২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার এইট

নিজেদের দিনে যে কাউকে হারানো সম্ভব। হোক না প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া কিংবা প্রবল পরাক্রান্ত অন্য কোনো দল। গত কয়েক বছরে 'ক্রিকেট পরাশক্তি' বধের প্রবাহমান ধারাটা বাংলাদেশ শিবিরে এমন আত্মবিশ্বাসের জোগানই দিয়ে গেছে প্রতিনিয়ত। তাই রোববার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে মোহাম্মদ আশরাফুলদের মনোজগতে ঘুরপাক খাওয়া লক্ষ্যটা আঁচ করা কঠিন কিছু নয়। জেতার জন্য তো নিশ্চয়ই নামবেন টাইগাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 08:32 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নিজেদের দিনে যে কাউকে হারানো সম্ভব। হোক না প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া কিংবা প্রবল পরাক্রান্ত অন্য কোনো দল। গত কয়েক বছরে 'ক্রিকেট পরাশক্তি' বধের প্রবাহমান ধারাটা বাংলাদেশ শিবিরে এমন আত্মবিশ্বাসের জোগানই দিয়ে গেছে প্রতিনিয়ত। তাই রোববার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে মোহাম্মদ আশরাফুলদের মনোজগতে ঘুরপাক খাওয়া লক্ষ্যটা আঁচ করা কঠিন কিছু নয়। জেতার জন্য তো নিশ্চয়ই নামবেন টাইগাররা। আর বছর দুয়েক আগে ওয়ানডেতেও বিশ্বসেরাদের হারানোর স্মৃতি এখনো ঝলমলে বলেই তাদের লক্ষ্যকে অজেয় আকাঙ্খা বলারও কোনো কারণ নেই। তারওপর এটা টুয়েন্টি টুয়েন্টি। যে খেলাটার চরিত্র বিশ্লেষণে বাংলাদেশ দলের কোচ শন উইলিয়ামসের মনে হয়েছিল, " খেলাটা এই শুরু হয় তো আবার শেষ হয়ে যায়। এই অল্প সময়ে ভালো খেললেই হয়। কাজেই আমার মনে হয়, টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের যা সম্ভাবনা অস্ট্রেলিয়ারও তাই।" শিষ্যদের মাঝে এমন ধারণা সঞ্চারণের উদ্যোগ নেওয়ার অবশ্য দরকার পড়ছে না তার। সুপার এইটে উঠতে না পারার দুঃখ নিয়ে দেশে ফিরলেও তেমন উদাহরণ দক্ষিণ আফ্রিকাতেই রেখে গেছে জিম্বাবুয়ে। তাদের কাছে হার দিয়েই যে ক্রিকেটের এই নতুন বিশ্বকাপ শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। আজ তাদের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। সুপার এইট পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ এই উপমহাদেশেরই শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচ দুটো যথাক্রমে ১৮ ও ২০ সেপ্টেম্বর। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই কিছুদিন আগেই কেনিয়ায় খেলে আসা চার জাতির টুর্নামেন্টে পাকিস্তানের দেখা পেয়েছিল বাংলাদেশ। তবে টুয়েন্টি টুয়েন্টিতে এই প্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে তারা। অবশ্য এর আগে এই দু'দলের একটা ম্যাচ 'প্রায়' টুয়েন্টি টুয়েন্টি ছিল। ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচটা বৃষ্টির দাপটে ২২ ওভারে সীমিত হয়ে এসেছিল। অ্যান্টিগায় সেই ম্যাচে অবশ্য খুব সহজেই জিতেছিল অস্ট্রেলিয়া। ২২ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের তোলা ১০৪ রান তারা ১৩ দশমিক ৫ ওভারেই টপকে যায় কোনো উইকেট না খুঁইয়েই। তবে এবার যে হিসাব অন্যরকম হবে তেমন ইঙ্গিত প্রথম ম্যাচেই দিয়ে রেখেছে বাংলাদেশ। আর সেটা ওয়েস্ট ইন্ডিজের বিদায়ঘন্টা বাজিয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/০২৩০ঘ.