ঢাকা, ২৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- জাতীয় ক্রিকেট লিগ দিয়ে এবারের ক্রিকেট মৌসুম শুরু করতে চায় বোর্ড। রোববার অনুষ্ঠিত টুর্নামেন্ট কমিটির সভায় সদস্যরা সবাই এ বিষয়ে একমত হয়েছেন। কিন্তু তারপরও চূড়ান্ত সিদ্ধান্তটা হয়নি। কারণ বন্যার কারণে অনেকগুলো মাঠই খেলার অনুপযোগী হয়ে গেছে। এখন পর্যবেক্ষণ করে যদি দেখা যায় মৌসুমের শুরুতে অর্থাৎ অক্টোবর মাসের মধ্যেই মাঠগুলো খেলার উপযোগী হয়ে যাবে, তাহলে এবার ঘরোয়া মৌসুম শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে।
গত বোর্ডের সময় কর্পোরেট লিগ দিয়েই সাধারণত শুরু হতো ঘরোয়া মৌসুম। টুর্নামেন্ট কমিটি রোববার সভায় বসেছিল এটাসহ আগের কমিটির আরও কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত পর্যালোচনা করতে। পর্যালোচনা করে তাদের মনে হয়েছে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করাই দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম ভুইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন,''আমরা চাইছি জাতীয় ক্রিকেট লিগ দিয়েই ঘরোয়া ক্রিকেটটা শুরু করতে। কিন্তু সমস্যা হলো বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মাঠগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন যদি দেখি যে আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যেই সেগুলো খেলার উপযোগী হয়ে যাবে তাহলে আমরা জাতীয় লিগ দিয়েই এবারের ঘরোয়া মৌসুম শুরু করব। আশা করছি এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্তটা নিয়ে নিতে পারবো।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24