২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে লড়ে হারল বাংলাদেশ

যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হয়েই যেতে পারতেন নাজিমউদ্দিন! তার ঝড়ো ব্যাটিংয়ে এমনকি পাকিস্তানের ১৯১ রান তাড়া করতে নামা বাংলাদেশকে দেখাচ্ছিল জয়ের স্বপ্নও। সেটা শেষপর্যন্ত স্বপ্ন থেকে গেছে, কিন্তু তার ৫০ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংসটির সুবাদে ম্যাচটা একতরফা থাকেনি। বাংলাদেশ হেরেছে, কিন্তু তার আগে লড়াই করেছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করেছে ১৬১ রান, অর্থাৎ ৩০ রানের হার। পাকিস্তানের শক্তি এবং তাদের ১৯১ রানের সংগ্রহ চিন্তা করলে এটা বাংলাদেশের জন্য সম্মানজনক ব্যবধানই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নাইরোবি, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হয়েই যেতে পারতেন নাজিমউদ্দিন! তার ঝড়ো ব্যাটিংয়ে এমনকি পাকিস্তানের ১৯১ রান তাড়া করতে নামা বাংলাদেশকে দেখাচ্ছিল জয়ের স্বপ্নও। সেটা শেষপর্যন্ত স্বপ্ন থেকে গেছে, কিন্তু তার ৫০ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংসটির সুবাদে ম্যাচটা একতরফা থাকেনি। বাংলাদেশ হেরেছে, কিন্তু তার আগে লড়াই করেছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করেছে ১৬১ রান, অর্থাৎ ৩০ রানের হার। পাকিস্তানের শক্তি এবং তাদের ১৯১ রানের সংগ্রহ চিন্তা করলে এটা বাংলাদেশের জন্য সম্মানজনক ব্যবধানই। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান যিনি করেছেন সেটাও নাজিমের রানের চার ভাগের এক ভাগেরও কম। অলক কাপালির ১৯ রান। এটাকে পাকিস্তান বনাম নাজিমউদ্দিন লড়াই না বলে উপায় কী? এমনই ব্যাটিং করে যাচ্ছিলেন যে মাত্র ৮ রানের ভেতর দুই ব্যাটিং স্তম্ভের উইকেট হারালেও নাজিমউদ্দিন একাই সচল রেখেছিলেন বাংলাদেশের রানের চাকা। শহীদ আফ্রিদির বলে আফতাব আহমেদ (৫) এলবিডাব্লিউর ফাঁদে পড়ার কিছুক্ষণ পর রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়েন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও (৭)। তবু পাকিস্তানি বোলারদের ওপর দিয়ে তোপ দাগানো থামাননি নাজিমউদ্দিন। কেনিয়া ম্যাচে মাত্র ৩৭ বলে ৪৩ রান করে ম্যান অফ দি ম্যাচ হওয়া নাজিম এদিনই চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন সবচেয়ে বেশি। ৫০ বলে ৮১ রানের ইনিংসে আটটি চারের সঙ্গে পাঁচটি বিশাল ছক্কার মার তো সেকথাই বলে। যদিও শুরুতে তামিম ইকবালের কাছ থেকেও বিধ্বংসী ইনিংস আশা করেছিল বাংলাদেশ। শোয়েব আখতারের লাফিয়ে ওঠা বলে ব্যাকফুটে ড্রাইভ খেলে কাভারে শহীদ আফ্রিদির সহজ ক্যাচে পরিণত হয়ে তামিম এদিনও ফিরে গেছেন তাড়াতাড়িই। মাত্র ১ রান করা এই ওপেনার আবারো দিতে পারেননি তার প্রতি রাখা আস্থার প্রতিদান। তবে তামিমের নতুন ওপেনিং সঙ্গী নাজিমউদ্দিন তা পুষিয়ে দিয়েছেন অনেকটাই। শুরুটা করেছিলেন মোহাম্মদ আসিফের দ্বিতীয় ওভারে টানা তিনটি বাউন্ডারি মেরে। ডিপ মিড উইকেট দিয়ে প্রথম ছক্কা হাকিয়েছেন শোয়েব আখতারকে। এরপর ইফতিখার আঞ্জুমকে টানা দুই বলে মেরেছেন দুটো ছক্কা। শহীদ আফ্রিদি এবং ইয়াসির আরাফাতরাও বাদ যাননি। এর আগে পাকিস্তানের হয়ে ফিফটির সম্ভাবনা জাগিয়েছিলেন দুজন। কিন্তু দু'জনের কেউই অল্পের জন্য ফিফটি পাননি। তবে নাইরোবির জিমখানা ক্লাব মাঠে রোববার বাংলাদেশ দলের বোলারদের ওপর দিয়ে তারা ঝড় বইয়ে দিয়েছেন ঠিকই। ইমরান নাজির ও ইউনিস খানের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে যোগ হয়েছিল 'শহীদ আফ্রিদি ঝড়'ও। সুবাদে চার জাতির টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচটাতে বাংলাদেশের সামনে কঠিন এক চ্যালেঞ্জই ছুঁড়ে দেয় পাকিস্তান। ১ রানের জন্য ফিফটি মিস করা পাকিস্তানি ওপেনার ইমরান নাজির মাত্র ২৯ বলে করেছেন ৪৯ রানের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। তিনটি ছক্কা ও চার বাউন্ডারি দিয়ে সাজানো তার বিধ্বংসী ইনিংসটা শেষ হয়েছে রান আউটে কাটা পড়ে। তবে তাকে ফেরানো গেলেও পাকিস্তানের অবাধ রানধারা আটকাতে পারেনি বাংলাদেশ। ৭৬ রানের ওপেনিং পার্টনারশিপে নাজিরের সঙ্গী সালমান বাটকে (২৭ বলে ৩৩) অধিনায়ক আশরাফুল বোল্ড করে দিলেও থমকে যায়নি পাকিস্তানের ইনিংস। কেনিয়ার চার জাতির টুর্নামেন্টে টস ভাগ্যটা খুব ভালো যাচ্ছে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। পরপর দুই ম্যাচে টস জিতলেন তিনি। তবে বোলার হিসেবে এই ম্যাচটা দুঃসপ্নের মতোই কেটেছে তার। পাকিস্তানি ব্যাটসম্যানদের ছক্কার ঝাপটা সবচেয়ে বেশি গেছে আশরাফুল এবং ফরহাদ রেজার ওপর দিয়েই। মাত্র ২৫ বলে ৪৮ রানের ইনিংসে যে চারটি ছক্কা মেরেছেন ইউনিস, তার তিনটিই আশরাফুলকে। অন্যটা ফরহাদ রেজাকে। আশরাফুলের বলে মিড অনে অলক কাপালির ক্যাচ হয়ে ফিরে যাওয়ার আগে মাত্র ১৮ বলে ৩২ রান করে যাওয়া শহীদ আফ্রিদির তিনটি ছক্কার সবকটিই ফরহাদ রেজাকে মারা। ৪ ওভারে ৫৫ রান দিয়ে এ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার ফরহাদের ঝুলিতে অবশ্য পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক (১০) ও মিসবাহ-উল হকের (২) উইকেট দুটো আছে। ৪ ওভারে ৪২ রান দিলেও শিকার সংখ্যায় বাংলাদেশের সফলতম বোলার বলতে হবে অধিনায়ককেই। সালমান বাট ও আফ্রিদির গুরুত্বপূর্ণ দুটো উইকেটের পর কামরান আকমলকেও (৮ বলে ১১) ফিরিয়েছেন তিনিই। মূল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজাও এদিন একদমই সুবিধা করতে পারেননি। ৪ ওভারে দিয়েছেন ৫৩ রান। তবে ব্যতিক্রম ছিলেন বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল (৪ ওভারে ২৩ রান) এবং ইউনিস খানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আটকানো বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক (১৮/১)। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান : ২০ ওভারে ১৯১/৭ (সালমান ৩৩, ইমরান ৪৯, ইউনিস ৪৮, শোয়েব ১০, আফ্রিদি ৩২, মিসবাহ ২, কামরান ১১, ইয়াসির অপারজিত ২, শোয়েব আখতার অপরাজিত ১, অতিরিক্ত ৩, মাশরাফি ০/৫৩, রাসেল ০/২৩, রাজ্জাক ১/১৮, আশরাফুল ৩/৪২, ফরহাদ ২/৫৫) বাংলাদেশ : ২০ ওভারে ১৬১/৭ (তামিম ১, নাজিম ৮১, আফতাব ৫, আশরাফুল ৭, অলক ১৯, মাহমুদুল্লাহ ৯, মাশরাফি অপরাজিত ১০, ফরহাদ ১৮, মুশফিক অপরাজিত ১, অতিরিক্ত ১০, শোয়েব ২/৩০, আসিফ ০/৩৬, ইফতিখার ০/৩৩, আফ্রিদি ২/২৬, ইয়াসির ১/৩১) ফল : পাকিস্তান ৩০ রানে জয়ী। ম্যান অফ দি ম্যাচ : ইমরান নাজির (পাকিস্তান)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৬ঘ