ঢাকা, ২৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্র"পে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এদের যে কারো বিপক্ষে অবশ্যই জেতা চাই। বাংলাদেশ কোচ শন উইলিয়ামসের কাছে জেতার শর্ত এরকম, "১৬০ রান তো কমপক্ষে করতেই হবে। তবে ১৭০/৮০ রান করতে পারলে জেতার খুব ভালো সুযোগ থাকবে।" মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচগুলোতে এই শর্ত কিন্তু পূরণ করতে পারছিলেন না মোহাম্মদ আশরাফুলরা। আশার কথা, সোমবার শেষ প্রস্তুতি ম্যাচে তারা সেটা পেরেছেন। সেই সঙ্গে ব্যাটসম্যানরা মিটিয়ে নিয়েছেন এতোদিন চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে না পারার আক্ষেপও। এ ম্যাচে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান তুলেও আগের দুদিনের নিয়তিই বরণ করে নিতে হয়েছে আশরাফুল একাদশকে। মাশরাফি একাদশের কাছে তারা হেরে গেছে ৬ উইকেটে। ১৮ দশমিক ২ ওভারেই লক্ষ্যে পৌছে গেছে মাশরাফির নেতৃত্বাধীন দলটি।
জয়ের পথে মাশরাফির দলকে অনেকদূর এগিয়ে দেয় আসলে নাজিমউদ্দিন এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকীর ১০২ রানের ওপেনিং জুটি। মাত্র ৪৩ বলে নাজিমের খেলা ৭৪ রানের ম্যাচ সর্বোচ্চ ইনিংসটিতে চারের চেয়ে ছক্কা বেশি (পাঁচটি চার ও ছয়টি ছক্কা)। তুলনায় কম বিধ্বংসী ছিল না তিনটি চার ও দুটো ছক্কায় জুনায়েদের ১৯ বলে ৪১ রানের ইনিংসটাও। এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পরও রানের গতিতে কোনো বাধ পড়েনি কারণ নেমেই ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন অধিনায়ক মাশরাফিও। যেজন্য তার দল মাত্র ১০ ওভারেই পৌছে যায় ১২২ রানে। ৩০ বলে মাশরাফির ৪৫ রানের ইনিংসে চার মাত্র একটি হলেও ছক্কা চারটি। যার মধ্যে সবচেয়ে বিশাল ছক্কাটি গিয়ে আছড়ে পড়েছে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে।
আশরাফুলের দলের ব্যাটসম্যানদের কথাইবা বাদ যাবে কেন! অধিনায়ক কোনো রান না করে রান আউট হয়ে গেলেও প্রস্তুতি ম্যাচগুলোতে তার সবচেয়ে সন্তুষ্টির কারণ অলক কাপালি ঝলসে উঠেছেন আবার। আগেরদিন ৬৮ রান করার পর এদিন ৫৭ রান করতে তার লেগেছে মাত্র ৩৬ বল। ইনিংসটি ছয়টি বাউন্ডারি ও দুটো ছক্কা দিয়ে সাজানো ছিল। সমানসংখ্যক চার-ছক্কায় তামিম ইকবালও (২৭ বলে ৪২) এদিন স্বরুপে ফিরেছেন আরো। দেখেশুনে খেলতে অভ্যস্ত দুজন - সাকিব আল হাসান (৩৩ বলে ৪৯) এবং মুশফিকুর রহিমও (১৩বলে ২৪) খেলেছেন হাত খুলে।
দুদলের ব্যাটসম্যানদের বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ দিনে জমজমাট ম্যাচ। আর বিকেলে ''হোম অব ক্রিকেট'এর সংবাদ সম্মেলন কক্ষে বিশ্বকাপগামী দলের সবাই মিডিয়ার মুখোমুখি। সেখানে সবার আগে মাইক্রোফোনের সামনে শন উইলিয়ামস। এবং শুরুতেই যাওয়ার আগে এরকম ব্যাটিং দেখার স্বস্তি, "অবশেষে আমাদের ব্যাটিংটা ক্লিক করলো।"
সংক্ষিপ্ত স্কোর
আশরাফুল একাদশ : ২০ ওভারে ১৮৯/৬ ( তামিম ৪২, অলক ৫৭, আশরাফুল ০, সাকিব ৪৯, মুশফিক ২৪, ফরহাদ ৪, জিয়াউর অপরাজিত ০, অতিরিক্ত ১৩, মাশরাফি ০/৩২, রাসেল ০/৪২, রাজ্জাক ৪/৩০, মাহমুদুল্লাহ ১/৪৭)
মাশরাফি একাদশ : ১৮ দশমিক ২ ওভারে ১৯১/৪ (নাজিমউদ্দিন ৭৪, জুনায়েদ ৪১, মাশরাফি ৪৫, আফতাব ১৭, নাদিফ অপরাজিত ৫, মাহমুদুল্লাহ অপরাজিত ০, অতিরিক্ত ৯, জিয়াউর ১/৪৬, ফরহাদ ০/৪৮, অলক ০/৩৮, আশরাফুল ২/২৭, সাকিব ১/২৯)
ফল : মাশরাফি একাদশ ৬ উইকেটে জয়ী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.
bdnews24