২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি ধীমান ঘোষ

একাডেমী দলের সঙ্গে তার এখন অস্ট্রেলিয়ায় থাকার কথা। কিন্তু ধীমান ঘোষ এখনো দেশেই আছেন। শনিবার জাতীয় দলের টুয়েন্টি টুয়েন্টি প্রস্তুতি ম্যাচেও খেলেছেন এই উইকেটকিপার। কারণ বৃহষ্পতিবার একাডেমী দলের সঙ্গী হওয়ার জন্য পাসপোর্ট ছিল না তার হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একাডেমী দলের সঙ্গে তার এখন অস্ট্রেলিয়ায় থাকার কথা। কিন্তু ধীমান ঘোষ এখনো দেশেই আছেন। শনিবার জাতীয় দলের টুয়েন্টি টুয়েন্টি প্রস্তুতি ম্যাচেও খেলেছেন এই উইকেটকিপার। কারণ বৃহষ্পতিবার একাডেমী দলের সঙ্গী হওয়ার জন্য পাসপোর্ট ছিল না তার হাতে। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দলে না থাকলেও স্ট্যান্ডবাই তালিকায় নাম আছে তার। দক্ষিন আফ্রিকায় যাওয়ার আগে জাতীয় দল কেনিয়ায় একটা চার জাতির টুর্নামেন্টও খেলে যাবে। দলের একমাত্র উইকেটকিপার মুশফিকুর রহিম দুর্ভাগ্যক্রমে ইনজুরির শিকার হলে বিকল্প হিসেবে ধীমানের কথাই ভাবা আছে। সুতরাং তার দক্ষিন আফ্রিকান ভিসা করে রাখা জরুরী। সেজন্যই মোহাম্মদ আশরাফুলদের পাসপোর্টের সঙ্গে তারটাও এখন ভিসার জন্য জমা আছে দিল্লীর দক্ষিন আফ্রিকান হাইকমিশনে। এজন্যই ২৩ আগস্ট দুপুরে একাডেমী দলের সঙ্গে অস্ট্রেলিয়াগামী ফ্লাইটে ধীমান চড়ে বসতে পারেননি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। এই ঘটনায় বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের অস্ট্রেলিয়া যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়ে গেছে। অবশ্য ২৮ আগস্টের মধ্যে দিল্লী থেকে পাসপোর্ট ফেরত আসলে যেতে পারেন ধীমানও। তেমনই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, "আমি বলবো, ধীমান ও এনামুল দুজনেরই যাওয়ার সম্ভাবনা আছে। এনামুলকে লংগার ভার্সান ম্যাচের জন্য উপযোগী ভাবছি আমরা। আর ধীমানকে ওয়ানডের জন্য। ২৯ তারিখে রওনা করিয়ে দিতে পারলে ধীমান গিয়ে তিনটা ওয়ানডে ম্যাচ পাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২৬ঘ.