ঢাকা, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সাক্ষাৎকার দিয়ে যাওয়া জন হার্মারকে জাতীয় দলের হেড কোচ হিসেবে পছন্দ নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তাকে হিসাবের বাইরে রেখে যাদের আশায় বসেছিল বিসিবি তারাও নিরাশ করেছেন। ডেভ হটনের পর এবার জেমি সিডন্সও 'না' করে দেওয়ায় কোচ নিয়োগ প্রক্রিয়াটাই পড়ে গেছে দারুণ এক সংকটে। "বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোচ চাই"- এমন একটা বিজ্ঞাপন ইন্টারনেটে ছাড়াকেই আপাতত সংকট উত্তরণে সম্ভাব্য সেরা বিকল্প মনে হচ্ছে বিসিবির। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে তেমন চিন্তার কথাই জানিয়েছেন।
অবশ্য ইন্টারনেটের মাধ্যমে কোচ চেয়ে আন্তর্জাতিক বিজ্ঞাপন দেওয়ার আগে কিছু দিন অপেক্ষা করে নিতে চান তিনি। এই অপেক্ষার কারণ, "অল্প কয়েকজন কোচের সঙ্গে এখনো আলোচনা চলছে আমাদের। দ্রুতই যদি সেটার কোনো অগ্রগতি না হয়, সেক্ষেত্রেই আন্তর্জাতিক বিজ্ঞাপনে যাবো আমরা। দেখি না এরমধ্যে কিছূ হয় কিনা।" এখন বিসিবির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা কোচদের কারো নামই বলতে চাইলেন না লিপু। তাই বলে কারো কারো নাম একদম গোপনও থাকেনি। যেমন অ্যালান ক্যাম্পবেল নামের আরেক অস্ট্রেলিয়ান কোচ তার বায়োডাটা পাঠিয়েছেন বিসিবিতে। এবং তার প্রোফাইল নাকি মনেও ধরেছে লিপুদের। শেষ চেষ্টা হিসেবে এখন ওই অস্ট্রেলিয়ানের সঙ্গেই আলোচনা চলছে বলে জানা গেছে।
তবে অবস্থা এখন যা তাতে ২০ সেপ্টেম্বরের বোর্ড সভায় কোচ ইস্যুটাই হতে যাচ্ছে মূল আলোচ্য বিষয়। লিপু তেমন ইঙ্গিতই দিলেন, "২০ তারিখে বোর্ড সভা আছে। সেখানে এই বিষয়টা নিয়ে সবার পরামর্শ চাওয়া হবে। সামনেই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। এই অবস্থায় কোচ পাওয়া না যাওয়াটা বড়ো সমস্যাই। সুতরাং বোর্ড সভায় এটারই প্রাধান্য পাওয়া উচিত।" আন্তর্জাতিক বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্তটাও অনুমোদন পেয়ে যেতে পারে বোর্ড সভাতেই। এখানে লিপু আরো যোগ করছেন, "প্রথম করনীয় কী, সেটা তো আগেই বললাম। কয়েকজনের সঙ্গে চলতে থাকা আলোচনা না এগুলে আমাদের দ্বিতীয় করণীয় হবে, ইন্টারনেটে কোচ চেয়ে আন্তর্জাতিক বিজ্ঞাপন দেওয়া। আমার জানামতে বাংলাদেশে এরকম আর কখনোই করা হয়নি। কোচের যেমন সংকট তাতে এছাড়া কোনো উপায়ও দেখছি না।"
ডেভ হটন ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশের কোচ হওয়ার ব্যাপারে তার অপারগতার কথা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সিডন্সের 'না' করে দেওয়ার কারণ ভিন্ন। বিসিবির সঙ্গে তার কথাবার্তায় একদমই বনিবনা হচ্ছিল না। এ প্রসঙ্গে লিপু শুধু এটুকুই বলেছেন, "দু'পক্ষের মধ্যে মতপার্থক্যের কারণেই আসলে সিডন্সের সঙ্গে সবকিছু চুকিয়ে ফেলতে হলো। তার কিছু শর্ত যেমন আমাদের পছন্দ হচ্ছিল না, তেমনি আমাদের কিছূ শর্তও তার পছন্দ হয়নি।"
খোঁজ নিয়ে জানা গেছে, সিডন্স যে পারিশ্রমিক দাবি করেছিলেন তার অঙ্কটা অবিশ্বাস্য। পাশাপাশি তার দেওয়া কিছু শর্তও বিসিবির পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল। জন হার্মার সাক্ষাৎকার দিয়ে যেতে পেরেছেন অথচ সিডন্স কিনা বলেছিলেন তাকে সরাসরি কোচ হিসেবে নিয়োগ দিতে হবে। সাক্ষাৎকার দিতে তিনি আসতে পারবেন না। শুধু এটাই নয়। তার সঙ্গে বিসিবির আলোচনা ভেস্তে যাওয়ায় সবচেয়ে বড়ো ভুমিকা রেখেছে আসলে সিডন্সের দেওয়া আরেকটা শর্ত।
চুক্তিবদ্ধ হলে যেকোনো সময়ে বাংলাদেশের চাকরি ছেড়ে চলে যাওয়ার অধিকার থাকত তার। আবার বিসিবিও যে কোনো সময়ে তাকে চাকরিচ্যুত করতে পারতো। এখন বিসিবিতে কর্মরত সব বিদেশী কোচের চুক্তিতেই এমন ধারা উল্লেখিত আছে। সেক্ষেত্রে মেয়াদ পুরো করার আগেই তাদের চাকরি ছাড়ার কিংবা অব্যাহতি পাওয়ার পরবর্তী তিন মাসের বেতন দিতে হবে বিসিবিকে। সিডন্স দাবি করেছিলেন, তিন বছরের চুক্তির ছয় মাস পার করে চলে গেলেও তাকে বাকি আড়াই বছরের বেতন দিতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24