২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাজিটা হেরেছি, কিন্তু দর্শক হিসেবে জিতেছি'

ম্যাচের মাঝ বিরতির সময় বলেছিলাম, এক ওভার বাকি থাকতেই ফাইনালে জিতে যাওয়া উচিত পাকিস্তানের। কিন্তু শেষপর্যন্ত যা ঘটলো সেটাকে প্রচলিত বাংলায় আমার 'ধরা খাওয়া' বলতে পারেন। অথচ এমন হওয়ারই কথা ছিল না। পুরো টুর্নামেন্টে পাকিস্তানের ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতা ছিল। মিডল অর্ডার ব্যাটসম্যানরা নিয়মিত রান দিচ্ছিলেন। শুরুটাও ভালো হচ্ছিল সবসময়। তার ওপর ভিত্তি করেই বলেছিলাম, পাকিস্তান জিতবে। কিন্তু তারা হেরে বরং 'আনপ্রেডিক্টেবল' দলের তকমাটাই ধরে রাখলো। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ এভাবেই বিশ্লেষণ করেছেন ভারত-পাকিস্তান ফাইনালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 05:02 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ম্যাচের মাঝ বিরতির সময় বলেছিলাম, এক ওভার বাকি থাকতেই ফাইনালে জিতে যাওয়া উচিত পাকিস্তানের। কিন্তু শেষপর্যন্ত যা ঘটলো সেটাকে প্রচলিত বাংলায় আমার 'ধরা খাওয়া' বলতে পারেন। অথচ এমন হওয়ারই কথা ছিল না। পুরো টুর্নামেন্টে পাকিস্তানের ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতা ছিল। মিডল অর্ডার ব্যাটসম্যানরা নিয়মিত রান দিচ্ছিলেন। ফাইনালে শহীদ আফ্রিদির কাছ থেকে একটা ভালো ইনিংস পাওনা হয়ে গিয়েছিল। কিন্তু তার পাশাপাশি রানে থাকা অধিনায়ক শোয়েব মালিকও এদিন ব্যর্থ হলেন। শুরুর দিকে নেমে নিয়মিতই রান করা মোহাম্মদ হাফিজেরও একই হাল। ভবিষ্যদ্বানী করার আগে এই টুর্নামেন্টে তাদের অতীত ভুলে যাওয়া তো সম্ভব ছিল না কিছুতেই। তারওপর ভিত্তি করেই বলেছিলাম, পাকিস্তান জিতবে। কিন্তু তারা হেরে বরং 'আনপ্রেডিক্টেবল' দলের তকমাটাই ধরে রাখলো। তবে এটা মানতেই হবে দেখার মতো ম্যাচ হয়েছে একটা। শেষ ওভার পর্যন্ত টিকে ছিল এই ম্যাচের উত্তেজনা। বলা যায় 'ক্রিকেট উত্তেজনা'র বিজ্ঞাপন হওয়ার মতো ম্যাচ। পেন্ডুলামের মতো ম্যাচের ভাগ্য বারবার এদিক-সেদিক দুলেছে। পাকিস্তান জিতবে ধরে তাদের ব্যাটিং দেখতে বসার পর তো এক পর্যায়ে ভারতই সহজে জিতবে বলে মনে হচ্ছিল। সেখান থেকেই কিনা জেতার মতো অবস্থায় পৌছে গিয়েছিল পাকিস্তান। এক্ষেত্রে সোহেল তানভীরের মারা ছক্কা দুটো যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি মোহাম্মদ আসিফের বাউন্ডারিটাও। এবং এরা দু'জনেই টেল এন্ডার। তাদের ব্যাটে চড়ে যেখানে দল জয়ের কাছাকাছি চলে যেতে পারে, সেখানে স্বীকৃত ব্যাটসম্যানরা রান করলে চ্যাম্পিয়ন হওয়া কোনো ঘটনাই ছিল না পাকিস্তানের জন্য। পাকিস্তানের পক্ষে বাজি ধরার যৌক্তিকতা বোধহয় আপনাদের বোঝাতে পেরেছি এতোক্ষণে। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই স্নায়ুক্ষয়ী। এই ক্ষয়ের ব্যাপারটাও পাকিস্তানের ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে বলে মনে হয় আমার। ইমরান নাজির ভালোই ব্যাটিং করছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে গেল। তাছাড়া এতোদিন শুরুতে ভালো পার্টনারশিপও পেয়ে আসছিল পাকিস্তান। ফাইনালে সেটাও তারা পায়নি। আর ভারতের বোলিংকে এক কথায় বলা যায় 'ক্লিনিক্যাল', মানে দারুণ সুবিন্যস্ত। ফাইনালের সেরা খেলোয়াড় ইরফান পাঠানের কথাই বলি। টুর্নামেন্টে ওর সেরা বোলিংটা করেছে। ওর বুদ্ধিদীপ্ত বোলিং ভারতকে শিরোপার পথে এগিয়ে দিয়েছিল অনেকখানি। আফ্রিদিকে যেমন স্লোয়ারে আউট করলো। এছাড়া মাঝে-মধ্যে 'চেঞ্জ অব পেস'টা এতো দারুণ করেছে যে আমি মুগ্ধ। তবুও হিরো প্রায় হয়েই যাচ্ছিলেন মিসবাহ-উল হক। ওই শটটা না খেললেই পারতো। ওটাই তো আর ম্যাচের শেষ বল ছিল না। ওর বোধহয় আর তর সইছিল না। যেকারণে বাজিটাও হেরে গেলাম আমি। তবে দর্শক হিসেবে আমিও জয়ী, আপনাদের মতো। এমন ম্যাচ আবার কবে দেখবো কে জানে! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৫৫ঘ.