২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় জানানোর পাশাপাশি নির্বাচকদের বরণও করলো বিসিবি

নতুন প্রধান নির্বাচক হিসেবে রফিকুল আলমকে নিয়োগ দেওয়ার পরই ফারুক আহমেদ জানতে পারেন, তিনি আর ওই পদে নেই। ঘোষণার আগেই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জানাবে বলে আশা করেছিলেন বিদায়ী প্রধান নির্বাচক। সেটা না হওয়ায় প্রকাশ্যে মনোকষ্টের কথাও বলেছিলেন গত চার বছর নির্বাচক কমিটির অভিভাবকের ভূমিকা পালন করা এই সাবেক অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 04:43 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নতুন প্রধান নির্বাচক হিসেবে রফিকুল আলমকে নিয়োগ দেওয়ার পরই ফারুক আহমেদ জানতে পারেন, তিনি আর ওই পদে নেই। ঘোষণার আগেই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জানাবে বলে আশা করেছিলেন বিদায়ী প্রধান নির্বাচক। সেটা না হওয়ায় প্রকাশ্যে মনোকষ্টের কথাও বলেছিলেন গত চার বছর নির্বাচক কমিটির অভিভাবকের ভূমিকা পালন করা এই সাবেক অধিনায়ক। তবে তার কষ্ট এখন লাঘব হয়ে যেতেই পারে। কারণ রোববার সন্ধ্যায় বিসিবির ব্যবস্থাপনা অফিসে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা পেয়েছেন ফারুক এবং আরেক বিদায়ী নির্বাচক আতহার আলী খান। পাশাপাশি রফিকুলসহ আরেক নতুন নির্বাচক নাঈমুর রহমানকেও বরণ করে নেওয়ার বিষয়টাও ঘটে গেছে একই সময়ে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু এই অনুষ্ঠানের একটা নামও দিয়েছেন, "বিদায়-বরণ অনুষ্ঠান।" ফারুক-আতহারকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল-নাঈমুর। গত চার বছরে বাংলাদেশের ক্রিকেটে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিসিবির তরফ থেকে বিদায়ী দুই নির্বাচককে ক্রেস্টও উপহার দেওয়া হয়েছে। নতুন-পুরনো নির্বাচকরা কেকও কেটেছেন। এই অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারুক বলেছেন, "দল নির্বাচন আমাদের জন্য কখনোই সহজ কাজ ছিল না। কিন্তু আমরা সেরাটা দিতে আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। দীর্ঘ সময়ের জন্য নির্বাচকের ভূমিকায় থাকতে পারায় আমি সন্মানিত বোধ করছি।" আর বিদায় সংবর্ধনাকে চমকই মনে হয়েছে আতহারের কাছে, "এই সংবর্ধনা অনুষ্ঠানটা আমার জন্য একটা সারপ্রাইজ।" এই অনুষ্ঠানে লিপু ছাড়াও বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির লে. কর্নেল (অব.) এমএ লতিফ, আব্দুল মোমেন, ফিরোজ আহমেদ, ইশতিয়াক আহমেদ, সেলিম ভুইয়া এবং মনোয়ারা আনিস খানও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.