কেপটাউন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ১৫৪ তেমন বড় স্কোর না হলেও ইংল্যান্ডের জন্য তা হয়ে গিয়েছিল পাহাড়সম। যা টপকাতে গিয়ে তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান তুলতে পেরেছে। যার ফল সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১৯ রানে জয়ী। তবে এই জয়ের মূল নায়ক অ্যালবি মর্কেল। প্রথমে ব্যাট হাতে তিনি ঝড়ো গতিতে ৪৩ রান করে দক্ষিণ আফ্রিকাকে লাড়াই করার মতো ১৫৪ রানের একটা ভিত্তি দিয়েছেন। তারপর সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে বল হাতে দুটো মূল্যবান উইকেট নিয়ে ইংল্যান্ডকে শেষ করে স্বাগতিকদের সেমিফাইনালের পথে একধাপ পার করে নিয়েছেন। আর অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি ম্যন অব দ্য ম্যাচ হয়ে।
তবে বল হাতে শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেন সতীর্থ শন পোলক। যে কারণে ২৭ রানে ৩ টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে বেশ বিপদে পড়ে যায় ইংল্যান্ড। পোলক প্রথম ধাক্কাটা দিয়েছেন ইংলিশ ওপেনার রাইটকে (০) ফিরিয়ে দিয়ে। তারপর কলিংউডকেও রানের খাতা খুলতে দেননি কেম্পের ক্যাচ বানিয়ে। মাঝে পড়ে গেছে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেবিন পিটারসেনের উইকেটটি; মাত্র ১৫ রান করেই এনটিনির চমৎকার থ্রোয়ে রান আউট হয়েছেন এই ব্যাটসম্যান।
এরপর প্রায়র (৩২) ও ওয়েইস শাহ (৩৬) ভাল জুটি গড়ে ইংল্যান্ডকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেছেন। ঝড়ো গতিতে না হলেও বলে বলে রান তুলছিলেন তারা। কিন্তু চতুর্থ উইকেটে ৫৫ রান যোগ করে দুজনই অ্যালবি মার্কেলের শিকারে পরিণত হয়েছেন। তারপরও আশা উইকেটে এন্ড্রু ফ্লিনটফ আছেন বলে। কিন্তু তিনি ম্যাচ উইনার হতে পারেননি; একবার জীবন পেয়েও ১৬ বলে ১৭ রান করে আউট হয়ে ইংল্যান্ডের পরাজয় অনেকখানি নিশ্চিত করে যান। পরে ছক্কা বিহীন মাসকারেনহানসের (অপরাজিত ১৫) ব্যাটিং দেখে অবশ্য পুরোপুরি নিশ্চিত হয়ে যায়।
এর আগে টসে হেরে গ্রায়েম স্মিথ বড় রানের স্বপ্নের কথা বলেছিলেন। নিয়মিত ব্যাটসম্যারা সেভাবে এই স্বপ্নের ধারক হতে না পারলেও অ্যালবি মর্কেল হয়েছেন। তার ২০ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংসের কল্যাণে দক্ষিণ আফ্রিকা তাদের নির্ধারিত ২০ ওভার শেষ করেছে ৮ উইকেটে ১৫৪ রানে।
শুরু থেকেই ইংলিশ বোলারা ভাল লাইন-লেংথ বজায় রেখেই বোলিং করেছেন। তাই দক্ষিণ আফ্রিকার নামি-দামী ব্যাটসম্যানরা ভয়ংকর হয়ে উঠতে পারেননি। বেশির ভাগ সময়ই রান তোলার গড় ছিল ৮-এর নিচে। বড় ধাক্কা খেয়েছে অধিনায়ক গ্রায়েম স্মিথকে (১৯) অল্পতে হারিয়ে, ব্রডকে তুলে মারতে গিয়ে মাসকারেনহাসের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। তার অগে ৮ রানের মাথায় ওপেনার ডুমিনিকে (০) ফিরিয়ে দিয়ে শুরু করেন স্টুয়ার্ট ব্রড। এই ফাস্ট বোলারই ৩৭ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল ইংলিশ বোলারদের মধ্যে। তারপরে ফ্লিনটফ ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
ফ্লিনটফের সঙ্গে পারেননি ডি ভিলিয়ার্সও (১৯)। মার্ক বাউচারও একটু খেলেছেন, ২৯ বলে ২৯ রান করে স্কোফিল্ডের বলে পিটারসেনের হাতে তালুবন্দী হলে দলের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯১। তার সঙ্গে আর ৫ রান যোগ করতেই তারা হারায় শন পোলক (০) ও কেম্পকে (২১)। তখন ভরসা কেবল অ্যালবি মর্কেল। ভয়ংকর হয়ে ওঠেন তিনি অষ্টাদশ ওভারে, স্কোফিল্ডের ওই ওভারে পর পর তিনটি ছক্কা হাঁকিয়ে তুলে নেন ২১ রান। এর মধ্যে লং অনের ওপর দিয়ে মারা ছক্কাটি হয়ে গেছে টুর্নামেন্টের এখনো পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম। ইনিংসের শেষ বলে ফ্লিনটফকে তেমনি একটি ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন, তার আগে ৪৩ রান করেছেন ৩ চার ও ৪ টি ছক্কার সাহায্যে।
দক্ষিণ আফ্রিকা : গ্রায়েম স্মিথ, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, পল ডুমিনি, জাস্টিন কেম্প, মর্নে মর্কেল, অ্যালবি মর্কেল, মাখায়া এনটিনি, ভারনান ফিল্যান্ডার, শন পোলক, ভ্যান ডার ওয়াথ
ইংল্যান্ড : ম্যাডি, প্রায়র, রাইট, পিটারসেন, কলিংউড,
bdnews24