঙ্গে মাত্র ৮ ওভারে ৭৩ রানের জুটি গড়া হোপসের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৭ রানের এক 'ক্যামিও' ইনিংস। জহির খানের করা শেষ ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে টেন্ডুলকারের হাতে ধরা পড়েছেন তিনি। শেষ বলটি ছিল ইয়র্কার। সেটা ঠেকিয়ে রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ক্লার্ক। তবে তার আগে ক্লার্কের ব্যাট থেকে এসেছে ১০টা বাউন্ডারি ও ৩টা ছক্কা সমৃদ্ধ ১৩২ বলে ১৩০ রানের এক দুর্দান্ত ইনিংস। ৫৫ রানে ৩ উইকেট নিয়ে শ্রীশান্ত ভারতের সফলতম বোলার। ৬৪ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন জহির।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২৪৫ঘ.
bdnews24