ঢাকা, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ১৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচেই ইনজুরি আক্রান্ত আব্দুর রাজ্জাককে খেলানো সম্ভব কিনা তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না টিম ম্যানেজমেন্টও। যদিও এর আগেই দলের স্পিন আক্রমণের সেরা অস্ত্রের সেরে ওঠার ব্যাপারে তারা বেশ আশাবাদী। আপাতত এই বাঁ হাতি স্পিনারকে বিশ্রামে রাখা হয়েছে। এবং ১২ সেপ্টেম্বরের মধ্যেই রাজ্জাকের বাম হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আশায় বুক বেঁধে আছে বাংলাদেশ শিবির।
শনিবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে স্কটল্যান্ডের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচের সময় ইনজুরিতে পড়েন রাজ্জাক। এজন্য মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হয় তাকে। ওই ম্যাচে মাত্র ২ ওভার বোলিং করে ৬ রানে ২ উইকেটও পেয়েছিলেন তিনি। এরপর তাকে চারদিন পুরো বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সে হিসাবে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগেই সেরে ওঠার কথা তার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24