ঢাকা, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ওয়েস্ট ইন্ডিজকে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়ে শুরু। এরপর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে রীতিমতো উড়তে থাকা বাংলাদেশকে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া প্রায় মাটিতে নামিয়েছে। তাই বলে বাংলাদেশ শেষ হয়ে গেছে মানতে রাজি নন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেমিফাইনালের স্বপ্ন থেকে একটুও সরে আসছেন না তিনি, "আমরা এখনো শেষ হয়ে যাইনি। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে ভালোভাবে শেষ করতেও সক্ষম আমরা।" সেমিফাইনাল স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে মঙ্গলবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সক্ষমতার প্রমাণ অবশ্যই দিতে হবে টাইগারদের। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া তাদের সুপার এইট পর্বের দ্বিতীয় ম্যাচটা তাই এক অর্থে 'জীবন-মরণ' ম্যাচই হয়ে গেছে আশরাফুলের দলের জন্য।
আর 'জীবন-মরণ' ম্যাচ যখন তখন সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে। সেই চেষ্টার অংশ হিসাবে কিছু পরিবর্তন আনা হয়েছে শ্রীলঙ্কা ম্যাচের বাংলাদেশ একাদশে। পরপর তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর ওপেনার নাজিমউদ্দিনের ওপর এখনো আস্থা হারায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। যে কারণে আরেক ওপেনার জুনায়েদ ইমরোজের ভাগ্যে শিঁকে ছিড়লো না এবারো। তবে দুটো পরিবর্তন নিয়ে ঠিকই এই ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে ভালো পারফরম করতে না পারা ফরহাদ রেজা এবং অলক কাপালির জায়গায় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন দুই অলরাউন্ডার নাদীফ চৌধুরী ও মাহমুদুল্লাহ রিয়াদ। আর এসবই সেমিফাইনাল স্বপ্নের পথে আরো এক ধাপ এগুনোর জন্য। অস্ট্রেলিয়া উড়িয়ে দিলেও যে স্বপ্ন মলিন হয়নি একটুও।
তবে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত না হারা শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে কতোটা কঠিন, সেটা আশরাফুলেরই সবচেয়ে ভালো জানা। ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার কাছে হারের পর বাংলাদেশের কাছে দুঃস্বপ্নের প্রতিশব্দ হয়ে যাওয়া ওয়ান্ডারার্স স্টেডিয়াম এখন 'হ্যাপি হান্টিং গ্রাউন্ড' হয়ে গেছে টাইগারদের জন্য। সেখানেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে তাদের সুপার এইট। এখন ওয়েস্ট ইন্ডিজের পর এখানে শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের অনেক কাছাকাছি চলে যাবে বাংলাদেশ, তবুও ২০ সেপ্টেম্বর সেই স্বপ্নের দরজায় খিল দেওয়ার জন্য তৈরী থাকবে পাকিস্তান। আশার কথা, প্রতিপক্ষ এমন দুটো 'ক্রিকেট দৈত্য' হওয়া সত্ত্বেও বিচলিত নন ব্যাট হাতে এই বিশ্বকাপের অন্যতম বিনোদনসঞ্চারী আশরাফুল। টাইগার ক্রিকেট ডটকমকে সেটাই বলেছেন তিনি, "এই দুটো দলকে আমরা খুব ভালো করেই জানি। তাদের সঙ্গে অনেক ম্যাচও খেলা হয়ে গেছে আমাদের। সুতরাং এই দুটো দলের বিপক্ষেই ভালো ফল পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাস আমাদের আছে।"
এই 'ভালো ফল' এর মানে কী? ক্রিকেটমনস্ক যে কাউকে এটা খুলে বলতে হবে না নিশ্চিত। বছর তিনেক আগের বাংলাদেশ দলের মতো লড়াই করে হারকে ভালো ফলের সীমায় বাঁধে না এই দলটা। তবুও আশরাফুল ভেঙ্গে বলে দিচ্ছেন সেটা,"ভালো ফল মানে অবশ্যই জয়।" অধিনায়কের পরের কথায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের সতর্ক হওয়ার কারণ আছে যথেষ্টই, "এটাকে (জয়) সম্ভব করার মতো খেলোয়াড় কিন্তু আমাদের দলে আছে। পরের দুই ম্যাচে আমরা সেরকম ভালো ফলের আশাই তাই করছি।"
ওয়ান্ডারার্সে ফিরতে পারাও আশরাফুলের আশার পালে একটু বেশিই হাওয়া দিচ্ছে। কারণ কেপটাউনের চেয়ে ওয়ান্ডারার্সের উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক। এখানে স্ট্রোক খেলা তুলনামুলক অনেক সহজ। আশরাফুল তাই স্বাভাবিক কারণেই উচ্ছসিত, "আমি আগেও বলেছি। এখনো বলছি। ওয়ান্ডারার্স ব্যাটিংয়ের জন্য খুব ভালো জায়গা।" সেখানে এবার টস ভাগ্যকেও নিজের সঙ্গী হিসেবে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর আর টস জেতেননি বাংলাদেশ অধিনায়ক। টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে তিনি সাফল্যের অন্যতম অনুষঙ্গ মনে করেন টস জয়কেও। কারণ তাহলে পরে ব্যাট করার সুবিধাটা পাওয়া যাবে। আশরাফুল ব্যখ্যা করে বলছেন,''আপনি যখন আপনার টার্গেটটা জানবেন. তখন চাপ অনেক কম থাকবে। এবং চাহিদা অনুযায়ী নিজের মাঝে গতির সঞ্চার করতে পারবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24