ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সকাল ১০ টার আগে থেকেই বিসিবির ব্যবস্থাপনা অফিসের অভ্যর্থনা কক্ষ উপচানো ভিড় সাংবাদিকদের। বাংলাদেশ দলের কোচ পদপ্রার্থী জন হার্মারের সাক্ষাৎকার শুরুর কিছুক্ষণ পর ভেতর থেকে খবর আসলো, তা শেষ হতে লাগবে ছয় ঘন্টা। অতোটা না লাগলেও সাংবাদিকদের অপেক্ষাটা ফুরালো প্রায় পাঁচ ঘন্টা পর। দুপুর তিনটার দিকে বিসিবির সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে ৬৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কোচ হাসতে হাসতে বললেন, "একটা লম্বা ইনিংসই খেলে বেরুলাম।"
ওই লম্বা ইনিংস খেলার পথে তার নিজের প্রোফাইল যেমন তেমনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজস্ব পরিকল্পনাও উপস্থাপন করেছেন অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক ক্রিকেট একাডেমীর সিনিয়র কোচ। বিসিবির পাঁচ সদস্যের কোচ নির্বাচন প্যানেলের সামনে উপস্থাপনা পর্বটা বেশ ভালো হয়েছে বলেই জানালেন, "প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। এসব নিয়ে আমরা আলোচনাও করেছি অনেক।"
সেই আলোচনার ফল তার জন্য ইতিবাচক কোনো খবর নিয়ে আসবে কী? কিংবা বাংলাদেশের কোচের চাকরিটা পাওয়ার ব্যাপারে তিনি নিজে কতোটা আশাবাদী? এসব প্রশ্নে সরাসরি কিছু বললেন না কোচিংয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী এই অস্ট্রেলিয়ান, "আপাতত শুধু এটুকুই বলতে পারি, এই চাকরিটা পেলে আমি তা করতে পারবো।" চাকরিটা হচ্ছে কিনা, তা জানতে অবশ্য হার্মারকে লম্বা সময়ই অপেক্ষা করতে হবে। কারণ সহসাই কোচ নিয়োগের সিদ্ধান্তটা নিচ্ছে না বিসিবি। শর্ট লিস্টের আরো দুজনের সাক্ষাৎকার নেওয়া এখনো বাকি আছে। ডেভিড হটন ও জেমি সিডন্স ছাড়া আরো কয়েকজনও চলে আসতে পারেন বিসিবির বিবেচনায়। তবে সেসবে হার্মারের আপত্তি থাকার কোনো কারণ নেই। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু বলছিলেন সেকথাই, "এটা তাকে বলে রাখাই আছে যে আমরা আরো কয়েকজনের সাক্ষাৎকার নিয়ে তবেই সিদ্ধান্ত নেব।"
হার্মারকে নেওয়ার সিদ্ধান্ত হলে বাংলাদেশকে নিয়ে সুদূরপ্রসারী লক্ষ্য তো তার থাকবেই। সেই সঙ্গে নির্ধারণ করা আছে প্রাথমিক লক্ষ্যও, "এই মুহুর্তে বাংলাদেশের ক্রিকেটাররা যে অবস্থায় আছে তার চেয়ে আরেকটু ভালো জায়গাতে নিয়ে যাওয়ার লক্ষ্যই থাকবে আমার। এখন বোধহয় র্যাঙ্কিংয়ে আট নাম্বারে আছে বাংলাদেশ। সেখান থেকে সাত নাম্বারে নিয়ে আসার ব্যাপারটাও থাকবে আমার লক্ষ্যে।" বাংলাদেশের কোচ হওয়ার জন্য নিজেকে কীভাবে অনুপ্রাণিত করছেন, সেই জবাবও মিলেছে দীর্ঘদিন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দায়িত্বে থাকা হার্মার, "অনুপ্রাণিত করা খুবই সহজ। কারণ এর সঙ্গে একটা আন্তর্জাতিক দলের কোচ হওয়ার গৌরব জড়িয়ে।"
লিপু, বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, সাবেক জাতীয় ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, সাবেক জাতীয় কোচ জালাল আহমেদ চৌধুরী এবং বিসিবির গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল লতিফদের সামনে বাংলাদেশের ক্রিকেটারদের দুর্বলতা এবং সমাধান নিয়েও কথা বলেছেন হার্মার। তার ভেতর থেকে একটা উদাহরণও দিয়েছেন লিপু, "আমাদের সোহরাওয়ার্দী শুভ কমনওয়েলথ ব্যাংক ক্রিকেট একাডেমীতে প্রশিক্ষণ নিতে গিয়েছিল। সেখানে তার বোলিং অ্যাকশনে কিছু সমস্যা ছিল। হার্মার তা শুধরে দিয়েছিলেন। শুভর অ্যাকশন আগে কী ছিল আর এখন কী আছে, হার্মার তার প্রেজেন্টেশনে এটাও দেখিয়েছেন।" মানে হার্মার একজন বায়োমেকানিক্স বিশেষজ্ঞও। তাছাড়া লিপু জানালেন, একজন 'এরর ডিটেক্টর' হিসেবেও যথেষ্ট খ্যাতি আছে তার। অর্থাৎ ক্রিকেটারদের ভুলটা খুব সহজেই চিহ্নিতও করতে পারেন তিনি।
সবমিলিয়ে হার্মারের প্রেজেন্টেশনে সন্তুষ্টই মনে হলো বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে, "উনি প্রেজেন্টেশন দিলেন আজ। তার ট্রেনিংয়ের ধরন নিয়ে বিস্তারিত বলেছেন। বাংলাদেশের ক্রিকেটকে কোথায় নিয়ে যেতে চান, বলেছেন তাও। তিনি খুব ভালো একজন এরর ডিটেক্টর। বায়োমেকানিক্সেও দক্ষ। আমার মনে হয় আমাদের বোলারদের জন্য তিনি খুবই কাজে আসবেন।"
তাই বলে এখনই সিদ্ধান্তে পৌছে যাচ্ছেন না লিপু, "পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গেই তো আর রেজাল্ট হয়ে যায় না। তিনি আজ মাত্র পরীক্ষাটা দিলেন।" দেবেন শনিবারও। এটা অবশ্য রুটিনে ছিল না। বিসিবির অনুরোধে শনিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে চুক্তিভুক্ত ক্রিকেটারদের নিয়ে কিছুক্ষণ কাজ করতে রাজী হয়েছেন হার্মার। এটাকে অবশ্য আরেকটা পরীক্ষা বলতে রাজী নন লিপু, "আজ উনি তত্ত্বীয় পরীক্ষা দিলেন। তার মানে এই নয় যে আগামীকাল তিনি ব্যবহারিক পরীক্ষা দেবেন। আমরা তাকে অনুরোধ করেছিলাম আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটারদের যেন কিছুটা সময় দেন। এটা তার উদারতা যে তিনি রাজি হয়েছেন।"
হেড কোচ হিসেবে যদি শেষপর্যন্ত তাকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে বিসিবি তাকে অন্যভাবেও কাজে লাগাতে পারে। যেহেতু তার অন্যান্য দক্ষতায়ও মুগ্ধ বিসিবি কর্তারা। লিপু অবশ্য তেমন কিছুর কথা এখনই ভাবতে চাইছেন না, "আমরা আপাতত হেড কোচ নিয়েই ভাবছি।" প্রেজেন্টেশনে হার্মার তার আর্থিক প্রস্তাবটাও নিশ্চয়ই উপস্থাপন করেছেন। সেটা গোপনই রাখতে চাইলেন লিপু। তবে যেমন আভাস দিলেন, তাতে বোঝা গেল নিয়োগ দিলে হার্মারের পেছনে মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে বিসিবিকে, "আন্তর্জাতিক কোচদের যা বাজারদর সেটা তো আমাদের দিতেই হবে। না হলে তো আমরা কোচ পাবো না।"
লিপু জানিয়েছেন সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যে কোচ পদপ্রার্থীদের মধ্য থেকে আরেকজনের সাক্ষাৎকার দিতে আসার কথা এবং খুব সম্ভব তিনি ডেভ হটন। আর জেমি সিডন্স খুব সম্ভব টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগে আসতে পারবেন না। তাই কোচের চাকরিটা হচ্ছে কিনা জানতে এদিনের খেলা লম্বা ইনিংসটার মতোই ধৈর্য্য নিয়েই অপেক্ষা করতে হবে হার্মারকে!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৩০ঘ.
bdnews24