ঢাকা, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কিছূদিন আগেই তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। তবে একেবারে রোগমুক্ত হয়ে যে ফিরতে পেরেছেন তা নয়। সমস্ত শরীরের ব্যথা এখনো সারাটাক্ষণই কাবু করে রাখে শাহিদা খাতুনকে। তাই সারাদিন বিছানাতেই পড়ে থাকেন মোহাম্মদ আশরাফুলের মমতাময়ী মা। তবে বৃহষ্পতিবার শয্যা ছেড়ে উঠে তিনিও ছেলেকে একটা চমক উপহার দিয়ে ফেললেন। ছেলের ব্যাটিং দেখতে যিনি কখনোই টেলিভিশনের সামনে বসেন না, তিনিই কিনা এদিন বাংলাদেশ অধিনায়কের ২৭ বলে খেলা ৬১ রানের বিস্ফোরক ইনিংসের পুরোটা দেখেছেন! বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ঘন্টা বাজিয়ে দেওয়া ম্যাচ উইনিং ইনিংসটির জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কারটা নিয়ে বাংলাদেশ অধিনায়ক ওয়ান্ডারার্স স্টেডিয়াম থেকেই ফোন করেছিলেন বাসায়। এবং ফোনে চমকপ্রদ তথ্যটা পেয়ে আশরাফুলও বেশ চমকিত হয়েছেন বলেই জানালেন তার মা, "আমি ফোন ধরার পরই জিজ্ঞেস করলো, 'মা, আমার খেলা দেখছোনি?' ও জানে যে আমি দেখি না। তবে এবার দেখেছি শুনে খুব অবাক হয়েছে।"
অবাক হওয়ারই কথা। এক ধরনের সংস্কার থেকেই এর আগপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ছেলের একটা ইনিংসও দেখেননি তিনি। না দেখার ব্যাখ্যায় শাহিদা খাতুনের নিজের ব্যাখ্যাটা এরকম, "আমার কাছে মনে হত, আমি দেখতে বসলেই ও ভালো কিছূ করতে পারবে না। তাড়াতাড়ি আউট হয়ে যাবে। 'কুফা' লাগবে বলে মনে করতাম।"
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আগে তার মনোজগতে বড়ো এক পরিবর্তনের ঢেউ এসে আছড়ে পড়েছে। বাংলাদেশের সুপার এইট নিশ্চিত করা জয়ের পরপরই বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে তিনি নিজ মুখেই শুনিয়েছেন সে কথা, "আজ কেন জানি মনে হচ্ছিল চুন্নু (আশরাফুলের ডাকনাম) ভালো কিছূ করবেই। তাই সাহস করে সবার সঙ্গে খেলা দেখতে বসে গেলাম।"
খেলা চলার সময় আশরাফুলদের গোড়ান বনশ্রী প্রজেক্টের বাসার ড্রয়িং রুমটা রূপ নিয়েছিল গ্যালারিতেই। তার বাবা আব্দুল মতিন নিজের তাবৎ বন্ধু-বান্ধবদের হাজির করেছিলেন। ব্যবসা প্রতিষ্ঠানের কাজ ফেলে দুপুরের অগেই বাসায় হাজির তার বড়ো ভাই মোশতাক আহমেদও। তারা দেখলেন, ছেলের খেলা না দেখাকে নিয়ম করে ফেলা মা সেই নিয়ম ভেঙ্গেছেন। তবে বরাবরের মতো এদিন বাংলাদেশের জয়ের পর তাদের বাসার সামনে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে এক দল তরুণের আগমন ঘটেনি। কিংবা পাড়া-পড়শীরাও ভিড় করেননি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একেকটা বড়ো জয় মানেই তার সঙ্গে জুড়ে থাকত আশরাফূলের কীর্তিগাঁথা। সেটা নিয়মিত হয়ে যাওয়াকেই এখন আর বাসায় ভিড় না হওয়ার কারণ বলে মনে হয় আশরাফুলের অগ্রজের, "আর কতো? অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা...। এখন তো বাংলাদেশ নিয়মিত জিতছে। আশরাফুলও এমন ভালো খেলছে বারবারই। কোনো কিছু গা-সওয়া হয়ে গেলে দেখবেন সেটাকে আর এমন কিছু বলে মনে হয় না। আমাদের পাড়া-পড়শীদেরও এখন সেই অবস্থা।"
কিন্তু জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশীদের অবস্থা তো আর সেরকম নয়। চার বছর আগেও তারা পতাকা, জার্সি নিয়ে সদলবলে হাজির হয়ে কেনিয়ার কাছে হার দেখার হতাশায় ডুবেছেন। কিন্তু এবার ওয়ান্ডারার্সের গ্যালারিজুড়ে অসংখ্য বাংলাদেশীর দাপিয়ে বেড়ানোটা স্বার্থকই হয়েছে। এই প্রথম তারা বাংলাদেশের জয়ের প্রত্যক্ষদর্শী হলেন। মাঠের বাইরে থেকে অনুপ্রাণিতও করেছেন ক্রিকেটারদের। পরবাসে মাতৃভাষায় লিখে আনা প্ল্যাকার্ডও নিশ্চয়ই চোখ এড়ায়নি তাদের। আগেরদিনই ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাতে অনুপ্রাণিত হয়েই কিনা কে জানে, নাম না জানা এক প্রবাসী দর্শকও বাংলাতে সেই চ্যালেঞ্জের ঘোষণাটা লিখে এনেছিলেন, "পারলে ঠেকা।" বাংলাদেশকে ঠেকাতে তো ক্যারিবীয়রা পারেইনি। বরং আশরাফুল ঝড়ে রীতিমতো উড়েই গেছে।
ব্যাট হাতে স্বাচ্ছন্দ্য হলেও ইংরেজী বলায় পটু নন বলে নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ড্যানি মরিসনের কাছ থেকে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার নিতে গিয়ে শুরুতে একটু জড়সড়ই মনে হচ্ছিল আশরাফুলকে। কিন্তু প্রবাসী বাংলাদেশীদের চীৎকার ও করতালির জোরেই কিনা ওই পর্বটা সাবলীলভাবেই সেরে আসতে পারলেন বাংলাদেশ অধিনায়ক। কিছুদিন আগে সিলেটের এসআইঅ্যান্ডটিতে করে যাওয়া কমান্ডো ট্রেনিং তার দলের প্রস্তুতিতে খুব সহায়ক হয়েছে বললেন মরিসনকে। এরপর ফিডেল এডওয়ার্ডসকে ডিপ ফাইন লেগ দিয়ে ছক্কা মারার ঢঙেই বলে ফেললেন, "আমরা জানতাম যে জিততে পারবো। যথেষ্ট আত্মবিশ্বাসীও ছিলাম সবাই। আর টস জয়টা আমাদের ৫০ পার্সেন্ট কাজ এগিয়ে দিয়েছিল।"
ইয়ান চ্যাপেল থেকে শুরু করে খোদ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রামনরেশ সারওয়ানও সুপার এইটে যাওয়ার দৌড়ে বাংলাদেশকে ফেভারিট ধরছিলেন। সুতরাং বাংলাদেশের এই জয়ে তাই আশ্চর্যেরও কিছু নেই। কিংবা আশরাফুলের ওরকম ইনিংস খেলাও কারো জন্য চমক হয়ে আসেনি। কারণ তার এই ক্ষমতার কথা তো বিশ্বকে একাধিকবার জানানো হয়ে গেছে। চমকটা কেবল অপেক্ষা করছিল আশরাফূলের জন্যই, সেটা তার বাসায় ফোন করা পর্যন্ত!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24