নয়াদিল্লী, ২৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ ইউসুফকে হারিয়ে ফেলার দুঃখ এখন কিছুটা হলেও ভুলতে পারবে ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল কর্মকর্তারা। শুক্রবার এক সঙ্গে ৬ জন আন্তর্জাতিক ক্রিকেটার যোগ দিয়েছেন আইসিএল-এ। এই ৬ জনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ক্রিকেটার নিঃসন্দেহে ক্রিস কেয়ার্নস। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের সঙ্গে 'বিদ্রোহী' ক্রিকেট লিগটিতে যোগ দিয়েছেন তার তিন স্বদেশী নাথান অ্যাস্টল, ক্রিস হ্যারিস ও হামিশ মার্শাল। অন্য দু জন হলেন ইংলিশ ব্যাটসম্যান ড্যারেন ম্যাডি ও পাকিস্তানের অলরাউন্ডার আজহার মেহমুদ।
কেয়ার্নস, অ্যাস্টল ও হ্যারিস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মার্শাল অবশ্য কাউন্টিতে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে রাজি হননি। আজহার মেহমুদও পাকিস্তান দলে উপেক্ষিত। এক মাত্র ম্যাডিই অনিয়মিতভাবে হলেও ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছেন। তার পরও এই ৬ জনকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আইসিএল-এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান কপিল দেব, "আইসিএল পরিবারে এই খেলোয়াড়দের স্বাগত জানাতে পেরে আমরা দারুণ আনন্দিত। এই প্রতিভাবান অভিজ্ঞ ক্রিকেটাররা নিঃসন্দেহে তাদের সঙ্গে খেলা তরুণদের শেখার ব্যাপারে দারুণ এক উৎস হবে। তাদের অভিভাবকত্বে ভারতীয় ক্রিকেট লিগের খেলোয়াড়রা দক্ষতা বাড়াতে পারবে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২২৩ঘ.
bdnews24