ঢাকা, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চার বছর আগে ডারবানে কানাডার কাছে হার দিয়ে শুরু হয়েছিল যে ব্যর্থতার, তার ষোলোকলা পূর্ণ হয়েছিল জোহানেসবার্গে। সেখানকার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কেনিয়ার কাছে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের ২০০৩ বিশ্বকাপ। এবার সেই ওয়ান্ডারার্স স্টেডিয়াম থেকেই বৃহষ্পতিবার আরেকটি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ।
কাকতালীয়ভাবে এই ম্যাচের আগেও বাংলাদেশের স্মৃতিতে হানা দিয়ে যাচ্ছে কেনিয়া। ৯ সেপ্টেম্বর স্টিভ টিকোলোর দলের কাছে হেরেই নতুন ধরনের এই খেলার বিশ্বকাপ প্রস্তুতি সেরেছিলেন মোহাম্মদ আশরাফুলরা। তবে তা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতো এবারো বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি একটুও।
'এ' গ্র"পে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। যারা বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নাম্বারে থাকার সময় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হওয়া বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের তেতো স্বাদ নিয়েছিল। ওই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ভারতের বিশ্বকাপই শেষ হয়ে গিয়েছিল। পরাশক্তি বধের পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে টাইগাররা প্রমাণ করেছিল, নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে সক্ষম। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও সেরকম সক্ষমতা দেখার প্রস্তুতি নিয়ে রেখেছেন ইয়ান চ্যাপেলও, "এই গ্র"প থেকে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেলে আমি মোটেও বিস্মিত হব না।"
মজার ব্যাপার টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই লক্ষ্যপুরণের সম্ভাবনাও উঁকি দিয়ে আছে। যদিও বাংলাদেশের জন্য কাজটা কতোটা কঠিন হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে রেখেছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাই। যেখানে আন্তর্জাতিক টুয়েন্টি টুয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইলকেও ডুবতে হয়েছে হারের হতাশায়। তার সেঞ্চুরিতে ২০৫ রানের চূড়ায় উঠেও নিরাপদ থাকেনি ক্যারিবীয়রা। সুতরাং বাংলাদেশ ম্যাচটা রামনরেশ সারওয়ানের দলের জন্য এখন 'জীবন-মরণ' ম্যাচের প্রতিশব্দই হয়ে গেছে। কারণ এই ম্যাচে হার মানেই তাদের পত্রপাঠ বিদায়। আর জিতলে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত প্রথম ম্যাচেই। কাজেই বেশ চাপেই থাকবে ক্যারিবীয়রা। এবং সেই চাপকে সম্বল করে দিনটাকে যদি নিজেদের করে ফেলা যায়, তাহলে আরেকটি স্বপ্নপূরণের আনন্দে ভাসবে বাংলাদেশ।
এই ম্যাচকে সামনে রেখে বুধবার সকালে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তিন ঘন্টা অনুশীলন করেছে বাংলাদেশ। অধিনায়ক আশরাফুলের জন্য এই প্র্যাকটিস সেশন পরম স্বস্তির পরশ হয়েই এসেছে। কারণ গত কয়েকদিনে যাদের ইনজুরি দুশ্চিন্তা ছড়াচ্ছিল বাংলাদেশ শিবিরে, এদিন তারা সবাই প্র্যাকটিস করেছেন। বাম হাতের তর্জনীর ইনজুরি নিয়ে ভোগা ওপেনার তামিম ইকবাল কোনো সমস্যা ছাড়াই ব্যাটিং-ফিল্ডিং করেছেন। ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া দলের স্পিন আক্রমণের ভরসা আব্দুর রাজ্জাকও পুরোমাত্রায় বল করেছেন। অধিনায়কের কন্ঠে তাই স্বস্তি ঝরতে বাধ্য, "এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সবাইকে ফিট পাওয়াটা দারুণ ব্যাপার। এই টুর্নামেন্টকে সামনে রেখে আমরা ভালো প্রস্তুতিই নিয়েছি। এখন আসল খেলা শুরু হচ্ছে। আমাদের পুরো শক্তি নিয়ে প্রস্তুত থাকতেই হবে।"
এই ম্যাচের জন্য বাংলাদেশের একাদশও চূড়ান্ত হয়ে গেছে। একাদশের বাইরে থাকছেন নাদীফ চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, জুনায়েদ ইমরোজ সিদ্দিকী এবং পেসার জিয়াউর রহমান। অলরাউন্ডার নাদীফ অবশ্য দ্বাদশ ব্যক্তির ভূমিকায় থাকবেন। তামিমের সঙ্গে দলের ইনিংস ওপেন করতে নামবেন চট্টগ্রামের আরেক তরুণ নাজিমউদ্দিন। এরপর একে একে আফতাব আহমেদ, আশরাফুল, সাকিব আল হাসান এবং অলক কাপালিরা নামবেন। তবে প্রস্তুতি ম্যাচগুলোতে নিয়মিত রান করায় নাজিমউদ্দিনের কাছে প্রত্যাশার পারদ চড়ে গেছে অনেকখানি। নাজিমউদ্দিনেরও তা অজানা নয়, "এই মুহুর্তটার জন্যই এতো প্রস্তুতি নিয়েছি আমরা। ওয়ার্ম আপ ম্যাচগুলোতে আমি রান করেছি। আশা করছি আমার এই রানধারা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও অব্যাহত থাকবে।"
বিশেষ করে কেনিয়ায় চার জাতির টুর্নামেন্টে পাকিস্তানের শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফদের ঠ্যাঙ্গানোর পর তার আত্মবিশ্বাসও বেড়ে গেছে অনেকখানি, "পাকিস্তানের বোলিং অ্যাটাককে আমি বিশ্বের অন্যতম সেরা বলে মনে করি। তাদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। কিন্তু আপনি টুয়েন্টি টুয়েন্টি খেলায় এভাবে বলতে পারেন না যে, ওদের বোলিং ভালো কিংবা ওদেরটা খারাপ। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ এধরনের খেলায় অভিজ্ঞ। তবে আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলবো।"
ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার উদ্বোধনী ম্যাচটা মাঠে বসেই দেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেখেছেন ক্রিস গেইলের বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে ক্যারিবীয়দের ২০৫ রান তুলতে। সুতরাং গেইলকে নিয়ে বাড়তি পরিকল্পনা থাকারই কথা বাংলাদেশ শিবিরে। কিন্তু আশরাফুল বলছেন ভিন্ন কথা, "অবশ্যই গেইল তাদের সেরা ব্যাটসম্যান। কিন্তু আমরা নির্দিষ্ট কাউকে টার্গেট করছি না। টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে আপনি শুরুতেই প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ কোনো ব্যাটসম্যানকে আউট করে দিতেই পারেন। আবার পরের দিকের কোনো ব্যাটসম্যানও তো ঝলসে উঠে তা পুষিয়ে দিতে পারেন। ওদের দলের সবাই-ই ভালো ক্রিকেটার। তবে আমরাও ভালো দল। আমাদের শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। এবং সেই সঙ্গে তিন ডিপার্টমেন্টেই মনোযোগী থাকতে হবে। ওয়ান্ডারার্সের আউটফিল্ড একেবারে কার্পেটের মতো। সুতরাং বল খুব দ্রুত আসবে। কাজেই আমাদের ফিল্ডারদেরও সতর্ক থাকতে হবে সবসময়।"
টেস্ট ক্রিকেটে আশরাফুলরা ধৈর্য্যরে অভাবের কারণে ব্যর্থ। ওয়ানডেতেও বেশি বেশি স্ট্রোক খেলার দায়ে দুষ্ট। কিন্তু টুয়েন্টি টুয়েন্টি আবার অবাধ স্ট্রোক প্রবাহকে সমর্থন করে। তামিম ইকবাল, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালিদের সঙ্গে এবার যুক্ত হয়ে গেছেন কেনিয়ার চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের আবিষ্কার নাজিমউদ্দিনও। যারা স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে পারেন। ক্যারিবীয়দের চাপকে শক্তি বানিয়ে তারা তা ছোটাতে পারলে প্রথম ম্যাচেই লক্ষ্যপুরণ হয়েও যেতে পারে বাংলাদেশের।
প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, নাজিমউদ্দিন, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালি, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক এবং সৈয়দ রাসেল। দ্বাদশ ব্যক্তি - নাদীফ চৌধুরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.
bdnews24