২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টি থেকে নতুন কিছু পাওয়ার প্রত্যাশায় বাংলাদেশের ক্রিকেটমহল

বছর ত্রিশেক পেছনে ফিরে গেলে দেখা যাবে, বিশুদ্ধবাদীদের তোলা 'গেল গেল' রব বেশ উচ্চকিতই ছিল ওয়ানডে ক্রিকেট শুরুর সময়। মাঝের সময়টাতে ক্রিকেট বিনোদনের অফুরন্ত খোরাক জোগানোর ধারণাটা এমনভাবে বাজারজাত করা হয়ে গেছে যে, টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপ শুরুর আগে বিরুদ্ধবাদীদের কন্ঠস্বর আর ততোটা জোরালো নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বছর ত্রিশেক পেছনে ফিরে গেলে দেখা যাবে, বিশুদ্ধবাদীদের তোলা 'গেল গেল' রব বেশ উচ্চকিতই ছিল ওয়ানডে ক্রিকেট শুরুর সময়। মাঝের সময়টাতে ক্রিকেট বিনোদনের অফুরন্ত খোরাক জোগানোর ধারণাটা এমনভাবে বাজারজাত করা হয়ে গেছে যে, টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপ শুরুর আগে বিরুদ্ধবাদীদের কন্ঠস্বর আর ততোটা জোরালো নয়। তবে তারা নাক সিঁটকাচ্ছেন ঠিকই। কিন্তু বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটকে বরং সাদরেই গ্রহণ করছেন। এমনকি এধরনের ক্রিকেটকে বিনোদনের শেষ কথা হতে দেখার প্রস্তুতিও নিয়ে রাখছেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম, প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান এবং সাবেক জাতীয় ক্রিকেটার ও বর্তমানে প্রধান নির্বাচক রফিকুল আলম। টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পক্ষে নাঈমুর অবশ্য সবচেয়ে বড়ো যুক্তি দেখাচ্ছেন সেটাকেই, যেটা দেখিয়ে আসছেন এধরনের খেলার প্রচারকরাও, "এমন তো নয় যে টুয়েন্টি টুয়েন্টি হলে টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেট ভেসে যাবে। ওই দু'ধরনের খেলাও তার আবেদন নিয়েই টিকে থাকবে। তবে এখন সবারই সময়ের বড়ো অভাব। এই অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ বিনোদন দেওয়ার নিশ্চয়তাই বোধহয় দিতে চলেছে টুয়েন্টি টুয়েন্টি। সুতরাং আমি এটাকে মোটেও নেতিবাচক দৃষ্টিতে দেখি না। তাছাড়া অনেক জায়গায় তো সিক্স-এ-সাইড কিংবা ডাবল উইকেট টুর্নামেন্টও বেশ ঘটা করে হয়। তাহলে এটা কেন হবে না? ভীষণ মজার খেলা টুয়েন্টি টুয়েন্টি।" এর উপকারিতাও দেখছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তবে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম কিছু ক্ষতিকর দিকও তুলে ধরতে ভুলছেন না, "টেস্ট ক্রিকেটের জন্য টুয়েন্টি টুয়েন্টি কিছূ ক্ষতিকর প্রভাবও ফেলতে পারে। যেমন ধরুন শট সিলেকশন ও টেম্পারামেন্টের ব্যাপারগুলোতে।" আমিনুলের এই কথার সঙ্গে অবশ্য একমত হতে পারছেন না রফিকুল আলম। পাল্টা যুক্তি হিসেবে তিনি উদাহরণ হিসেবে টেনে আনছেন অস্ট্রেলিয়াকে, "দেখুন যে পারে, সে সবই পারে। আবার যে পারে না, সে কিছুই পারে না। অস্ট্রেলিয়া দলের দিকে তাকান। টেস্ট আর ওয়ানডের দলের সঙ্গে খুব বেশি পরিবর্তন কিন্তু নেই ওদের টুয়েন্টি টুয়েন্টির দলের। কাজেই ২০ ওভারের ক্রিকেট কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না।" তবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট যে নিত্যনতুন উদ্ভাবনের ক্ষেত্র হয়ে উঠতে পারে, এবিষয়ে তারা তিনজনই একমত। আমিনুল যেমন বলছেন, "টুয়েন্টি টুয়েন্টি ওয়ানডে ক্রিকেটের খুব উপকার করবে। ২০ ওভারের খেলা বলে ব্যাটসম্যানরা ইম্প্রোভাইজেশনের সর্বোচ্চ মাত্রা ছোঁয়ার চেষ্টা করবে। এতে করে নতুন কিছু জিনিসও বেরিয়ে আসতে পারে। ফিল্ডিংসহ সবক্ষেত্রেই গতি আসবে। এই গতিটা ওয়ানডেতে সঞ্চারিত হলে আরো বেশি বিনোদন উপহার পাব আমরা।" ওয়ানডে ক্রিকেট আরো বেশি বিনোদনের পসরা সাজিয়ে বসতে পারবে বলে মনে হয় রফিকুলেরও, "এখন তো ওয়ানডেতে তিনশো রান নিয়মিত ঘটনা। তাতে ২০ ওভার থাকে পাওয়ার প্লে। এই ২০ ওভার নিয়েই এখন টুয়েন্টি টুয়েন্টি। মনে হচ্ছে এধরনের ক্রিকেটের ফলে ওয়ানডেতে এখন থেকে রান আরো বাড়বে।" নাঈমুর শুধু ব্যাটসম্যানদের কথা ভেবেই বসে থাকছেন না, "রানিং বিটুইন দি উইকেট, ফিল্ডিং- এসবে টুয়েন্টি টুয়েন্টি গতি সঞ্চার তো করবেই। কে জানে, ব্যাটসম্যানদের বেঁধে রাখার ক্ষেত্রে বোলাররাও নতুন কিছু নিয়ে আসতে পারে এই টুর্নামেন্ট থেকে।" আর টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট কী ওয়ানডের কাছ থেকে সবচেয়ে জনপ্রিয়তার অভিধা কেড়ে নিতে পারে? আমিনুল-নাঈমুর সম্ভাবনা দেখলেও রফিকুল দিচ্ছেন নিশ্চয়তাই, "এটা সবচেয়ে জনপ্রিয় হবেই। কারণ এটা আপনার সময় যেমন বাঁচাবে, অল্প সময়ে দেবে সেরা বিনোদনও।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.