জোহানেসবার্গ, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বল হাতে ৪ ওভারে ৫৫ রান খরচ করে ক্যারিবীয়দের রান বাড়ানোর দায়টা তার কাঁধেই পড়েছে। নিশ্চিত, ব্যাট হাতে তা পুষিয়ে দেওয়ার মিশন নিয়েই নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। এবং জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তার ব্যাটিং তান্ডবে তা কড়ায়-গন্ডায় পুষিয়েও গেছে। আন্তর্জাতিক টুয়েন্টি টুয়েন্টির দ্রুততম ফিফটি করেছেন। সনাত জয়াসুরিয়ার ২৩ বলে করা ফিফটির রেকর্ড ভেঙ্গে ওই জায়গাটায় বসতে তার লেগেছে মাত্র ২০ বল। এবং শেষপর্যন্ত তার ব্যাটে চড়েই ওয়েস্ট ইন্ডিজকে টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপ থেকে বিদায় করে সুপার এইটে পৌছে গেছে বাংলাদেশ। তার মাত্র ২৭ বলে ৬১ রানের ইনিংসই টাইগারদের সহজ জয়ের পথ খুলে দেয়। ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয়ে এখন আর ওয়ান্ডারার্স বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের ক্ষেত্রই হয়ে থাকছে না শুধু। ২০০৩ সালে এখানে কেনিয়ার কাছে হেরে বিশ্বকাপ ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করা বাংলাদেশের জন্য এই মাঠটা তীর্থস্থানের মর্যাদাও পেতে পারে। এখান থেকেই যে সূচিত হলো নতুন পথযাত্রার।
এক ম্যাচ জিতেই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে কারণ ওয়েস্ট ইন্ডিজ তাদের দুটো ম্যাচেই হেরে গেছে। তাই এক ম্যাচ বাকি থাকলেও এই জয়ে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সুপার এইট। প্রতি গ্র"পে তিনটি করে দল, তাদের মধ্যে দুটো করে দল যাবে সুপার এইটে। সেখানে আটটি দল দুই গ্র"পে ভাগ হয়ে খেলবে। আর দুই গ্র"পের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। ক্যারিবীয়রা ছিটকে পড়ায় ১৫ সেপ্টেম্বর কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ম্যাচটি তাই গ্র"প চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে পরিণত হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মধ্য দিয়ে একটা চক্রও পূরণ করে ফেললো বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র তাদেরই যেকোনো পর্যায়ের ক্রিকেটে হারানো বাকি ছিল টাইগারদের। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে শুরু হওয়া ধারাটা এরপর একে একে হারের বিষাদে ডুবিয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। এবার যোগ হয়ে গেল ক্রিকেটের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের নামও।
যদিও শুরু দেখে বাংলাদেশের এমন হবে বলে মনেই হয়নি। প্র্যাকটিস ম্যাচগুলোতে রানের মধ্যে থাকা নাজিমউদ্দিন (১) শুরুতেই ফিরে যাওয়ার পর আরেক ওপেনার তামিম ইকবালও (১০) টেকেননি বেশিক্ষণ। তার বিদায়ের পর নেমেই মুখোমুখি হওয়া প্রথম তিন বলেই ওয়েস্ট ইন্ডিজের পেসার ড্যারেন পাওয়েলকে বাউন্ডারি মেরেছেন আশরাফূল। ম্যাচের পঞ্চম ওই ওভার থেকে ১৮ রান তুলে নেন তিনি। পরের ওভারে রবি রামপালকে ছক্কা হাকানো বাংলাদেশ অধিনায়ক অবশ্য ২৯ রানে ডিপ ফাইন লেগে ফিডেল এডওয়ার্ডসের সৌজন্যে জীবনও ফিরে পান। তারপর সঙ্গী আফতাব আহমেদকে নিয়ে শুরু তার স্বপ্নযাত্রা। এবং জীবন ফিরে পাওয়ার সুযোগ এমনভাবেই কাজে লাগিয়েছেন যে ক্যারিবীয় বোলারদের কাছে তার ব্যাটকে উদ্ধত তরবারি বলেই মনে হওয়ার কথা। আফতাবকে নিয়ে মাত্র ৫৮ বলেই গড়ে ফেলেন সেঞ্চুরি পার্টনারশিপ। আশরাফুল ফিরে গেলেও আফতাব দলকে জিতিয়ে তবেই সাজঘরে ফিরেছেন। অধিনায়কের ব্যাটিংয়ের ঔজ্জ্বল্যের কাছে ম্লান হয়ে থাকলেও তার ইনিংসটার মূল্যও কম নয়। আফতাবসুলভ স্ট্রোকের বাহার না থাকা সত্ত্বেও তার ইনিংসটি ৪৯ বলে ৬২ রানের। ফিফটি করেছেন ৪৩ বলে। যে ইনিংসের শেষদিকে আটটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও যোগ হয়েছে।
আফতাবের চেয়ে বাউন্ডারি একটি কম মারলেও আশরাফূলের তিনটি ছক্কাই ছিল দেখার মতো। এবং ছক্কা মেরে রাজকীয় ভঙ্গিতেই তিনি রেকর্ড ভাঙ্গা ফিফটিতে পৌছান। এডওয়ার্ডস নো বল করায় পরের বলে ফ্রি হিটের সুযোগ পায় বাংলাদেশ। আর তাতে ডিপ ফাইন লেগ দিয়ে বল বাতাসে ভাসিয়ে সীমানাছাড়া করে নতুন এক রেকর্ড গড়ার আনন্দে মাতেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে বোলিংয়ে শেষ ওভারে তিন তিনটি উইকেট তুলে নেন সাকিব আল হাসান। তার আগেও নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় তাই ক্যারিবীয়দের রানের রাশ টেনে ধরা গেছে বলেই মনে করাচ্ছিল বাংলাদেশের পারফরম্যান্স। কিন্তু অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের করা ম্যাচের ১৯-তম ওভারটাই সব মাটি করে দিয়েছে বলেই মনে হয়েছিল ক্যারিবীয় ইনিংস শেষ হওয়ার পর। ওই ওভারে টানা তিনটি ছক্কাসহ ডোয়াইন স্মিথের তুলে নেয়া ২৪ রান দেড়শোর গন্ডি পার করে নিয়ে যায় ক্যারিবীয়দের। ইনিংসের শেষ বলে সাকিব তাকে বোল্ড করার আগে মাত্র ৭ বলে ২৯ রান করে দলকে ৮ উইকেটে ১৬৪ রানে পৌছে দেওয়ার কৃতিত্বটা ডোয়াইন স্মিথেরই।
ইনিংসের তৃতীয় বলেই ক্রিস গেইলকে ফিরিয়ে দিয়েছিলেন রাসেল। কিন্তু অন্য ওপেনার ডেভন স্মিথ এবং শিবনারায়ণ চন্দরপলের ৯৫ রানের দ্বিতীয় উইকেট পার্টনরাশিপে সেই কৃতিত্ব ম্ল
bdnews24