কেপটাউন, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ছয় মাসের ব্যবধানে দু'দুটো বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলো বাংলাদেশ। এবং দু'বারই বাংলাদেশের ব্যাটিংয়ের চরম দুরবস্থা। যেকারণে ফলাফলটাও প্রায় একরকম। রোববার নিউল্যান্ডস স্টেডিয়ামে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ৮ উইকেটে তোলা ১২৩ রানই অস্ট্রেলিয়ার জয় লিখে ফেলেছিল। ব্যবধান কতো বড়ো হয়, সেটাই জানার অপেক্ষা ছিল কেবল। তামিম ইকবালের থ্রোতে অ্যাডাম গিলক্রিস্ট রান আউটের দুর্ভাগ্যে কাটা না পড়লে ১০ উইকেটেই জিততো বিশ্বচ্যাম্পিয়নরা। শেষপর্যন্ত তারা ৩৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের অনায়াস জয় দিয়েই শুরু করলো শেষ আটের লড়াই। আর টুয়েন্টি টুয়েন্টির ইতিহাসের প্রথম হ্যাটট্টিক করে বাংলাদেশের ব্যাটিং হতাশাকে চরমে পৌছানো ব্রেট লি'র হাতে ম্যাচ সেরার পুরস্কার যাওয়াটা এই ম্যাচের ফলের মতোই নিশ্চিত হয়ে ছিল।
এই ম্যাচটা গত মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে হওয়া ওয়ানডে বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটার কথাই মনে করিয়ে দিয়েছে বারবার। বৃষ্টির কারণে অ্যান্টিগার সেই ম্যাচটি 'প্রায়' টুয়েন্টি টুয়েন্টিই হয়ে গিয়েছিল। ২২ ওভারে সীমিত হওয়া ম্যাচে বাংলাদেশ ছয় উইকেটে তুলেছিল ১০৪ রান। ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্ট জুটির তান্ডব মাত্র ১৩ দশমিক ৫ ওভারেই অস্ট্রেলিয়াকে পৌছে দিয়েছিল লক্ষ্যে। সেবার ১০ উইকেটে জিতেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ব্যবধান একই না হলেও একই ওপেনিং জুটির তোলা ঝড় ঠিকই দেখেছেন নিউল্যান্ডসের দর্শকরা। ১১ দশমিক ৩ ওভারেই এই জুটি ১০৪ রান তুলে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করার ক্ষণ গণণার সময়েই একটু ছন্দপতন। মাত্র ২৮ বলে ৪৩ রান করে রান আউট হওয়া গিলক্রিস্ট কেমন ঝড় তুলেছেন তা বোঝা যাবে স্কোরবুকে তার একটি বাউন্ডারির পাশে চারটি ছক্কা দেখলেই। এরপর বাকি কাজটা সারায় হেইডেনকে (৪৮ বলে অপরাজিত ৭৩ রান) কেবল সঙ্গই দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং (৬*)। হেইডেনের ইনিংসটি সাজানো ছিল ৯ বাউন্ডারি ও তিনটি ছক্কা দিয়ে।
আগের দুই ম্যাচে চার আর ছক্কার ফুলঝুরি ছোটানো বাংলাদেশের ব্যাটিং যেন এদিন ঘুমপাড়ানি গানই শুনিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দল মাত্র ৩ দশমিক ৫ ওভারে পার করেছে ফিফটি, সেই দলটাই রোববার অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ওভারে তুলেছে মাত্র ২৫ রান। দুই ওপেনার তামিম ইকবাল ও নাজিমউদ্দিন দলকে এমন হতাশাজনক শুরু দেওয়াতেই আসলে কেটে গিয়েছিল বাংলাদেশ ইনিংসের তাল-লয়-সুর। শেষদিকে যেটা জোড়া লাগানোর কোনো চেষ্টাই করা যায়নি ব্রেট লি টুয়েন্টি টুয়েন্টি ইতিহাসের প্রথম হ্যাটট্টিক করায়। পরপর তিন বলে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালিকে ফিরিয়ে দিয়ে এই স্পিডস্টার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ইনিংসকে ভদ্রস্থ চেহারাও পেতে দেননি।
ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, এই দুটো দলের বিপক্ষেই যারা ছক্কার মেরেছে দেদারসে, সেই বাংলাদেশের ইনিংসে এদিন ছক্কা মাত্র একটি। স্টুয়ার্ট ক্লার্ককে ওই একমাত্র ছক্কাটি মেরেছেন সাকিব। ১১ বলে ১৬ রান করা সাকিবের ইনিংসের সমাপ্তি টেনেই শুরু ব্রেট লি'র হ্যাটট্টিকের পথে যাত্রা। লেগের দিকে সরে চালাতে যাওয়া সাকিবের ব্যাটের কানা নিয়ে বল যায় অ্যাডাম গিলক্রিস্টের গ
bdnews24