ডারবান, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-ঠিক ২০ বছর পর বিশ্বকাপে টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়বিহীন ভারত! ১৯৮৭ বিশ্বকাপে এই তিন তারকার কেউ খেলেননি, কারণ তখন তাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। তার পর থেকে টেন্ডুলকার খেলেছেন প্রত্যেক বিশ্বকাপে। অন্যদিকে সৌরভ-দ্রাবিড় '৯৯ থেকে এবারের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে নেই তিন জনের কেউই। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ডারবানের কিংসমিডে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার সময় 'নতুন' এক ভারতকে দেখা যাবে। মহেন্দ্র সিং ধোনির হাত ধরে নতুন যুগেও কি প্রবেশ করবে না 'টিম ইন্ডিয়া'? তার ঠিক ৪ ঘন্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৬টায় কেপটাউনের নিউল্যান্ডসে ইংল্যান্ড খেলতে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম ম্যাচের আগে ইংলিশদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা গোড়ালির ইনজুরিতে আক্রান্ত অ্যান্ড্রু ফ্লিনটফকে নিয়ে।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে দীর্ঘ এক সফর কাটিয়ে মাত্রই দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রেখেছে ভারত। ধোনি-যুবরাজদের তাই ক্লান্ত থাকারই কথা। তবে বেশ কয়েক জন তরতাজা খেলোয়াড়কেও তারা পাচ্ছে। তরতাজা এবং মূল দলে ফিরতে মরিয়া বীরেন্দর শেবাগ, হরভজন সিং ও ইরফান পাঠানের জন্য টুর্নামেন্টা অগ্নিপরীক্ষাও বটে! কিছু দিন আগেও তিন জনই ছিলেন ভারতের নিয়মিত একাদশের সদস্য। কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার বলি হিসাবে ইংল্যান্ড সফর থেকে বাদ পড়েন শেবাগ ও হরভজন। আর গ্রেগ চ্যাপেলের তাকে অলরাউন্ডার বানাতে চাওয়ার খেসারত দিয়ে ফর্ম হারিয়ে ফেলা ইরফান ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সুযোগই পাননি দলে। তিন 'হতভাগ্য' তারকা তো দক্ষিণ আফ্রিকায় জ্বলে উঠতে চাইবেনই!
আসলে পুরো ভারতের জন্যই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরটা একটা অগ্নিপরীক্ষার মতো। মাত্র ৬ মাস আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার দুঃখ নিশ্চয়ই ভুলে যায়নি ভারতের ক্রিকেটপ্রেমীরা। ধোনি অবশ্য অতীতকে ভুলে সামনের দিকে তাকাতে আগ্রহী, "এ বছরে আমরা দ্বিতীয় বিশ্বকাপে খেলছি। তবে ওয়েস্ট ইন্ডিজে যা ঘটেছে এখন তা ইতিহাস। এটা হবে একটা নতুন সূচনা এবং আমি চাই দলের প্রত্যেকেই খেলাটা উপভোগ করুক।"
নতুন দায়িত্ব উপভোগ করার পাশাপাশি দল নিয়েও দারুণ সন্তুষ্ট ভারতের অধিনায়ক, "এই দলের সবচেয়ে ভাল দিক হল ১৫ জন খেলোয়াড়ের ১২ জনই ব্যাটিং-বোলিং দুটোই করতে পারে। তরুণদের নিয়ে গড়া আমাদের দলটা ভাল করতে সংকল্পবদ্ধ। এবং সৌভাগ্যক্রমে এই দলে ৩/৪ জন ফিনিশারও আছে।" যদিও ২০ ওভারের ম্যাচ বলেই ধোনির কন্ঠ একটু বেশি সতর্কতা, "কাগজে-কলমে দলটাকে ভালই মনে হচ্ছে। তবে সেটা তেমন বড় ব্যাপার নয়। সবচেয়ে বড় ব্যাপার হল গুরুত্বপূর্ণ ম্যাচে এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে প্রত্যেকের অবদান রাখা। আমাদের একটা ইউনিট হিসাবে খেলতে হবে।"
মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজে ভারতকে হারানোয় ইংল্যান্ডের এখন উজ্জীবিত থাকারই কথা ছিল। কিন্তু শেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে ইংলিশদের সিরিজ জয়ে বড় অবদান রাখা ফ্লিনটফকে নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। তিন বার অস্ত্রোপচার করালেও গোড়ালির সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না 'ফ্রেডি'। জিম্বাবুয়ের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে ইংল্যান্ডকে তাই সংশয়ের মধ্যে থাকতেই হচ্ছে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫৫ঘ.
bdnews24