ঢাকা, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২০০৭ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশে সমস্ত হোম সিরিজের টিকেট বিক্রির স্বত্ত্ব কিনেছে তারা বিসিবির কাছ থেকে। দুই বছরের এই চুক্তির জন্য তাদের খরচ হচ্ছে ৬৫ লাখ টাকা। অথচ সেই এবি ব্যাংক টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর হয়েছে মাত্র ১০ লাখ ২০ হাজার টাকায়। দরপত্রে এই দর উল্লেখ করার সময় তারা সর্বোচ্চ দরদাতা হওয়ার আশা করেনি বললেই চলে। রোববার দুপুরে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাজেদুল সিরাজের সরল স্বীকারোক্তিতেই সেটা বোঝা গেল, "কেউ ১ কোটি টাকার দর দিতে পারতো। আবার কেউ ৫০ লাখও দিতে পারতো। আমরা যে ১০ লাখে স্পনসর হতে পেরেছি এটা আমাদের ভাগ্য।"
ভাগ্য খারাপ বরং বাংলাদেশ দলের। এতো অল্পে বিকোলো তাদের স্পনসরশিপ! বিসিবির কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম ভূইয়া দায়িত্ব নেওয়ার পর নতুন কমিটির সময় সল্পতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইলেন। পাশাপাশি এটাকে সামগ্রিকভাবে বিসিবির ব্যর্থতা বলেও মেনে নিলেন। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর ইস্পাহানী দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য আগে থেকেই বোনাস ঘোষণা করেছিল। এবি ব্যাংক কর্তারাই জানিয়েছেন, দরপত্রে এধরনের কিছু উল্লেখ ছিল না। না থাকলেও টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেলে বোনাস মানি দেওয়ার ইচ্ছে আছে বলে জানিয়েছেন এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কায়সার এ চৌধুরী, "এখনই কিছু ঘোষণা করতে চাই না। তবে এটুকু বলতে পারি, আমরা আছি তো। নিশ্চয়ই দেব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২২৫ঘ.
bdnews24