২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির জায়গায় নিজেকেও কল্পনা করেছিলেন আশরাফুল

হরভজন সিংয়ের এক ওভারে মিসবাহ-উল হকের তিন তিনটি ছক্কা মারার ঘটনাই হওয়া উচিত ভারত-পাকিস্তান টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেরা মুহূর্ত। এজন্যই তো একপেশে হতে যাওয়া ফাইনালটায় ফিরেছিল প্রাণ, শেষ ওভার পর্যন্ত টিকেছিল উত্তেজনা। তবে এটা তো নয়ই। এমনকি শেষ ওভারে ফাইন লেগ ফিল্ডারের হাতে মিসবাহ'র ধরা পড়ার মাধ্যমে পাকিস্তানের শিরোপার চৌকাঠ থেকে ফিরে আসাকেও সেরা মুহূর্ত বলে মনে হচ্ছে না মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশ অধিনায়কের বেছে নেওয়া সেরা মহূর্তটি আসলে ম্যাচেরই অংশ নয়, "ধোনির ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তটাই আমার কাছে সেরা।" কারণ, "ও নতুন অধিনায়ক। ভারতও একেবারে তরুণ একটা দল। এই দলের বিশ্বকাপ জিতে যাওয়া কম কথা নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- হরভজন সিংয়ের এক ওভারে মিসবাহ-উল হকের তিন তিনটি ছক্কা মারার ঘটনাই হওয়া উচিত ভারত-পাকিস্তান টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেরা মুহূর্ত। এজন্যই তো একপেশে হতে যাওয়া ফাইনালটায় ফিরেছিল প্রাণ, শেষ ওভার পর্যন্ত টিকেছিল উত্তেজনা। তবে এটা তো নয়ই। এমনকি শেষ ওভারে ফাইন লেগ ফিল্ডারের হাতে মিসবাহ'র ধরা পড়ার মাধ্যমে পাকিস্তানের শিরোপার চৌকাঠ থেকে ফিরে আসাকেও সেরা মুহূর্ত বলে মনে হচ্ছে না মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশ অধিনায়কের বেছে নেওয়া সেরা মহূর্তটি আসলে ম্যাচেরই অংশ নয়, "ধোনির ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তটাই আমার কাছে সেরা।" কারণ, "ও নতুন অধিনায়ক। ভারতও একেবারে তরুণ একটা দল। এই দলের বিশ্বকাপ জিতে যাওয়া কম কথা নয়।" আশরাফুল নিজেও তারুণ্যনির্ভর একটা দলের নতুন অধিনায়ক। কথায় কথায় জানা হয়ে গেল, তার সেরা মুহূর্ত বাছায় এই মিলটারই নাকি সবচেয়ে বড়ো ভূমিকা। গোড়ান বনশ্রী প্রজেক্টের বাসায় বসে ফাইনাল দেখছিলেন বটে। কিন্তু ধোনির হাতে যখন প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ট্রফি শোভা পাচ্ছে, আনমনা আশরাফুল তখন যেন জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামেই হারিয়ে যাচ্ছিলেন বারবার। তার নিজের মুখ থেকেই শুনে নেওয়া যাক সেই স্বীকারোক্তি, "অবচেতন মন বলে একটা জিনিস আছে না? ধোনির হাতে যখন ট্রফি তখন বোধহয় ওটাই কাজ করছিল আমার মধ্যে। ওর জায়গায় নিজেকে কল্পনা করতে খুব ভালো লাগছিল। আমাদের দলটাও তরুণ। আমিও অধিনায়ক হয়েছি খুব বেশিদিন হয়নি। ভাবছিলাম, ভারতের জায়গায় আমরা যদি থাকতে পারতাম।" সোমবার ভারতের জায়গায় থাকতে পারতো পাকিস্তানও। ধোনি নয়, শোয়েব মালিকের হাতেই ট্রফিটা ঝকঝক করতে দেখলে সবচেয়ে বেশি খুশী হতেন বাংলাদেশ অধিনায়ক। এর কারণ ব্যাখ্যায় বলছেন, "ছোটোবেলায় পাকিস্তানের খেলা খুব পছন্দ করতাম। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করার পর কাউকে সমর্থন করার ব্যাপারটা আর নেই। এবার পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারেনি বলে যে খারাপ লাগছে, তার কারণও এটা নয়। খেয়াল করলে দেখবেন একা যুবরাজ সিংই ভারতকে ফাইনালে তুলে এনেছে। অন্যদিকে পাকিস্তান ফাইনালে এসেছিল সম্মিলিত প্রচেষ্টায়। তারা একটা দল হিসেবে খেলছিল। এজন্যই চাইছিলাম তারা যেন জেতে।" না জিতলেও ম্যাচটা যেমন হয়েছে, সেটাকে এক কথায় 'সলিড ফাইনাল' বলছেন আশরাফুল। গ্র"প পর্বের ভারত ম্যাচে হিরো হতে হতেও শেষপর্যন্ত ভিলেন বনে গিয়েছিলেন মিসবাহ-উল হক। বোল আউটে ম্যাচটা হেরেছিল পাকিস্তান। ফাইনালেও তার একই পরিণতি। যখন মাত্র ৬ রানের প্রয়োজন, তখন আশরাফুলের মতো 'স্কুপ প্যাডেল' মারতে গিয়ে ফাঁদে পা দেন মিসবাহ। ওই সময়ে এধরনের শট খেলার কোনো প্রয়োজন দেখছেন না আশরাফুল, "কেন যে ওভাবে মারতে গেল। হ্যাঁ, ওটা আমার মতো শট ছিল। দক্ষিণ আফ্রিকায় হোটেলে বসে যখন টিভিতে অন্য দলের ম্যাচ দেখতাম, তখন অনেক ব্যাটসম্যানকেই এটা মারতে দেখেছি। শুনেছি ধারাভাষ্যকাররা বলছেন 'আশরাফুল শট'। আমার নামে একটা শটের নামই হয়ে গেছে শুনতে খুব ভালো লাগতো। কিন্তু এটা তো মারবে তারা, যাদের গায়ে আমার মতো শক্তি কম। মিসবাহ'র ওই শট খেলার কী দরকার? ওর গায়ে প্রচন্ড শক্তি। অন্য কোনোভাবে ও জোরে পেটালেই কাজ হয়ে যেত বলে মনে হয় আমার।" টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটটা অচিরেই জনপ্রিয়তায় ওয়ানডে ক্রিকেটকে ছাড়িয়ে যেতে পারে বলেও মনে হয় তার, "দক্ষিণ আফ্রিকায় গ্যালারির যেদিকেই তাকিয়েছি, কোথাও খালি দেখিনি। এতেই বোঝা যায় কতোটা সাড়া ফেলেছে এধরনের খেলা। মাত্র তিন ঘন্টার মধ্যেই শেষ হওয়াও এই খেলাটার জনপ্রিয়তার অন্যতম কারণ হতে পারে। আমারও তো খেলতে মজাই লেগেছে। শিগগিরই এটা সবচেয়ে জনপ্রিয় হয়েও যেতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ